৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বাংলাদেশ। বিশ্বমঞ্চে রোহিঙ্গা সংকট, জলবায়ু ও উন্নয়ন ইস্যুতে নেতৃত্বের নতুন সুযোগ।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
বিশেষ প্রতিবেদক : দীর্ঘ চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসে নতুন একটি অধ্যায়ের সূচনা হচ্ছে। ৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ৮১তম সাধারণ পরিষদের এক বছরের অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে সদস্য রাষ্ট্রগুলোর ভোটে খলিলুর রহমান ৮১তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হন। সাইপ্রাসের প্রার্থীকে পেছনে ফেলে তিনি ৯৯ ভোট পান। এর আগে ১৯৮৬-৮৭ সালে ৪১তম সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী। ফলে প্রায় ৪০ বছর পর আবারও এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পদে বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার সুযোগ পেল।
নতুন দায়িত্ব বাংলাদেশের জন্য শুধু একটি আনুষ্ঠানিক কূটনৈতিক অর্জন নয়; এটি আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগও তৈরি করেছে। আগামী এক বছর সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনায় সভাপতির দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশ বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে সংলাপ, সমঝোতা ও বহুপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে ভূমিকা রাখার সুযোগ পাবে।
একই সঙ্গে এই প্ল্যাটফর্মকে দেশের অর্থনীতি, বিনিয়োগ সম্ভাবনা, সংস্কার কার্যক্রম এবং উন্নয়ন অগ্রাধিকার তুলে ধরার ক্ষেত্রেও ব্যবহার করতে পারে ঢাকা। দীর্ঘদিন ধরে বাংলাদেশকে জলবায়ু ঝুঁকি, দুর্যোগ ও রোহিঙ্গা সংকটের মতো চ্যালেঞ্জের সঙ্গে বেশি করে পরিচিত করা হলেও, উদীয়মান অর্থনীতি হিসেবে দেশের সম্ভাবনা ও সক্ষমতা তুলে ধরার সুযোগ এবার আরও বিস্তৃত হবে।
মিয়ানমারের চলমান সংঘাত ও রাখাইন পরিস্থিতির কারণে রোহিঙ্গা সংকটের সমাধান এখনও অনিশ্চিত। বাংলাদেশে দীর্ঘদিন ধরে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গার কারণে অর্থনীতি, পরিবেশ ও স্থানীয় অবকাঠামোর ওপর চাপ বাড়ছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে তাই রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক মনোযোগ আরও জোরালো করার গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছে বাংলাদেশ। অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে রোহিঙ্গা সংকট নিয়ে একটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হবে। সেখানে সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতির দর্শন তুলে ধরার কথা রয়েছে। একই সঙ্গে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের পক্ষে আন্তর্জাতিক সমর্থন বাড়ানোর চেষ্টা থাকবে।
৮১তম সাধারণ পরিষদের মূল প্রতিপাদ্য—‘আস্থার পুনরুদ্ধার এবং বৈশ্বিক সংহতিকে পুনরুজ্জীবিত করা’। এই প্রতিপাদ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থায়ন, টেকসই উন্নয়ন এবং উন্নয়নশীল দেশগুলোর স্বার্থের মতো বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার সুযোগ পাবে।
বিশেষ করে ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিল কার্যকর করা, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য অর্থায়ন বাড়ানো এবং বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর প্রতিনিধিত্ব ও স্বার্থ রক্ষার বিষয়গুলো বাংলাদেশের কূটনীতিতে গুরুত্ব পেতে পারে।
বাংলাদেশ দীর্ঘদিন ধরে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক অর্থায়ন ও প্রযুক্তিগত সহযোগিতার দাবি জানিয়ে আসছে। সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব সেই দাবিগুলোকে আরও বিস্তৃত আন্তর্জাতিক আলোচনার সামনে তুলে ধরার সুযোগ তৈরি করতে পারে।
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন দায়িত্বে বাংলাদেশ বেসামরিক নাগরিকদের সুরক্ষা, সংঘাত নিরসন, মানবিক সহায়তা এবং শান্তিরক্ষার মতো বিষয়ে আলোচনাকে গুরুত্ব দেওয়ার সুযোগ পাবে।
গাজা ও মধ্যপ্রাচ্যের চলমান সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন সংঘাতের প্রেক্ষাপটে সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব সহজ হবে না। ১৯৩ সদস্য রাষ্ট্রের ভিন্ন ভিন্ন অবস্থানের মধ্যে ভারসাম্য বজায় রেখে আলোচনা এগিয়ে নেওয়া এবং মতভেদ কমিয়ে ঐকমত্য তৈরির চেষ্টা হবে সভাপতির অন্যতম প্রধান দায়িত্ব।
এ ক্ষেত্রে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হবে কোনো নির্দিষ্ট পক্ষের অবস্থানকে প্রাধান্য না দিয়ে সাধারণ পরিষদের প্রক্রিয়াকে নিরপেক্ষ ও কার্যকর রাখা।
খলিলুর রহমানের সভাপতিত্বের মেয়াদে জাতিসংঘের নেতৃত্বেও পরিবর্তন আসবে। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৬ শেষ হওয়ার কথা রয়েছে। একই সময় জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়াও এগিয়ে যাবে।
জাতিসংঘের ১০ম মহাসচিব নির্বাচন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল আন্তর্জাতিক প্রক্রিয়া। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমান এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক ভূমিকা পালন করবেন।
তবে সভাপতির পদটি কোনো নির্দিষ্ট দেশের প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ নয়। বরং তাঁর দায়িত্ব হবে সাধারণ পরিষদের কার্যক্রম নিরপেক্ষভাবে পরিচালনা করা এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার পরিবেশ তৈরি করা।
৮ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। এই সময়কালে আন্তর্জাতিক রাজনীতির একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু তাঁর সভাপতিত্বের সামনে আসবে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, গাজা ও মধ্যপ্রাচ্য সংকট, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, টেকসই উন্নয়ন, অভিবাসন এবং মানবিক সংকট—সব ক্ষেত্রেই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে। এসব ইস্যুতে ভারসাম্য বজায় রেখে সাধারণ পরিষদের কার্যক্রম পরিচালনা করাই হবে বড় পরীক্ষা।
অন্যদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরও দ্বিপক্ষীয় কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। জাতিসংঘ অধিবেশনের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে বাংলাদেশের উচ্চপর্যায়ের বৈঠকের সুযোগ তৈরি হবে।
সব মিলিয়ে, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব বাংলাদেশের জন্য যেমন মর্যাদার, তেমনি দায়িত্বেরও। এই দায়িত্বকে শুধু প্রতীকী অর্জন হিসেবে না দেখে রোহিঙ্গা সংকট, জলবায়ু অর্থায়ন, উন্নয়নশীল বিশ্বের স্বার্থ এবং আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার ক্ষেত্রে কার্যকর কূটনৈতিক উদ্যোগে রূপ দিতে পারলেই বাংলাদেশের এই নেতৃত্ব আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে।
কেএইচ











