স্বৈরশাসকদের সাক্ষাৎকার নেওয়া কি সাংবাদিকদের দায়িত্ব?

স্বৈরশাসকদের সাক্ষাৎকার নেওয়া কি সাংবাদিকতার সাহস নাকি প্রচারের সুযোগ? সাদ্দাম থেকে পুতিন—ক্ষমতাধর নেতাদের মুখোমুখি হওয়ার নৈতিক বিতর্কের বিশ্লেষণ।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

নাজমুল হাসান: দীর্ঘদিন ধরে স্বৈরশাসক ও কর্তৃত্ববাদী নেতাদের সাক্ষাৎকার নেওয়া সাংবাদিকতার অন্যতম বিতর্কিত বিষয়। একদিকে, এসব সাক্ষাৎকার ক্ষমতাধর ব্যক্তিদের সরাসরি প্রশ্ন করার বিরল সুযোগ তৈরি করে এবং তাদের বক্তব্য জনসম্মুখে তুলে ধরে। অন্যদিকে, সমালোচকদের প্রশ্ন—এ ধরনের সাক্ষাৎকার কি নিপীড়ক শাসকদের বৈধতা দেওয়ার সুযোগ তৈরি করে?

বিশ্ব সাংবাদিকতার ইতিহাসে সবচেয়ে আলোচিত উদাহরণগুলোর একটি হলো ২০০৩ সালের ফেব্রুয়ারিতে মার্কিন সাংবাদিক ড্যান রাদারের সঙ্গে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের সাক্ষাৎকার।

সে সময় ইরাক সীমান্তে মার্কিন সেনা মোতায়েন ছিল এবং যুদ্ধের পরিস্থিতি ক্রমেই ঘনীভূত হচ্ছিল। সাদ্দাম আন্তর্জাতিক চাপের মুখে কার্যত কোণঠাসা অবস্থায় ছিলেন। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বড় বড় সাংবাদিকরা তার সাক্ষাৎকার নেওয়ার প্রতিযোগিতায় নেমেছিলেন। টম ব্রোকাও, পিটার জেনিংস ও বারবারা ওয়াল্টার্সও এই দৌড়ে ছিলেন।

বহু বছরের যোগাযোগ ও সম্পর্কের মাধ্যমে সাদ্দামের ঘনিষ্ঠ এক সহযোগীর সহায়তায় সাক্ষাৎকারের সুযোগ পান ড্যান রাদার। সাক্ষাৎকারের আগে তিনি দীর্ঘ সময় ধরে প্রশ্ন প্রস্তুত করেন।

সাক্ষাৎকারে রাদার শান্ত ও পেশাদার ভঙ্গিতে সাদ্দামকে প্রশ্ন করেন আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনের সঙ্গে তার সম্পর্ক, ৯/১১ হামলার বিষয়ে তার অবস্থান এবং ইরাকের কথিত গণবিধ্বংসী অস্ত্র নিয়ে।

সাদ্দাম অভিযোগ অস্বীকার করে বলেন, ইরাকের কাছে এ ধরনের কোনো অস্ত্র নেই। তিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে যুদ্ধের বিষয়ে সরাসরি বিতর্কের আহ্বান জানান।

পরে রাদার এই সাক্ষাৎকারের পক্ষে অবস্থান নিয়ে বলেন, বড় কোনো ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরাসরি প্রশ্ন করা সাংবাদিকদের দায়িত্ব।

স্বৈরশাসকদের সাক্ষাৎকারের দীর্ঘ ইতিহাস

কর্তৃত্ববাদী নেতাদের সাক্ষাৎকার নেওয়ার বিষয়টি বহু দশক ধরেই সাংবাদিক মহলে বিতর্ক সৃষ্টি করে আসছে।

ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফাল্লাচি সরাসরি ও কঠোর প্রশ্নের জন্য পরিচিত ছিলেন। তিনি ইরানের আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিসহ বিভিন্ন ক্ষমতাধর নেতার সাক্ষাৎকার নিয়েছিলেন।

অন্যদিকে মার্কিন সাংবাদিক বারবারা ওয়াল্টার্স ভিন্ন পদ্ধতি অনুসরণ করতেন। তিনি ফিদেল কাস্ত্রো ও মুয়াম্মার গাদ্দাফির মতো বিতর্কিত নেতাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করেছিলেন।

মূল প্রশ্নটি সবসময় একই ছিল—মানবাধিকার লঙ্ঘনকারী বা দমনমূলক শাসকদের কি আন্তর্জাতিক প্রচারের সুযোগ দেওয়া উচিত? আর যাদের কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, তাদের নিয়ন্ত্রণের মধ্যেও একজন সাংবাদিক কতটা স্বাধীন থাকতে পারেন?

অ্যাকসেস বনাম স্বাধীনতা

অনেক স্বৈরশাসক নিজেদের ভাবমূর্তি গড়ার কৌশল হিসেবে সাক্ষাৎকার দেন। তারা জানেন, আন্তর্জাতিক গণমাধ্যমে উপস্থিতি তাদের রাজনৈতিক বার্তা ছড়িয়ে দিতে সহায়তা করতে পারে।

তবে অনেক সাংবাদিক মনে করেন, নিয়ন্ত্রিত পরিস্থিতিতেও এসব সাক্ষাৎকার গুরুত্বপূর্ণ তথ্য ও অন্তর্দৃষ্টি দিতে পারে।

১৯৭৮ সালে মার্কিন সাংবাদিক এলিজাবেথ বেকার কম্বোডিয়ার খেমার রুজ নেতা পল পটের সাক্ষাৎকার নেন। সে সময় কম্বোডিয়া বাইরের বিশ্বের কাছ থেকে প্রায় বিচ্ছিন্ন ছিল এবং সেখানে ব্যাপক হত্যাযজ্ঞের অভিযোগ উঠছিল।

বেকারের সফর ছিল কঠোর নিয়ন্ত্রণাধীন। পল পট প্রায় পুরো সাক্ষাৎকারজুড়ে নিজের বক্তব্য দিয়ে যান, খুব বেশি প্রশ্ন করার সুযোগ দেননি।

সফরের পরপরই তার সঙ্গে থাকা ব্রিটিশ শিক্ষাবিদ ম্যালকম ক্যালডওয়েল হত্যাকাণ্ডের শিকার হন। পরে বেকার বলেন, ঝুঁকি থাকলেও সাংবাদিকদের ঘটনাস্থলে গিয়ে সত্যের সাক্ষী হওয়া জরুরি।

তার পরবর্তী অনুসন্ধানী কাজ খেমার রুজের ভয়াবহ শাসন সম্পর্কে বিশ্বকে জানাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্বৈরশাসকদের মানসিকতা বোঝার চেষ্টা

দ্য নিউ ইয়র্কার-এর সাংবাদিক জন লি অ্যান্ডারসন তিন দশকের বেশি সময় ধরে অগাস্টো পিনোশে, মাহমুদ আহমাদিনেজাদ ও হুগো শাভেজের মতো নেতাদের সাক্ষাৎকার নিয়েছেন।

তার মতে, স্বৈরশাসকরা সাধারণত কৌশলগত কারণেই সাক্ষাৎকারে রাজি হন। তবে এর সঙ্গে থাকে আত্মবিশ্বাস, অহংবোধ এবং নিজেদের বক্তব্য দিয়ে মানুষকে প্রভাবিত করার বিশ্বাস।

অ্যান্ডারসন বলেন, কোনো নেতার সাক্ষাৎকার নেওয়ার আগে তিনি তার শৈশব, রাজনৈতিক বিশ্বাস ও ব্যক্তিগত ইতিহাস সম্পর্কে বিস্তারিত গবেষণা করেন। এতে নেতার চিন্তাভাবনা বোঝা সহজ হয় এবং আরও কার্যকর প্রশ্ন করা সম্ভব হয়।

সাক্ষাৎকার যখন মুখোমুখি লড়াই

অনেক সাংবাদিক বিশ্বাস করেন, ক্ষমতাধর নেতাদের কঠিন প্রশ্নের মুখোমুখি করা জরুরি।

সিএনএনের সাংবাদিক ক্রিশ্চিয়ান আমানপুর বরাবরই কঠিন প্রশ্ন করার পক্ষে। ২০২২ সালে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে তার একটি সাক্ষাৎকার হওয়ার কথা ছিল।

তবে রাইসির পক্ষ থেকে সাক্ষাৎকারের সময় আমানপুরকে হিজাব পরার শর্ত দেওয়া হলে তিনি তা প্রত্যাখ্যান করেন। ফলে সাক্ষাৎকারটি বাতিল হয়।

সাবেক ইউনিভিশন উপস্থাপক জর্জ রামোসও মনে করেন, স্বৈরশাসকদের প্রশ্ন করার সুযোগ সাংবাদিকদের কাজে লাগাতে হবে।

২০১৯ সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাক্ষাৎকার নিতে গিয়ে রামোস দেশটির রাজনৈতিক সংকট ও মাদুরোর বৈধতা নিয়ে কঠিন প্রশ্ন করেন। একপর্যায়ে মাদুরো সাক্ষাৎকার বন্ধ করে দেন।

নিরাপত্তাকর্মীরা রামোস ও তার দলের সদস্যদের আটক করে, সরঞ্জাম জব্দ করে এবং তাদের দেশ থেকে বের করে দেয়। পরে সাক্ষাৎকারের একটি কপি ফাঁস হলে তা প্রকাশ্যে আসে।

বদলে যাচ্ছে গণমাধ্যমের বাস্তবতা

সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের উত্থানে স্বৈরশাসক ও সাংবাদিকদের সম্পর্কও বদলে গেছে।

সাংবাদিক জন লি অ্যান্ডারসনের মতে, এখন অনেক নেতা প্রচলিত গণমাধ্যম ছাড়াই নিজেদের বক্তব্য সরাসরি মানুষের কাছে পৌঁছে দিতে পারেন।

সামাজিক যোগাযোগমাধ্যম, পডকাস্ট ও নিয়ন্ত্রিত মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে তারা নিজেদের ভাবমূর্তি নিজেরাই তৈরি করতে পারেন।

২০২৪ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টাকার কার্লসনের সাক্ষাৎকার এ নিয়ে নতুন বিতর্ক তৈরি করে। সমালোচকদের মতে, সেখানে পুতিনকে যথেষ্ট চ্যালেঞ্জ করা হয়নি। তবে অন্যদের মতে, সাক্ষাৎকারটি তার দৃষ্টিভঙ্গি বোঝার সুযোগ দিয়েছে।

বর্তমানে অনেক কর্তৃত্ববাদী নেতা এমন সাক্ষাৎকার বেছে নিচ্ছেন যেখানে দীর্ঘ সময় ধরে কথা বলা যায় এবং কঠোর প্রশ্নের মুখোমুখি হতে হয় না।

সাংবাদিকতার মূল দায়িত্ব

অনেক সাংবাদিকের মতে, স্বৈরশাসকদের সাক্ষাৎকার নেওয়ার উদ্দেশ্য তাদের সমর্থন করা নয়; বরং তাদের বক্তব্য সরাসরি তুলে ধরা, প্রশ্ন করা এবং জনগণের সামনে জবাবদিহি নিশ্চিত করা।

তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—ক্ষমতাধর ব্যক্তিদের কাছ থেকে তথ্য পাওয়ার সুযোগ এবং সাংবাদিকতার স্বাধীনতার মধ্যে ভারসাম্য বজায় রাখা।

স্বৈরশাসকদের সাক্ষাৎকার নিয়ে বিতর্ক তাই এখনো চলমান। প্রশ্নটি থেকেই যাচ্ছে—তাদের কথা সরাসরি শুনে প্রকাশ্যে চ্যালেঞ্জ করা ভালো, নাকি তাদের কোনো প্ল্যাটফর্মই না দেওয়া উচিত?

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ