বাংলাদেশ আর নতজানু রাষ্ট্র হবে না

ভারতের দিল্লিতে বসে ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার ভার্চুয়ালি অপতৎপরতা চালানোর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

ভারতের দিল্লিতে বসে ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার ভার্চুয়ালি অপতৎপরতা চালানোর তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লিভিত্তিক ‘ফরেন করেসপনডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’র ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় শেখ হাসিনাকে প্রধান অতিথি করে বক্তব্য দেওয়ানো হয়, যেখানে তার ছেলে জয়ও যুক্ত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে স্পষ্টভাবে জানিয়েছে, বাংলাদেশের আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামিকে ভারতের মাটিতে বসে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চরম অবমাননা।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকীর দিনটিকে এই উসকানিমূলক বক্তব্যের জন্য বেছে নেওয়া হয়। ঢাকা মনে করে, এই ঘটনা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গুরুতর অপমান এবং ভারতের সঙ্গে নতুন করে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার প্রচেষ্টাকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করবে। এর আগে অনুষ্ঠানটি বন্ধ করতে ভারতকে সতর্ক করা হলেও তা রক্ষা না করায় বাংলাদেশ সরকার গভীর হতাশা প্রকাশ করেছে। এছাড়া ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী একাধিকবার শেখ হাসিনাকে ফেরত চাওয়া সত্ত্বেও ভারতের কোনো ইতিবাচক সাড়া না মেলা অত্যন্ত দুঃখজনক।

ভারত সরকারের পক্ষ থেকে একে ‘বেসরকারি মিডিয়া সংস্থা’র উদ্যোগ বলে দায় এড়ানোর চেষ্টা করা হলেও কূটনৈতিক বাস্তবতায় তা গ্রহণযোগ্য নয়। শেখ হাসিনা অত্যন্ত কড়া নিরাপত্তায় ভারতের রাষ্ট্রীয় হেফাজতে দিল্লিতে বসবাস করছেন। ভারতীয় গোয়েন্দা ও নিরাপত্তা নজরদারি এড়িয়ে তার পক্ষে আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে এভাবে যুক্ত হওয়া প্রশাসনিক অনুমতি বা পরোক্ষ সবুজসংকেত ছাড়া অসম্ভব। আন্তর্জাতিক আইন অনুযায়ী, রাজনৈতিক আশ্রয়দাতা কোনো দেশ বন্ধুভাবাপন্ন প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে নিজ ভূমি ব্যবহার করে রাজনৈতিক তৎপরতা চালানোর সুযোগ দিতে পারে না। অথচ ভারত বারবার শেখ হাসিনাকে সেই সুযোগ করে দিয়ে দ্বিপক্ষীয় আইনি চুক্তির প্রতি উদাসীনতার পরিচয় দিচ্ছে। অতীতেও ভারতীয় কূটনীতিক ও হাইকমিশনাররা তার পক্ষে সাফাই গেয়েছেন।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাফ জানিয়ে দিয়েছেন, ভারত একাধারে ‘হাসিনা কার্ড’ খেলবে এবং একই সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবে—এই দুই নীতি সম্পূর্ণ পরস্পরবিরোধী। তিনি আশা প্রকাশ করেন, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা বন্ধ করবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনীতি ঢাকায় চিরতরে শেষ হয়ে গেছে এবং দিল্লিতে তার দাফন হয়েছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ থাকলেও তিনি বিন্দুমাত্র অনুশোচনা না করে উল্টো উসকানি দিয়ে যাচ্ছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার দ্রুত সম্পন্ন করা হবে।

এর আগে ২০১৮ সালে ব্রিটিশ আইনজীবী লর্ড কারলাইলকে খালেদা জিয়ার আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হলে শেখ হাসিনা সরকার তাকে ভিসা দেয়নি। তখন তিনি দিল্লির ওই একই ক্লাবে সংবাদ সম্মেলন ডাকতে গেলে শেখ হাসিনার অনুরোধে ভারত সরকার তা বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকারের স্পষ্ট পররাষ্ট্রনীতি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর জোরালো অবস্থান দেশের সর্বস্তরে প্রশংসিত হয়েছে। দেশের মানুষ এতদিনকার নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসেছে। বর্তমান সরকারের মূল নীতি হচ্ছে—‘বাংলাদেশ ফার্স্ট’ বা সবার আগে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন, বাংলাদেশ আর কখনোই নতজানু রাষ্ট্র হবে না।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশ একটি নতজানু রাষ্ট্রে পরিণত হয়েছিল। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন বলেছিলেন, “শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে আমি ভারতকে অনুরোধ করেছি” এবং “ভারত-বাংলাদেশের সম্পর্ক স্বামী-স্ত্রীর মতো।”

হাসিনা সরকার ভারতের ট্রানজিট ও করিডোর নিশ্চিত করলেও বাংলাদেশ নেপাল বা ভুটানে যাওয়ার কোনো সুবিধা পায়নি। দেশের প্রধান সমুদ্রবন্দরগুলো ভারতের উত্তর-পূর্বাঞ্চলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল, যা জাতীয় নিরাপত্তার জন্য ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ। অথচ তিস্তা চুক্তির আলোর মুখ দেখেনি, সীমান্তে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যা করা হলেও সরকার টু শব্দটি পর্যন্ত করেনি। শেখ হাসিনা নিজেই গর্ব করে বলেছিলেন, “ভারতকে যা দিয়েছি, তারা আজীবন মনে রাখবে।” আদানি ও রামপাল চুক্তির মাধ্যমে ভারতের স্বার্থ রক্ষা করা হয়েছে। আজ ভারতে বসেও তিনি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন, আর ভারতীয় কর্তৃপক্ষ ও বুদ্ধিজীবীরা ‘হাসিনা কার্ড’ খেলে জনগণের ক্ষোভ বাড়াচ্ছেন।

আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করবে এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এতে সভাপতিত্ব করবেন। বাংলাদেশের সভাপতিত্বেই অনুষ্ঠিত হবে নতুন জাতিসংঘ মহাসচিব নির্বাচন, যার বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। এ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ভাষণ দেবেন। জলবায়ু পরিবর্তন ও এআই শাসনপদ্ধতির মতো বৈশ্বিক বিষয়ে বাংলাদেশ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে।

সরকার গঠনের মাত্র ১৮০ দিনের মধ্যে এই অর্জন বর্তমান সরকারের বড় একটি কূটনৈতিক সাফল্য। গত ২ জুন ২০২৬ সালের নির্বাচনে বাংলাদেশের প্রার্থী ড. খলিলুর রহমান সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করেন। দীর্ঘ ৪০ বছর পর বাংলাদেশ এই গৌরব অর্জন করল। এর আগে ১৯৭৮ সালের ১০ নভেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে বাংলাদেশ প্রথমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের বর্তমান কূটনৈতিক সাফল্য যেন সেই ঐতিহাসিক বিজয়েরই ধারাবাহিকতা।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাসের বৈদেশিক সম্পর্কের মূল মন্ত্র হলো ‘বাংলাদেশ ফার্স্ট’। সরকার অর্থনৈতিক কূটনীতি, শ্রমবাজার সম্প্রসারণ এবং অর্থ পাচার রোধ ও টাকা ফেরতের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম দ্বিপক্ষীয় সফর ছিল চীন ও মালয়েশিয়ায়। চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সঙ্গে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা ও অর্থনৈতিক করিডোরসহ ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হয়েছে। এমনকি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশি গান দিয়ে রিল প্রকাশ করে দ্বিপক্ষীয় বন্ধুত্বের নতুন নজির স্থাপন করেছেন। এছাড়া গ্যাসসংকট নিরসনে সরাসরি ফোনালাপ এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফেরতের ক্ষেত্রে ১০০ দিনের মধ্যে তিন দেশের সঙ্গে চুক্তি সম্পন্ন করা সরকারের বড় সাফল্য।

ভারত বা যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশ এগিয়ে চলেছে। পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ শর্ত ফিরিয়ে আনা, আকাশসীমা রক্ষায় ‘গ্রাউন্ড মাস্টার ৪০০’ রাডার স্থাপন এবং ব্রিকস ও আসিয়ানের জোটে জোরালো অবস্থান তৈরিতে কাজ করছে সরকার। সৌদি আরবের সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক এবং তথ্যপ্রযুক্তিতে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। বিমসটেক ও সার্ক পুনরুজ্জীবনেও বাংলাদেশ জোরালো ভূমিকা রাখছে।

পরিশেষে বলা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ আর কোনো বিদেশি শক্তির ওপর নির্ভরশীল বা ক্লায়েন্ট স্টেট নয়; বরং আত্মমর্যাদাশীল এক স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

পিপল/এনটি


সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ