চীনা এআইয়ের হ্যাকিং দক্ষতায় বদলে যেতে পারে সাইবার নিরাপত্তার চিত্র

সাইবার নিরাপত্তা নিয়ে নতুন এক গবেষণায় দেখা গেছে, কম খরচের চীনা ওপেন-ওয়েট এআই মডেলগুলো জটিল নেটওয়ার্কে অনুপ্রবেশের কাজে উন্নত বদ্ধ মডেলগুলোর কাছাকাছি সক্ষমতা অর্জন করেছে। পরীক্ষায় ডিপসিক ৭৩ শতাংশ লক্ষ্য পূরণ করেছে

News

ছবিঃ সংগ্রহীত


ফেরদৌস আহমেদ খাঁন

ফেরদৌস আহমেদ খাঁন, সাব-এডিটর

প্রকাশ:

এআই মডেলের সক্ষমতা মূল্যায়নকারী প্রতিষ্ঠান Vals কৃত্রিম নেটওয়ার্কে একাধিক ধাপের সাইবার আক্রমণ পরিচালনার মাধ্যমে বিভিন্ন মডেলের দক্ষতা যাচাই করে। পরীক্ষায় মডেলগুলোকে কাল্পনিক করপোরেট নেটওয়ার্কে প্রবেশ, নিরাপত্তার দুর্বলতা শনাক্ত এবং এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে প্রবেশের মতো কাজ দেওয়া হয়।

গবেষণায় দেখা যায়, OpenAI-এর Daybreak নামের উন্নত সাইবার মডেলটি গড়ে ৮১ শতাংশ কাজ সম্পন্ন করেছে। তবে এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত নয়, কেবল নির্দিষ্ট অংশীদারদের ব্যবহারের সুযোগ রয়েছে। অন্যদিকে চীনা ওপেন-ওয়েট মডেল DeepSeek গড়ে ৭৩ শতাংশ লক্ষ্য অর্জন করেছে। কিছু পরীক্ষায় দুই মডেলের ফলাফল ছিল সমান।

খরচেও বড় ব্যবধান

সক্ষমতার পাশাপাশি মডেলগুলোর ব্যবহারের খরচেও উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া গেছে। Vals-এর হিসাব অনুযায়ী, পরীক্ষায় GPT-6-Sol ব্যবহার করে একটি সাইবার আক্রমণ পরিচালনায় টোকেন খরচ হয়েছে প্রায় ১৭ থেকে ৪৬ ডলার। বিপরীতে DeepSeek-এর ক্ষেত্রে খরচ হয়েছে মাত্র ২ থেকে ৩ ডলার।

ওপেন-ওয়েট মডেল নিজস্ব হার্ডওয়্যারে চালানো সম্ভব হওয়ায় সাধারণত এগুলোর ব্যবহার খরচ কম হয়। Vals-এর প্রধান নির্বাহী রায়ান কৃষ্ণানের মতে, সাইবার নিরাপত্তা রক্ষায় নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর জন্যও এসব মডেল ব্যবহারের একটি অর্থনৈতিক প্রণোদনা তৈরি হচ্ছে।

প্রতিষ্ঠানটির গবেষক নিকিল রাভি বলেন, উন্নত এআই মডেলের সক্ষমতা এত দিন নির্দিষ্ট গবেষণাগারের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন উন্মুক্ত মডেলগুলোও সেই পর্যায়ের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। ফলে সাইবার সক্ষমতার ক্ষেত্রে বদ্ধ মডেলগুলোর একচ্ছত্র সুবিধা আর নিশ্চিত থাকছে না।

সাইবার নিরাপত্তায় নতুন উদ্বেগ

চলতি বছর সাইবার নিরাপত্তা খাতে এআইয়ের ব্যবহার দ্রুত বেড়েছে। দুর্বলতা শনাক্ত করা, কোড বিশ্লেষণ এবং নেটওয়ার্কের নিরাপত্তা পরীক্ষা করার মতো কাজে এআই আক্রমণকারী ও প্রতিরক্ষাকারী উভয় পক্ষকেই সহায়তা করছে। এতে নিরাপত্তা ত্রুটি শনাক্তের গতি ও পরিমাণ বেড়েছে, পাশাপাশি সেগুলো সমাধানের চাপও বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ওপেন-ওয়েট মডেলগুলোর সক্ষমতা বাড়ায় সাইবার অপরাধীরা তুলনামূলক কম খরচে উন্নত এআই প্রযুক্তি ব্যবহারের সুযোগ পেতে পারে। তবে বাস্তব সাইবার অপরাধের ক্ষেত্রে অনেক আক্রমণকারী এখনো পুরোনো ও কম সক্ষম মডেল ব্যবহার করছে। ফলে উন্নত মডেলের সক্ষমতা বাড়লেও অপরাধীরা সব সময় সেগুলো ব্যবহার করবে, এমনটি নিশ্চিত নয়।

ক্লাউড নিরাপত্তা প্রতিষ্ঠান Edera-এর সহপ্রতিষ্ঠাতা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা অ্যালেক্স জেনলা মনে করেন, ওপেন-ওয়েট মডেলগুলো বর্তমানে উন্নত সাইবার আক্রমণ ও সফটওয়্যারের দুর্বলতা শনাক্তে যথেষ্ট সক্ষম। বিশেষ করে নিরাপত্তা প্রশিক্ষণ নিষ্ক্রিয় করা হয়েছে এমন পরিবর্তিত মডেলগুলো আরও ঝুঁকি তৈরি করতে পারে।

তবে তাঁর ধারণা, বদ্ধ এআই গবেষণাগারগুলোতে এখনো এমন কিছু উন্নত মডেল রয়েছে, যেগুলো প্রকাশ করা হয়নি। ফলে এআই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সক্ষমতা বাড়ানো এবং নিরাপত্তা নিশ্চিত করার প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, ওপেন-ওয়েট এআই মডেলের দ্রুত উন্নতি সাইবার নিরাপত্তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। আক্রমণকারীদের সক্ষমতা বাড়ার পাশাপাশি প্রতিরক্ষাকারীদেরও আরও দ্রুত দুর্বলতা শনাক্ত ও সমাধানের প্রস্তুতি নিতে হবে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ