ব্রিকস সম্মেলনে ভারতে না গিয়ে কি তারেক রহমান ভুল করলেন?

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অনুপস্থিতি কি বাংলাদেশের কূটনৈতিক ক্ষতি? আমন্ত্রণের প্রেক্ষাপট, ভারতের ভূমিকা ও ব্রিকসের সীমাবদ্ধতা নিয়ে বিশ্লেষণ।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

সোহেল শাহরিয়ার : ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ না দেওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। বিশেষ করে ভারতপন্থী ও আওয়ামী লীগপন্থী মহলের একাংশের প্রচারে এমন ধারণা তৈরি করার চেষ্টা হয়েছে যে, ভারতের আমন্ত্রণ গ্রহণ না করে প্রধানমন্ত্রী বড় ধরনের কূটনৈতিক সুযোগ হাতছাড়া করেছেন। তবে বিষয়টি পর্যালোচনা করলে দেখা যায়, এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশের বড় কোনো কূটনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই।

মূল বিষয়টি হলো, তারেক রহমানকে ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি; আমন্ত্রণটি ছিল বিমসটেকের চেয়ার হিসেবে। বিমসটেকের চেয়ারম্যান পদটি সদস্য দেশগুলোর মধ্যে পর্যায়ক্রমে পরিবর্তিত হয় এবং সেই ধারাবাহিকতায় বর্তমানে বাংলাদেশ এ দায়িত্বে রয়েছে। ফলে তারেক রহমানের আমন্ত্রণের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিপক্ষীয় সফরের বিষয়টি এক করে দেখার সুযোগ নেই।

ভারত যদি প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরে আমন্ত্রণ জানাত, তাহলে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন মাত্রা পেত। রাষ্ট্রীয় মর্যাদায় একটি পূর্ণাঙ্গ সফর দুই দেশের সম্পর্ক, পারস্পরিক আস্থা এবং রাজনৈতিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বার্তা বহন করত। কিন্তু ব্রিকসের সাইডলাইনে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে অংশ নেওয়া মূলত একটি বহুপক্ষীয় কূটনৈতিক আয়োজনের অংশ।

এবারের সম্মেলনে ২৮টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশ নিলেও আমন্ত্রিত সব দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন না। উদাহরণ হিসেবে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সম্মেলনে না গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছেন। একইভাবে উরুগুয়ের পক্ষ থেকেও সরকার বা রাষ্ট্রপ্রধানের পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রী অংশ নেন। ফলে কোনো দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো মানেই তাঁকে অবশ্যই সম্মেলনে উপস্থিত হতে হবে—এমন কোনো কূটনৈতিক বাধ্যবাধকতা নেই।

বাংলাদেশও কখনো বলেনি যে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন না। বরং ঢাকার পক্ষ থেকে বারবার বলা হয়েছে, দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে একটি অনুকূল রাজনৈতিক ও কূটনৈতিক পরিবেশ প্রয়োজন। সে বিবেচনায় ভারত চাইলে আমন্ত্রণের ধরন আরও স্পষ্ট করতে পারত। কিন্তু যে আমন্ত্রণ দেওয়া হয়েছে, সেটি মূলত বিমসটেকের চেয়ার হিসেবে—এ বিষয়টি রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে না এনে বাস্তব কূটনৈতিক প্রেক্ষাপটে দেখা প্রয়োজন।

বরং এবারের ব্রিকস সম্মেলনের মূল অর্জন ও আলোচনার বিষয়গুলো বিশ্লেষণ করলে দেখা যায়, তারেক রহমানের উপস্থিতি বাংলাদেশের জন্য এমন কোনো অপরিহার্য সুযোগ ছিল না, যা অনুপস্থিতির কারণে অপূরণীয় ক্ষতিতে পরিণত হয়েছে।

সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল সদস্য ও অংশীদার দেশগুলোর মতপার্থক্যের মধ্যেও একটি যৌথ ঘোষণা গ্রহণ করা। যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত, ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর ভিন্ন অবস্থান এবং বৈশ্বিক বাণিজ্য ও নিরাপত্তা ইস্যুতে মতবিরোধের কারণে যৌথ ঘোষণাটি নিয়ে শুরু থেকেই অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত সম্মেলনে সংঘাতের ক্ষেত্রে সংযম, কূটনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি একতরফা নিষেধাজ্ঞা, শুল্ক ও অর্থনৈতিক চাপের সমালোচনা করা হয়।

সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকও বিশেষ গুরুত্ব পেয়েছে। দুই দেশের সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য, যোগাযোগ, জনগণের মধ্যে যোগাযোগ এবং বাজারে প্রবেশাধিকার বাড়ানোর মতো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। একইভাবে মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচনায় জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতার বিষয় উঠে এসেছে।

এখানে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে আসে। ভারত নিজস্ব স্বার্থে চীনের সঙ্গে বাণিজ্য ও যোগাযোগ বাড়াতে আগ্রহী এবং রাশিয়ার সঙ্গে জ্বালানি ও প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রাখছে। কিন্তু বাংলাদেশ চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে চাইলে তা নিয়ে ভারতের রাজনৈতিক ও গণমাধ্যমে নানা প্রশ্ন উঠতে দেখা যায়। ফলে আঞ্চলিক কূটনীতিতে প্রত্যেক দেশের নিজস্ব স্বার্থ ও অগ্রাধিকারকে বিবেচনায় নেওয়াই বাস্তবসম্মত।

ব্রিকসের কার্যকারিতা নিয়েও বড় প্রশ্ন রয়েছে। সংগঠনটি প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল পশ্চিমা-নিয়ন্ত্রিত বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক ব্যবস্থার বিকল্প শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা। কিন্তু বাস্তবে ব্রিকস এখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারেনি। চীন যেখানে যুক্তরাষ্ট্রের প্রভাবের বিকল্প একটি বৈশ্বিক ব্যবস্থা গড়ে তুলতে আগ্রহী, সেখানে ভারত চীনের নেতৃত্বাধীন কোনো কাঠামোতে ব্রিকসকে দেখতে চায় না। রাশিয়াসহ অন্য সদস্যদেরও রয়েছে নিজস্ব ভূরাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ।

ব্রিকসের অভিন্ন মুদ্রা চালুর আলোচনা বহু বছর ধরে থাকলেও বাস্তবে এ বিষয়ে বড় কোনো অগ্রগতি হয়নি। একইভাবে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হলেও সেটি এখনো বিশ্বব্যাংক বা আইএমএফের কার্যকর বিকল্প হয়ে উঠতে পারেনি। বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় মার্কিন ডলারের আধিপত্যও এখনো অটুট।

এ কারণে ব্রিকসকে একটি ঐক্যবদ্ধ ও অভিন্ন লক্ষ্যসম্পন্ন জোট হিসেবে দেখার সুযোগ সীমিত। ভারত, চীন, রাশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত—প্রতিটি দেশেরই ব্রিকস নিয়ে আলাদা স্বার্থ ও কৌশল রয়েছে। ফলে দ্বিপক্ষীয় সম্পর্কই অনেক ক্ষেত্রে তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

এই বাস্তবতায় ব্রিকসের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি বাংলাদেশের জন্য একটি অতিরিক্ত কূটনৈতিক সুযোগ হতে পারত—এ কথা বলা যায়। তবে তিনি সেখানে না যাওয়ায় বাংলাদেশের বড় কোনো স্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে বা এমন কোনো সুযোগ হারিয়েছে যা ভবিষ্যতে আর ফিরে পাওয়া যাবে না—এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো ভিত্তি নেই।

বরং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে যদি সরাসরি বাংলাদেশের সরকারপ্রধান হিসেবে রাষ্ট্রীয় বা পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানানো হতো, তাহলে সেটি অবশ্যই গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিষয় হতো এবং তা গ্রহণ করা বাংলাদেশের স্বার্থেই যুক্তিযুক্ত হতে পারত। কিন্তু বিমসটেকের চেয়ার হিসেবে ব্রিকসের সাইডলাইন অনুষ্ঠানে অংশ নেওয়া আর প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফর—দুটি বিষয়কে এক করে দেখলে কূটনৈতিক বাস্তবতা আড়াল হওয়ার ঝুঁকি থাকে।

সুতরাং ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অনুপস্থিতিকে বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দেখার চেয়ে এটিকে একটি নির্দিষ্ট আমন্ত্রণের প্রেক্ষাপটে নেওয়া সিদ্ধান্ত হিসেবে দেখা বেশি যুক্তিসংগত। ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারিত হবে আরও বড় ও সরাসরি দ্বিপক্ষীয় বিষয়—রাজনৈতিক আস্থা, পারস্পরিক স্বার্থ, সীমান্ত, বাণিজ্য, পানি, নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতা—এসবের ওপর। একটি সাইডলাইন সম্মেলনে উপস্থিতি বা অনুপস্থিতি সেই বৃহত্তর সম্পর্কের নির্ধারক নয়।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ