নতুন নিয়োগে কী প্রাণ ফিরবে দুদকে?

দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণকে অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার হিসেবে সামনে রেখেই ক্ষমতায় এসেছে বিএনপি।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণকে অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার হিসেবে সামনে রেখেই ক্ষমতায় এসেছে বিএনপি। নির্বাচনী ইশতেহারে দুর্নীতির সঙ্গে আপস না করার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহি এবং সুশাসন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল দলটি। দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আরও শক্তিশালী ও কার্যকর করার কথাও বলা হয়েছিল।

সরকার দায়িত্ব নেওয়ার প্রায় ছয় মাস পর নতুন কমিশন গঠনের মধ্য দিয়ে দীর্ঘ নেতৃত্বসংকটের অবসান হয়েছে। গত ১৭ আগস্ট দুদকের নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগ দেওয়া হয়। ফলে প্রায় সাড়ে পাঁচ মাস কমিশনবিহীন থাকা সংস্থাটিতে আবারও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সক্রিয় হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

গত ৩ মার্চ দুদকের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন এবং দুই কমিশনার পদত্যাগ করেন। এরপর থেকে নতুন করে দুর্নীতির অনুসন্ধান, মামলা দায়ের, অভিযুক্তদের স্থাবর-অস্থাবর সম্পদ জব্দ, তদন্ত প্রতিবেদন অনুমোদন এবং আদালতে অভিযোগপত্র দাখিলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ কার্যত স্থবির হয়ে পড়ে। কর্মকর্তারা আগের কমিশনের অনুমোদিত অনুসন্ধান ও তদন্তের কাজ চালিয়ে গেলেও তা চলেছে ধীরগতিতে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে ঘোষিত ইশতেহারে দুর্নীতিকে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছিলেন। ইশতেহারে বলা হয়, দুর্নীতির লাগাম টানতে পদ্ধতিগত ও আইনগত সংস্কারের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে।

কিন্তু সরকার দায়িত্ব নেওয়ার মাত্র ১৬ দিনের মাথায় দুদকের শীর্ষ নেতৃত্বের পদত্যাগের পর সংস্থাটিতে নেতৃত্বের শূন্যতা তৈরি হয়। নতুন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি গঠন করতেই সরকারের প্রায় ১১০ দিন সময় লাগে। গত ২২ জুন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে গঠিত বাছাই কমিটিকে দুদকের চেয়ারম্যান ও কমিশনার পদে নিয়োগের জন্য সুপারিশ দিতে বলা হয়। প্রতিটি শূন্য পদের বিপরীতে দুজন করে সম্ভাব্য প্রার্থীর নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয় কমিটিকে।

দুদক আইন অনুযায়ী, তিনজন কমিশনার নিয়ে কমিশন গঠিত হয়। তাঁদের মধ্য থেকে একজন চেয়ারম্যান এবং দুজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এবারই প্রথম সার্চ কমিটি আগ্রহী প্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করে। যাচাই-বাছাই শেষে তাদের সুপারিশের ভিত্তিতে নতুন কমিশন গঠন করা হয়।

নতুন দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া। নতুন কমিশনের সদস্যরা মঙ্গলবার মন্ত্রিপরিষদে গিয়ে যোগদান করেন এবং আজ থেকে দুদকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করার কথা।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান চলতি বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে অবসর নেন। এর আগে তিনি দীর্ঘ সময় হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৯ সালের ১ মার্চ নওগাঁয় জন্ম নেওয়া এ কে এম আসাদুজ্জামান রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে জেলা আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার পর ১৯৮৫ সালে হাইকোর্ট এবং ২০০১ সালে আপিল বিভাগের আইনজীবী হন।

কমিশনার ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি গ্রামের বাসিন্দা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বিকম অনার্স ও এমকম সম্পন্ন করার পর তিনি ব্যবসায় প্রশাসনে পিএইচডি অর্জন করেন। ১৯৯১ সালে বিসিএস ট্যাক্স ক্যাডারে যোগ দেন। ২০২২ সালে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হিসেবে অবসর নেওয়ার পর ২০২৫ সালের মে মাসে তাকে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান করা হয়। সেখান থেকেই তিনি দুদকের কমিশনার হিসেবে নিয়োগ পান।

অপর কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা। ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি কোর্ট অব সেটেলমেন্টের সদস্য (বিচার) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের জুলাইয়ে অবসর নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি ভূতাপেক্ষা সচিব হিসেবে পদোন্নতি পান। গত ১৭ আগস্ট তাকে দুদকের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নতুন কমিশন গঠনের পর দুদকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কাজের গতি ফেরার প্রত্যাশা তৈরি হয়েছে। কর্মকর্তারা বলছেন, কমিশন না থাকায় রুটিন অনুসন্ধান ও তদন্তের কিছু কাজ চালানো গেলেও যেসব সিদ্ধান্তের জন্য কমিশনের অনুমোদন প্রয়োজন, সেগুলো করা সম্ভব হয়নি।

ফলে নতুন মামলা দায়ের, সম্পদ জব্দ, তদন্ত প্রতিবেদন অনুমোদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম আটকে ছিল। কমিশন না থাকায় দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতাও ব্যাহত হয়েছে।

দুদকের এক শীর্ষ কর্মকর্তা বলেন, কমিশন না থাকলেও রুটিন কাজ চলেছে। তবে নতুন সরকার একটি কার্যকর কমিশন গঠন করবে—এমন প্রত্যাশা ছিল। এবার সার্চ কমিটি চেয়ারম্যান ও কমিশনার হতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। তার মতে, সরকার চাইলে সরাসরি নিয়োগ দিতে পারত; কিন্তু একটি স্বচ্ছ ও স্বাধীন কমিশন গঠনের লক্ষ্যেই এই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে যে আপসহীন অবস্থানের কথা বলা হয়েছে, তা বাস্তবায়নের জন্য দুদককে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।

তাঁদের মতে, আগের সরকারের আমলের দুর্নীতির অভিযোগের পাশাপাশি বর্তমান সরকারের সময়ের অভিযোগও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার কার্যকর উদ্যোগও নিতে হবে।

শুধু মামলা দায়ের বা সম্পদ জব্দের সংখ্যা দিয়ে দুর্নীতি দমনে সাফল্য পরিমাপ করা যাবে না। বিদেশে পাচার হওয়া অর্থ শনাক্ত করা, ব্যাংক হিসাব জব্দের আইনি প্রক্রিয়া শুরু করা এবং শেষ পর্যন্ত সেই অর্থ দেশে ফিরিয়ে আনা—এগুলো আলাদা ধাপ। সরকারের কার্যকারিতা বিচার করতে বাস্তবে কত অর্থ দেশে ফেরানো গেল, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

দুদকের সাবেক মহাপরিচালক (লিগ্যাল ও প্রসিকিউশন) এবং সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মঈদুল ইসলাম বলেন, দুদক পুনর্গঠনে ইতোমধ্যে অনেক দেরি হয়েছে এবং যে ক্ষতি হয়েছে, তা পুরোপুরি পূরণ করা সম্ভব নয়। তবে ভবিষ্যতে দুর্নীতি দমন করতে হলে কমিশনকে শক্তিশালী হতে হবে।

তিনি দুর্নীতির মামলার দ্রুত নিষ্পত্তির জন্য পৃথক আদালত গঠনের প্রয়োজনীয়তার কথা বলেন। তাঁর মতে, বর্তমানে দুর্নীতির মামলার নিষ্পত্তির হার মাত্র ৫ শতাংশ। এই গতিতে দুর্নীতি দমন সম্ভব নয়।

মঈদুল ইসলাম বলেন, দুর্নীতি কার্যকরভাবে কমাতে হলে দ্রুত বিচার নিশ্চিত করে অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে।

নতুন কমিশনের সামনে এখন তাই শুধু পুরোনো মামলা ও অনুসন্ধান সচল করার দায়িত্ব নয়; একই সঙ্গে দুদকের স্বাধীনতা নিশ্চিত করা, রাজনৈতিক প্রভাবমুক্তভাবে কাজ করা, দুর্নীতির নতুন অভিযোগ দ্রুত তদন্ত করা এবং পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার মতো কঠিন কাজও রয়েছে। শেষ পর্যন্ত বিএনপির দুর্নীতিবিরোধী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবে কতটা প্রতিফলিত হয়, তার একটি বড় পরীক্ষার ক্ষেত্র হয়ে উঠতে পারে নতুন দুদক কমিশন।

পিপল/এনটি


সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ