বিএনপি সরকার দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। কিন্তু ‘পাবলিক ন্যারেটিভ’ বলে একটা বিষয় আছে। এই যুদ্ধে তারা কি হেরে যাচ্ছে?

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
বিএনপি সরকার দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। কিন্তু ‘পাবলিক ন্যারেটিভ’ বলে একটা বিষয় আছে। এই যুদ্ধে তারা কি হেরে যাচ্ছে?
এটাকে কেন যুদ্ধ বলছি, তার একটা কারণ আছে। কারণ এখন ডিজিটাল প্ল্যাটফর্মের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। আজকাল ‘ন্যারেটিভ’ শব্দটি বেশ আলোচিত হচ্ছে। বলা যেতে পারে, এটি এখন কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। এখানে বেশ কিছু প্রশ্ন উঠতে পারে।
সাম্প্রতিক কয়েকটি ঘটনায় সরকারের যোগাযোগব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে। এর মধ্যে একটি হলো সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) প্রকাশিত একটি তথ্য। একটি সংবাদপত্রের প্রতিবেদনের ভিত্তিতে নিজেদের গবেষণার একটি অংশে সিপিডি জানিয়েছিল, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত প্রায় ৬২ হাজার শ্রমিক বেকার হয়েছেন এবং ৯৫টি কারখানা বন্ধ হয়েছে। পরে তথ্যটির যথার্থতা নিয়ে প্রশ্ন ওঠে এবং সিপিডি তাদের ভুল স্বীকার করে।
তবে এই ভুল স্বীকারের বিষয়টি আগের দাবিটির মতো ব্যাপকভাবে আলোচনায় আসেনি। কারণ, একটি আকর্ষণীয় বা নেতিবাচক তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লেও পরে সেটি সংশোধন করা হলে একই মাত্রায় মানুষের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এখানেই রিয়েল-টাইম ফ্যাক্টচেকিং ও দ্রুত প্রতিক্রিয়ার গুরুত্ব সামনে আসে।
আরেকটি উদাহরণ ঢাকার আমিনবাজারে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প। চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে এ-সংক্রান্ত চুক্তি চূড়ান্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ছড়ায়, সরকার চীনের কাছ থেকে আগের তুলনায় বেশি দামে বিদ্যুৎ কিনবে। অথচ প্রকল্পটির মূল উদ্দেশ্য বর্জ্য ব্যবস্থাপনা এবং এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন একটি বাই-প্রোডাক্ট হিসেবে আসবে। কিন্তু প্রকল্পটির এই মূল বিষয়টি যথাযথভাবে তুলে ধরা না হওয়ায় ভিন্ন একটি ন্যারেটিভ দ্রুত ছড়িয়ে পড়ে।
এ ধরনের ঘটনায় সরকারের যোগাযোগব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। প্রধানমন্ত্রীর প্রেস উইং, প্রেস অফিস কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দ্রুত তথ্য যাচাই করে বিভ্রান্তিকর তথ্যের জবাব দিতে দেখা যাচ্ছে না—এমন অভিযোগ রয়েছে। ফলে বিভিন্ন সিভিল সোসাইটি সংগঠন ও গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে এসব তথ্য চ্যালেঞ্জ করার উদ্যোগ নিতে হচ্ছে।
বর্তমান ডিজিটাল যুগে শুধু সংবাদপত্র বা টেলিভিশনে সংবাদ প্রকাশের পর প্রতিক্রিয়া জানানো যথেষ্ট নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট, ভিডিও বা ফটোকার্ড প্রকাশের পর তা মুহূর্তের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। তাই সরকারের জন্য রিয়েল-টাইম মনিটরিং, দ্রুত তথ্য যাচাই, ন্যারেটিভ অ্যানালাইসিস, ডিজিটাল কনটেন্ট তৈরি এবং জনগণের সঙ্গে কৌশলগত যোগাযোগ জরুরি হয়ে উঠেছে।
বিশেষজ্ঞদের মতে, সব ধরনের সমালোচনাকে মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন হিসেবে বিবেচনা করা যাবে না। রাজনৈতিক বিরোধিতা, বৈধ সমালোচনা, ভুল তথ্য এবং উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্য—এসবের মধ্যে পার্থক্য করতে হবে। অন্যথায় সরকারের বিরুদ্ধে থাকা যেকোনো বক্তব্যকে অপপ্রচার হিসেবে চিহ্নিত করলে উল্টো জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হতে পারে।
ন্যারেটিভের ক্ষেত্রে সময়ও গুরুত্বপূর্ণ। কোনো তথ্য বা বক্তব্য আগে মানুষের কাছে পৌঁছালে সেটিই অনেক সময় ডমিন্যান্ট ন্যারেটিভে পরিণত হয়। পরে সেটি খণ্ডন করা হলেও প্রথম তথ্যের মতো ব্যাপক প্রচার পাওয়া কঠিন। সিপিডির উদাহরণে বিষয়টি স্পষ্ট। শ্রমিক বেকার হওয়ার তথ্যটি ব্যাপকভাবে ছড়ালেও পরে সিপিডির ভুল স্বীকারের খবর তুলনামূলকভাবে কম আলোচনায় এসেছে।
বিএনপির যোগাযোগ কৌশল নিয়ে আরেকটি প্রশ্ন হলো, দলটি এখনো অনেক ক্ষেত্রে প্রোঅ্যাকটিভের বদলে রিঅ্যাকটিভ ভূমিকা পালন করছে কি না। বিশেষ করে জ্বালানি ও বিদ্যুৎ সংকটের মতো বাস্তব সমস্যাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তথ্য ও দাবি ছড়িয়ে পড়ছে। গ্যাসের সংকট, সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন এবং লোডশেডিংয়ের মতো বাস্তব ভোগান্তি থাকায় এসব বিষয়কে কেন্দ্র করে বিভ্রান্তিকর ন্যারেটিভ আরও সহজে মানুষের মধ্যে জায়গা করে নিতে পারে।
এ কারণে যোগাযোগের ব্যর্থতা শুধু বিএনপির রাজনৈতিক ক্ষতির কারণ হতে পারে। অন্যদিকে বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমে ব্যর্থতা বা অদক্ষতার প্রভাব সরাসরি সাধারণ মানুষের ওপর পড়ে। ফলে সরকারের যোগাযোগ কৌশলের দুর্বলতার সঙ্গে সামগ্রিক প্রশাসনিক সক্ষমতার প্রশ্নও যুক্ত হচ্ছে।
সম্প্রতি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির নিয়োগপত্র দেওয়ার অনুষ্ঠানের কিছু ছবি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হয়েছে। ছবির ফ্রেমে প্রধানমন্ত্রী এক পাশে এবং তাঁর প্রেস কর্মকর্তাকে মাঝখানে দেখা যাওয়ায় অনেকে প্রশ্ন তুলেছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত ছবির তুলনায় সরকারি পর্যায় থেকে প্রকাশিত ছবিগুলোর উপস্থাপন নিয়েও সমালোচনা হয়েছে।
এ ধরনের ঘটনা আপাতদৃষ্টিতে ছোট হলেও সরকারের যোগাযোগ কৌশলের ক্ষেত্রে এর গুরুত্ব রয়েছে। কারণ, একটি ছবি, ভিডিও কিংবা পোস্ট কীভাবে মানুষের কাছে উপস্থাপিত হচ্ছে, সেটিও এখন রাজনৈতিক যোগাযোগের অংশ।
সব মিলিয়ে, দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেও জনমতের বয়ান নিয়ন্ত্রণে বিএনপি কতটা সক্ষম—সেটিই এখন বড় প্রশ্ন। সরকারের জন্য শুধু রাজনৈতিক ক্ষমতা ধরে রাখা নয়, দ্রুত তথ্য যাচাই, কার্যকর যোগাযোগ এবং জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার সক্ষমতাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ন্যারেটিভের এই যুদ্ধে বিএনপি যদি প্রোঅ্যাকটিভ ভূমিকা নিতে না পারে, তাহলে সরকারের বিরুদ্ধে তৈরি হওয়া নেতিবাচক বয়ান ধীরে ধীরে আরও শক্তিশালী হতে পারে। আর সেই ন্যারেটিভ মোকাবিলায় ব্যর্থতা শেষ পর্যন্ত সরকারের সামগ্রিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলতে পারে।
পিপল/এনটি












