জিয়া হত্যাকাণ্ড
প্রধান ফটক খোলা ছিল, কক্ষের সামনে প্রহরী ছিল না

জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের উদ্ধার হওয়া প্রতিবেদনে চট্টগ্রাম সার্কিট হাউসের নিরাপত্তাব্যবস্থায় ঘাটতি এবং নথি তৈরিতে অসংগতির তথ্য উঠে এসেছে।

News

ছবিঃ সংগ্রহীত


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্তে ১৯৮১ সালে গঠিত তিন সদস্যের কমিশনের একটি অপ্রকাশিত প্রতিবেদন সম্প্রতি উদ্ধার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। প্রতিবেদনে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতির নিরাপত্তাব্যবস্থায় ঘাটতি, পুলিশের নথি তৈরিতে অসংগতি এবং হত্যাকাণ্ডের পেছনের ষড়যন্ত্র অনুসন্ধানের সীমাবদ্ধতার বিষয় উঠে এসেছে।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হন। এর কয়েক দিন পর, ৬ জুন তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের কাছে প্রতিবেদন জমা দেওয়ার জন্য তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করা হয়। কমিশন ২৫ জুন থেকে সাক্ষ্য গ্রহণ শুরু করে এবং ওই বছরের সেপ্টেম্বরে প্রতিবেদন তৈরি করে। তবে প্রতিবেদনটি এত দিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ও মোজাফফর হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত করতে গিয়ে চট্টগ্রাম থেকে কমিশনের প্রতিবেদনটি উদ্ধার করা হয়েছে।

কমিশনের প্রাথমিক দায়িত্বের মধ্যে হত্যাকাণ্ডের পেছনে ষড়যন্ত্র ছিল কি না, কারা এতে জড়িত ছিলেন, তাঁদের উদ্দেশ্য কী ছিল এবং কারা সহযোগিতা করেছিলেন, তা অনুসন্ধানের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। কিন্তু কমিশন গঠনের পর ১৯৮১ সালের ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যপরিধি থেকে ষড়যন্ত্র অনুসন্ধানের বিষয়টি বাদ দেওয়া হয়। ফলে হত্যাকাণ্ডের পেছনের পরিকল্পনা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করার পূর্ণাঙ্গ অনুসন্ধান কমিশনের আনুষ্ঠানিক দায়িত্বের বাইরে চলে যায়।

তানভীর হাসান জোহা বলেন, এ ঘটনার একজন সাক্ষী মোজাফফর হোসেন এখনো জীবিত আছেন। আইন অনুযায়ী, বেসামরিক আদালতে জিয়াউর রহমান হত্যার মামলাটি চালু করার সুযোগ রয়েছে। মামলাটি চালু করা গেলে তথ্যপ্রমাণের ভিত্তিতে হত্যার পরিকল্পনাকারী, ষড়যন্ত্রকারী এবং হত্যার উদ্দেশ্য সম্পর্কে অমীমাংসিত প্রশ্নগুলোর উত্তর পাওয়া সম্ভব হতে পারে।

সার্কিট হাউসে নিরাপত্তার ঘাটতি

তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়, ১৯৮১ সালের ২৯ মে জিয়াউর রহমানের রাজশাহী সফরের কথা ছিল। তবে ২৫ মে তিনি তাঁর সামরিক সচিবকে রাজশাহীর কর্মসূচি বাতিল করে চট্টগ্রাম সফরের আয়োজন করতে বলেন। সে অনুযায়ী ২৯ মে তিনি চট্টগ্রামে যান।

রাষ্ট্রপতির সফরসূচি সামরিক সচিব তৈরি করেছিলেন। ২৬ মে পুলিশের বিশেষ শাখা (এসবি) ওই কর্মসূচি পায়। এরপর চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের টেলিফোনে নিরাপত্তাব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

কমিশনকে দেওয়া বক্তব্যে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার জানান, রাষ্ট্রপতির নিরাপত্তার প্রধান দায়িত্ব তাঁর ওপর ছিল। তবে বাস্তবে নিরাপত্তার আয়োজন করেছিলেন নগর বিশেষ শাখার তৎকালীন উপপুলিশ কমিশনার আলী মোহাম্মদ ইকবাল। পুলিশ কমিশনারের দাবি ছিল, নিরাপত্তার আয়োজন বিধি অনুসারে করা হয়েছিল এবং তিনি তা অনুমোদন করেছিলেন।

তবে পুলিশের জমা দেওয়া নিরাপত্তাসংক্রান্ত দুটি নথি নিয়ে প্রশ্ন তোলে তদন্ত কমিশন। চট্টগ্রাম নগর বিশেষ শাখার ২৮ মে তারিখের ২৫৪৪ ও ২৫৪৫ নম্বর স্মারক দুটি ২৭ মে স্বাক্ষর করা হয়েছিল বলে দাবি করা হয়। কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, হত্যাকাণ্ডের পর দাপ্তরিক নথি হিসেবে সংরক্ষণের উদ্দেশ্যে এগুলো তৈরি করা হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রপতির চন্দনপুরা মসজিদে জুমার নামাজ পড়ার বিষয়টি আগে থেকে সফরসূচিতে ছিল না। এটি তাৎক্ষণিকভাবে নির্ধারিত হয়েছিল। ফলে ২৭ মে ওই কর্মসূচির জন্য নিরাপত্তাব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল না। নথি তৈরির এই অসংগতির বিষয়টি পুলিশের মহাপরিদর্শক খতিয়ে দেখতে পারেন বলেও কমিশন প্রতিবেদনে উল্লেখ করে।

ক্লোজ প্রটেকশন ও নিরাপত্তাবেষ্টনীতে ঘাটতি

চট্টগ্রাম সার্কিট হাউসের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করে কমিশন দেখতে পায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেওয়া ব্যবস্থা মোটামুটি বিধি অনুসারে হলেও রাষ্ট্রপতিকে কাছ থেকে সুরক্ষা দেওয়ার বা ক্লোজ প্রটেকশনের নীতি যথাযথভাবে অনুসরণ করা হয়নি।

এ ছাড়া পুলিশের বিশেষ শাখার জমা দেওয়া নিরাপত্তাসংক্রান্ত স্মারকগুলোতে রাষ্ট্রপতির অবস্থানস্থলকে পৃথক নিরাপত্তাবেষ্টনী বা আইসোলেশন কর্ডনের মধ্যে রাখার কোনো উল্লেখ পাওয়া যায়নি।

মূল প্রতিবেদন: প্রথম আলোতে প্রকাশিত বিস্তারিত প্রতিবেদন পড়ুন

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ