শ্রমিক অসন্তোষ ও উৎপাদন ব্যাহত হওয়ায় সাভার-আশুলিয়া ও গাজীপুরের ৫৫টি পোশাক কারখানা বন্ধ হয়েছে। আরও ৯২টি কারখানা বন্ধের ঝুঁকিতে রয়েছে।

ছবিঃ সংগ্রহীত

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
শ্রমিক অসন্তোষ, বিশৃঙ্খলা ও উৎপাদন কার্যক্রম ব্যাহত হলে ‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা। ইতিমধ্যে সাভার-আশুলিয়া ও গাজীপুরের ৫৫টি কারখানা শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ করা হয়েছে। উৎপাদন চালু রাখতে না পারায় আরও ৯২টি কারখানা বন্ধের ঝুঁকিতে রয়েছে।
শনিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে তৈরি পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ মতবিনিময় সভা এবং পরবর্তী সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
শ্রম আইনের ১৩(১) ধারায় ‘কাজ নেই, মজুরি নেই’ ভিত্তিতে কারখানা বন্ধ রাখার সুযোগ রয়েছে। এ ধারায় কারখানা বন্ধ থাকলে সংশ্লিষ্ট সময়ের জন্য শ্রমিকেরা মজুরি পান না। তবে শ্রমিকনেতাদের একাংশ বলছেন, নিরাপত্তার কারণে মালিকপক্ষ কারখানা বন্ধ করলে এবং শ্রমিকেরা কাজ করতে প্রস্তুত থাকলে তাঁদের মজুরি দেওয়া উচিত।
নিম্নতম মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার বলেন, যেসব কারখানার শ্রমিকেরা ধর্মঘটে যাননি, বরং নিরাপত্তার কারণে কর্তৃপক্ষ কারখানা বন্ধ রেখেছে, সেসব শ্রমিককে পূর্ণ মজুরি দিতে হবে। তাঁর মতে, এ ধরনের পরিস্থিতিতে ১৩(১) ধারা প্রয়োগ করা বেআইনি।
এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। শনিবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকেরা। পরে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাঁদের সরিয়ে দেয়। প্রায় চার ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
মালিকদের যৌথ সংবাদ সম্মেলনে বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান অভিযোগ করেন, তৈরি পোশাক খাতে নিম্নতম মজুরি নির্ধারণকে কেন্দ্র করে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে অযৌক্তিক মজুরি ঘোষণার চাপ সৃষ্টি করছে।
তিনি বলেন, মজুরি বোর্ড গঠনের পরও কারখানায় বিশৃঙ্খলা ও উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনা ঘটছে। অধিকাংশ শ্রমিক কাজে যোগ দিতে আগ্রহী হলেও কিছু শ্রমিক বাইরের উসকানিতে কারখানার ভেতরে অস্থিরতা তৈরি করছেন বলে অভিযোগ করেন তিনি।
মাহমুদ হাসান খান জানান, সাভার-আশুলিয়া ও গাজীপুরের মোট ১৪৭টি কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। এর মধ্যে ৫৫টি কারখানা ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বাকি ৯২টি কারখানা উৎপাদন চালানোর চেষ্টা করেও পরিস্থিতির কারণে তা সম্ভব করতে পারেনি। এসব কারখানায় প্রায় তিন লাখ শ্রমিক কর্মরত।
তিনি আরও বলেন, কারখানায় ভাঙচুর ও সড়ক অবরোধের মতো ঘটনা চলতে থাকলে মজুরি বোর্ডের আলোচনার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তৈরি হয়। তবে দায়িত্বশীল অবস্থান থেকে মালিকপক্ষ ১৬ নভেম্বর মজুরি বোর্ডের তৃতীয় সভায় অংশ নেবে। আগামী এক থেকে দুই দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।











