জরুরি খরচে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ডিজিটাল ঋণ চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৭, ১৫ ও ৩০ দিনের মেয়াদে মিলবে সুবিধা...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
জরুরি ও প্রয়োজনীয় খরচ মেটাতে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত স্বল্পমেয়াদি ডিজিটাল ঋণ দেওয়ার নতুন ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘ই-পেমেন্ট ক্রেডিট’ নামের এই সুবিধা রোববার (৬ সেপ্টেম্বর) চালু হতে পারে।
বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাময়িক নগদ সংকট মোকাবিলার পাশাপাশি ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়ানোই এই উদ্যোগের প্রধান লক্ষ্য। এ সুবিধার আওতায় যোগ্য গ্রাহকেরা ৫০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।
তবে ঋণের অর্থ হাতে পাওয়া যাবে না। নির্ধারিত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে সরাসরি সংশ্লিষ্ট বিলদাতা বা সেবাদাতাকে অর্থ পরিশোধ করতে হবে। ব্যাংক হিসাব বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) ওয়ালেটে ঋণের অর্থ স্থানান্তরের সুযোগও থাকবে না।
যেসব কাজে ব্যবহার করা যাবে
নতুন এই ডিজিটাল ঋণ ব্যবহার করা যাবে বিদ্যুৎ ও গ্যাসসহ বিভিন্ন ইউটিলিটি বিল পরিশোধে। পাশাপাশি মোবাইল রিচার্জ, শিক্ষা ও চিকিৎসার ব্যয়, ভ্রমণ খরচ, কর ও সরকারি সেবার ফি, ঋণ বা আমানতের কিস্তি এবং বিমার প্রিমিয়াম পরিশোধেও এই অর্থ ব্যবহার করা যাবে।
প্রাথমিকভাবে ব্যাংকগুলো অন্তত ছয় মাস পরীক্ষামূলকভাবে এই কার্যক্রম পরিচালনা করবে। পাইলট প্রকল্পের ফলাফল পর্যালোচনার পর সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে বাণিজ্যিকভাবে সুবিধাটি চালুর পরিকল্পনা রয়েছে।
কত দিনে ঋণ পরিশোধ করতে হবে
গ্রাহকেরা ঋণ পরিশোধের জন্য ৭, ১৫ ও ৩০ দিনের মেয়াদ পাবেন। এ ঋণের ক্ষেত্রে প্রচলিত সুদের পরিবর্তে ব্যাংক নির্ধারিত সেবা ফি নেওয়া হবে।
৫০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ সেবা ফি নির্ধারণ করা হয়েছে—৭ দিনের জন্য ৩ টাকা, ১৫ দিনের জন্য ৪ টাকা এবং ৩০ দিনের জন্য ৬ টাকা।
অন্যদিকে, ৭ হাজার ১ টাকা থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ সেবা ফি হবে ৭ দিনের জন্য ৩৫ টাকা, ১৫ দিনের জন্য ৭০ টাকা এবং ৩০ দিনের জন্য ১৩০ টাকা।
নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধ করলে গ্রাহককে অতিরিক্ত সুদ দিতে হবে না। একই সঙ্গে আগাম ঋণ পরিশোধের জন্য কোনো বাড়তি ফিও নেওয়া যাবে না।
তবে নির্ধারিত সময়ের পর ঋণ পরিশোধ করলে জরিমানা আরোপের সুযোগ থাকবে। সেই জরিমানা সংশ্লিষ্ট ঋণের দৈনিক সেবা ফির চেয়ে বেশি হতে পারবে না।
পুরো প্রক্রিয়াই হবে ডিজিটাল
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, গ্রাহক নিবন্ধন থেকে শুরু করে ঋণ অনুমোদন, অর্থ পরিশোধ এবং ঋণ ফেরত নেওয়া—পুরো প্রক্রিয়া ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করতে হবে।
লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করতে এককালীন পাসওয়ার্ড (ওটিপি), দুই স্তরের নিরাপত্তা যাচাই অথবা একাধিক স্তরের অথেনটিকেশন ব্যবস্থার মতো নিরাপদ প্রযুক্তি ব্যবহার করতে হবে।
এই সেবা পরিচালনায় ব্যাংকগুলো মোবাইল আর্থিক সেবাদাতা, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এবং ফিনটেক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব করতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের ঋণ শ্রেণীকরণ, ঝুঁকি ব্যবস্থাপনা, গ্রাহক সুরক্ষা, অর্থপাচার প্রতিরোধ এবং তথ্যনিরাপত্তা সংক্রান্ত বিদ্যমান নীতিমালার আওতাতেই পরিচালিত হবে নতুন এই ঋণ ব্যবস্থা।
কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, ‘ই-পেমেন্ট ক্রেডিট’ চালু হলে জরুরি প্রয়োজনে মানুষ সহজে ছোট অঙ্কের ঋণ পাওয়ার পাশাপাশি দেশে ডিজিটাল পেমেন্টের ব্যবহারও আরও বাড়বে।
পিপল/এএইচ











