চীনের ইউনান প্রদেশের তরুণ উদ্যোক্তাদের বাংলাদেশে স্বাস্থ্যসেবা, মৎস্য, ওষুধ ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে....

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
চীনের ইউনান প্রদেশের তরুণ উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বিশেষ করে স্বাস্থ্যসেবা, ওষুধ, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য, তথ্যপ্রযুক্তি, হালকা প্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনা বিনিয়োগের সুযোগ রয়েছে বলে তুলে ধরা হয়েছে।
কুনমিংয়ে কুনমিং ইয়াং এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব সম্ভাবনার কথা তুলে ধরেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের প্রথম সচিব (বাণিজ্যিক) রিদওয়ানুর রহমান। বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় ‘বাংলাদেশ অ্যাজ অ্যান ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন’ শীর্ষক উপস্থাপনায় রিদওয়ানুর রহমান বাংলাদেশের বৃহৎ অভ্যন্তরীণ বাজার, তরুণ ও প্রতিযোগিতামূলক শ্রমশক্তি, কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং বিনিয়োগবান্ধব নীতিমালা তুলে ধরেন।
তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে শতভাগ মালিকানা, মুনাফা ও মূলধন প্রত্যাবাসন, কর অবকাশ এবং মূলধনী যন্ত্রপাতি আমদানিতে বিভিন্ন সুবিধা রয়েছে। চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলসহ দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগের সুযোগও রয়েছে। মতবিনিময় সভায় চীনা উদ্যোক্তারা বিশেষভাবে স্বাস্থ্যসেবা ও মৎস্য খাতে আগ্রহ প্রকাশ করেন। তাদের বাংলাদেশে হাসপাতাল, রোগনির্ণয় কেন্দ্র, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ উৎপাদন খাতে চীনা প্রযুক্তি ও বিনিয়োগের মাধ্যমে যৌথ উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
চীনের বাজারে কাঁকড়া ও কুচিয়ার উল্লেখযোগ্য চাহিদার বিষয়টিও তুলে ধরা হয়। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে এসব পণ্যের চাষ, প্রক্রিয়াজাতকরণ ও কোল্ড-চেইন অবকাঠামো গড়ে তুলতে বিনিয়োগের সম্ভাবনা রয়েছে বলে সভায় জানানো হয়।
এ ছাড়া বাংলাদেশ থেকে চীনে কাঁঠাল ও পেয়ারা রপ্তানির বাজার-প্রবেশ প্রক্রিয়া চলমান রয়েছে। এর ফলে ভবিষ্যতে দুই দেশের কৃষিপণ্য বাণিজ্য আরও সম্প্রসারিত হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। সভায় কুনমিং ইয়াং উদ্যোক্তা সমিতির সভাপতি ওউইয়াং জিংগাং, সহসভাপতি সান ওয়েনজি, মহাসচিব লি ইসহ ইউনানের বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন। আলোচনা শেষে দুই পক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ, ব্যবসায়িক প্রতিনিধিদল বিনিময় এবং বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়ে ঐকমত্য হয়।
পিপল/এএইচ











