বাংলাদেশ ব্যাংক
বাংলা কিউআরে লেনদেনে মার্চেন্ট ফি বাতিল

বাংলা কিউআরে মার্চেন্ট ফি বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। ক্ষুদ্র ব্যবসায়ীরা ফি ছাড়াই লেনদেন করতে পারবেন, পাশাপাশি ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনে মিলবে প্রণোদনা।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

বাংলা কিউআর (Bangla QR) লেনদেন জনপ্রিয় করতে মার্চেন্ট ফি বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের বিপরীতে কোনো মার্চেন্ট ফি দিতে হবে না। পাশাপাশি নির্দিষ্ট পরিমাণ লেনদেনে প্রণোদনাও পাবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।

বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন আরও জনপ্রিয় করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর অংশ হিসেবে মার্চেন্টদের কাছ থেকে আদায় করা ফি বাতিল করা হয়েছে।

এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীরা বাংলা কিউআরের মাধ্যমে পণ্য ও সেবা বিক্রির অর্থ গ্রহণ করলে ওই লেনদেনের জন্য কোনো মার্চেন্ট ফি পরিশোধ করতে হবে না। পাশাপাশি ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনে প্রণোদনা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিক্রেতা বা মার্চেন্টসহ টাকা পরিশোধ ব্যবস্থায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট হারে প্রণোদনা দেওয়া হবে। প্রতি ১০০ টাকা লেনদেনের বিপরীতে একুয়ারিং প্রতিষ্ঠান পাবে ১০ পয়সা এবং ইস্যুয়িং প্রতিষ্ঠান পাবে ২০ পয়সা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, মার্চেন্ট পেমেন্ট ব্যবস্থা সহজ করা এবং ক্ষুদ্র ও প্রান্তিক পণ্য ও সেবা বিক্রেতাদের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আওতায় আনতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, এ সিদ্ধান্তের ফলে বাংলা কিউআরের মাধ্যমে লেনদেন আরও উৎসাহিত হবে এবং দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার ও ব্যবহার বাড়বে।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ