সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার দেশের পুঁজিবাজারে রীতিমতো ধস নেমেছে। এই ধস নামার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে বীমা খাতে।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রোববার দেশের পুঁজিবাজারে রীতিমতো ধস নেমেছে। এই ধস নামার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে বীমা খাতে। বীমা খাতের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ওষুধ, বস্ত্র, আইটি, মিউচুয়াল ফান্ডসহ সব খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।
অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমায় প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় পতন হয়েছে। তবে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) দাম কমার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। ফলে কমেছে মূল্যসূচক। একই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।
দিনের লেনদেন শেষে ধস নামলেও এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুেতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মেলে। কিন্তু দুপুর ১২টার পর থেকে বাজারে ধস নামা শুরু হয়।
শুরুতে একের পর এক বীমা কোম্পানির শেয়ার দাম কমতে থাকে। এরপর অন্যান্য খাতেও তার প্রভাব পড়ে। লেনদেনের সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে দরপতনের মাত্রা। ফলে ভালো-মন্দ সব খাতের বেশিরভাগ প্রতিষ্ঠানের দরপতনের পাশাপাশি মূল্যসূচকের ধস দিয়েই শেয়ারবাজারের লেনদেন শেষ হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে মাত্র ৩২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ৩২৪টির এবং ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে, বীমা খাতের দুটি কোম্পানির শেয়ার দাম বাড়ার বিপরীতে ৫৫টির দাম কমেছে। বাকি একটি বীমা কোম্পানির শেয়ার দাম অপরিবর্তিত রয়েছে।
ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ১৭০টির দাম কমেছে এবং ১৩টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৭টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৫টির এবং দুটির দাম অপরিবর্তিত রয়েছে।
বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮৯টির এবং ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে। আর ৪টি মিউচুয়াল ফান্ডের দাম বাড়ার বিপরীতে ২৩টির দাম কমেছে এবং ৭টির দাম অপরিবর্তিত রয়েছে।
দাম কমার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৩ পয়েন্ট কমে ৫ হাজার ৭২২ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট কমে দুই হাজার ১৪৫ পয়েন্টে নেমে গেছে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে এক হাজার ১৪০ পয়েন্টে অবস্থান করছে।
মূল্যসূচকের বড় পতন হলেও ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ৭১১ কোটি ১৪ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬৭১ কোটি ৯৮ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ৩৯ কোটি ১৬ লাখ টাকা।
এই লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার। কোম্পানিটির ৩৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রানার অটোমোবাইলের শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৭১ লাখ টাকার। ২৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফার কেমিক্যালস।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—সায়হাম টেক্সটাইল, শিকদার ইন্স্যুরেন্স, বেক্সিমকো, লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, মালেক স্পিনিং এবং আইপিডিসি ফাইন্যান্স।
অন্য পুঁজিবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৬১ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৪৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৪৯টির এবং ২১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৬ কোটি ৪৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৮ কোটি ৯০ লাখ টাকা।
পিপল/এনটি











