সেপ্টেম্বর থেকে বৈদেশিক মুদ্রার নিলাম, আন্তঃব্যাংক লেনদেন ও গ্রাহক পর্যায়ের প্রতিবেদন এফএক্সএম ব্যবস্থায় করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
দেশের সব তফসিলি ব্যাংককে বৈদেশিক মুদ্রার লেনদেন, আন্তঃব্যাংক বৈদেশিক মুদ্রা লেনদেন, কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নিলাম এবং গ্রাহক পর্যায়ের লেনদেনের প্রতিবেদন নতুন বৈদেশিক মুদ্রা বাজার বা এফএক্সএম ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ ও ট্রেজারি ব্যবস্থাপনা বিভাগ এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এত দিন এসব কার্যক্রমের একটি বড় অংশ ম্যানুয়ালি সম্পন্ন হলেও সেপ্টেম্বর থেকে এফএক্সএম ব্যবস্থার মাধ্যমে তা পরিচালনা করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বৈদেশিক মুদ্রার নিলাম, আন্তঃব্যাংক লেনদেন এবং বৈদেশিক মুদ্রাবাজারের তথ্য সংগ্রহ ও প্রতিবেদন ব্যবস্থাপনার জন্য এফএক্সএম চালু করা হয়েছে। এ ব্যবস্থায় আন্তঃব্যাংক বাজারে স্পট, ফরওয়ার্ড ও সোয়াপ চুক্তিও সম্পন্ন করা যাবে।
কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা নিলামে অংশ নিতে ব্যাংকগুলো নির্ধারিত সময়ের মধ্যে এফএক্সএমে ক্রয় বা বিক্রয় আদেশ দিতে পারবে। নিলামের ফলাফল ও বরাদ্দও একই ব্যবস্থায় জানানো হবে। এরপর সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা ও অর্থের নিষ্পত্তি সম্পন্ন হবে।
আন্তঃব্যাংক লেনদেনের ক্ষেত্রে বিক্রেতা ব্যাংক এফএক্সএমে আদেশ দেবে এবং ক্রেতা ব্যাংক সেটি গ্রহণ করবে। পরে দুই ব্যাংকের ব্যাক অফিসের মাধ্যমে বৈদেশিক মুদ্রা ও অর্থের নিষ্পত্তি করা হবে। সোয়াপ লেনদেনের ক্ষেত্রে নিকটবর্তী ও পরবর্তী উভয় ধাপের নিষ্পত্তিও এফএক্সএমের মাধ্যমে সম্পন্ন করতে হবে। বৈদেশিক মুদ্রাবাজারের তথ্য সংগ্রহ ও রেফারেন্স বিনিময় হার নির্ধারণের জন্য ব্যাংকগুলোকে প্রতিটি কর্মদিবসে গ্রাহক পর্যায়ের বৈদেশিক মুদ্রা লেনদেনের তথ্য তিন ধাপে জমা দিতে হবে। প্রথম ধাপে সকাল ১১টা পর্যন্ত হওয়া লেনদেনের তথ্য সকাল সাড়ে ১১টার মধ্যে এবং দ্বিতীয় ধাপে বিকেল ৪টা পর্যন্ত হওয়া লেনদেনের তথ্য বিকেল সাড়ে ৪টার মধ্যে জমা দিতে হবে। বিকেল ৪টার পর দিনের বাকি সময়ে হওয়া লেনদেনের তথ্য পরবর্তী কর্মদিবসের সকাল ১১টার মধ্যে জমা দেওয়া যাবে।
নির্ধারিত সময়ে কোনো প্রতিবেদনযোগ্য বৈদেশিক মুদ্রা লেনদেন না থাকলেও সংশ্লিষ্ট ব্যাংককে এফএক্সএমে শূন্য প্রতিবেদন জমা দিতে হবে।
রেফারেন্স বিনিময় হার তৈরির জন্য সাধারণভাবে ১ লাখ মার্কিন ডলার বা তার বেশি মূল্যের গ্রাহক পর্যায়ের লেনদেনের তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রবাসী আয় বা মজুরি-ভিত্তিক রেমিট্যান্সের ক্ষেত্রে লেনদেনের পরিমাণ বিবেচনা না করে প্রকৃত লেনদেনের তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এফএক্সএমে নির্ধারিত ছক অনুযায়ী এক্সেল ফাইল আপলোড অথবা পৃথক লেনদেনের তথ্য সরাসরি প্রবেশ করিয়ে প্রতিবেদন জমা দেওয়া যাবে। তথ্য জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদনকারী কর্মকর্তা তা যাচাই করে অনুমোদন করবেন।
বাংলাদেশ ব্যাংকের মতে, নতুন এই ব্যবস্থার ফলে বৈদেশিক মুদ্রাবাজারের লেনদেনে স্বচ্ছতা, গতি, শৃঙ্খলা ও নির্ভুলতা বাড়বে। পাশাপাশি লেনদেন পর্যবেক্ষণ, প্রতিবেদন তৈরি, তথ্য সংরক্ষণ ও নিরীক্ষার সুযোগ আরও কার্যকর হবে এবং ম্যানুয়াল কার্যক্রম ও প্রক্রিয়াগত সময় কমবে।
এফএক্সএম ব্যবহারের সুবিধার্থে ব্যাংকগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য পৃথক পরিচালন নির্দেশিকাও জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
পিপল/এএইচ











