সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে শুল্ক-কর সুবিধা নিশ্চিত করতে নতুন নির্দেশনা দিয়েছে এনবিআর। এতে কাস্টমস জটিলতা কমার আশা করা হচ্ছে...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
সৌরবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় সরঞ্জাম আমদানিতে সরকার ঘোষিত শুল্ক ও কর সুবিধা নিশ্চিত করতে দেশের বিভিন্ন কাস্টমস হাউস ও এলসি স্টেশনকে নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেওয়া শুল্ক-কর সুবিধা যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে সোমবার (১৭ আগস্ট) সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। এনবিআর জানিয়েছে, সৌরবিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় পণ্য আমদানিতে বাজেটে শুল্ক-কর ছাড় দেওয়া হলেও বিভিন্ন কাস্টমস হাউস ও এলসি স্টেশনে পণ্য খালাসের সময় আমদানিকারকদের নানা জটিলতা ও দীর্ঘসূত্রতার মুখে পড়তে হচ্ছে। বিষয়টি স্পষ্ট করতেই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এনবিআরের পরিপত্র অনুযায়ী, মূলধনি যন্ত্রপাতি সংক্রান্ত ২০২৫ সালের ২৯ মে জারি করা প্রজ্ঞাপন এবং নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ সংক্রান্ত ২০২৬ সালের ৮ জুনের প্রজ্ঞাপন—উভয়টিতেই সোলার ফটোভোলটিক (পিভি) মডিউল বা প্যানেল অন্তর্ভুক্ত রয়েছে। এসব পণ্যের এইচএস কোড ৮৫৪১.৪৩.০০।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো আমদানিকারক একটি বিল অব এন্ট্রিতে সৌরবিদ্যুৎ উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক পণ্য ঘোষণা করলে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে সোলার প্যানেলের ক্ষেত্রে মূলধনি যন্ত্রপাতি সংক্রান্ত প্রজ্ঞাপনে নির্ধারিত সিপিসি এবং অন্যান্য পণ্যের ক্ষেত্রে নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ সংক্রান্ত প্রজ্ঞাপনে নির্ধারিত সিপিসি ব্যবহার করে পণ্য খালাস করা যাবে। সোলার ইনভার্টার নিয়েও ব্যাখ্যা দিয়েছে এনবিআর। সংস্থাটি জানিয়েছে, ২০২৬ সালের ৮ জুন জারি করা প্রজ্ঞাপনের টেবিল-১-এ সোলার ইনভার্টারের ক্ষেত্রে ভুলবশত ৮৫০৪.৪০.৪০-এর পরিবর্তে ৮৫০৪.৪০.৯০ এইচএস কোড উল্লেখ করা হয়েছে। তবে এ ক্ষেত্রে পণ্যের বর্ণনাকে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে এনবিআর। ফলে সোলার ইনভার্টার আমদানির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে নির্ধারিত শুল্ক ও কর রেয়াত সুবিধা বহাল থাকবে। এনবিআরের এই স্পষ্টীকরণের ফলে সৌরবিদ্যুৎ উৎপাদনের সরঞ্জাম আমদানিতে বিদ্যমান জটিলতা কমার পাশাপাশি পণ্য খালাসের প্রক্রিয়াও সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পিপল/এএইচ











