আইএমএফের শর্ত থেকে সরে আসছে সরকার

আইএমএফের নতুন ঋণচুক্তির আলোচনায় কয়েকটি কঠোর শর্ত থেকে নমনীয় অবস্থানে সরকার। জনস্বার্থ ও অর্থনৈতিক স্থিতিশীলতার মধ্যে ভারসাম্যই এখন বড় চ্যালেঞ্জ।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

বিশেষ প্রতিবেদক : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণচুক্তির আলোচনা সামনে রেখে বাংলাদেশের অর্থনৈতিক নীতিতে একটি গুরুত্বপূর্ণ টানাপোড়েন তৈরি হয়েছে। সংস্থাটির দেওয়া কয়েকটি মৌলিক শর্ত বাস্তবায়নে সরকার আগের তুলনায় নমনীয় অবস্থান নিচ্ছে। বিশেষ করে ডলারের বিনিময় হার পুরোপুরি বাজারনির্ভর করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর মুদ্রানীতি অব্যাহত রাখা, সুদের হার না কমানো, জ্বালানি ও বিদ্যুতের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় এবং ভর্তুকি কমানোর মতো শর্তগুলো নিয়ে সরকারের অবস্থান আইএমএফের প্রত্যাশার সঙ্গে পুরোপুরি মিলছে না।

সরকারের যুক্তি, অর্থনৈতিক সংস্কারের নামে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, যা সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে বা দেশের স্বার্থের পরিপন্থি হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীও একাধিক অনুষ্ঠানে বলেছেন, দেশের স্বার্থবিরোধী কোনো শর্ত মেনে আইএমএফের সঙ্গে ঋণচুক্তি করবে না সরকার। ফলে নতুন ঋণচুক্তির আলোচনায় অর্থনৈতিক সংস্কার ও জনস্বার্থের মধ্যে ভারসাম্য রক্ষা করাই সরকারের বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে।

সূত্র জানায়, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর নতুন ঋণ সহায়তা চেয়ে আইএমএফের কাছে চিঠি দিয়েছে। একই সঙ্গে আগের সরকারের করা ঋণচুক্তি বাতিল করে নতুন চুক্তির দিকে এগোচ্ছে সরকার। এর অংশ হিসেবে আইএমএফের একটি মিশন ১২ থেকে ১৬ জুলাই ঢাকা সফর করে দেশের সামগ্রিক অর্থনীতির তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। এসব তথ্য বিশ্লেষণের পর নতুন ঋণের জন্য সম্ভাব্য শর্ত নির্ধারণ করবে সংস্থাটি। আগামী ১২ থেকে ১৮ অক্টোবর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভার সাইডলাইনে এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা হওয়ার কথা। সেখানেই নতুন ঋণচুক্তির কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে।

বর্তমানে বাংলাদেশের সঙ্গে আইএমএফের নতুন কোনো ঋণচুক্তি নেই। আগের আওয়ামী লীগ সরকারের সময় করা চুক্তি নতুন সরকার আলোচনার মাধ্যমে বাতিল করেছে। তবে আগের ঋণের কোনো কিস্তি পরিশোধ বাকি থাকলে সংশ্লিষ্ট শর্তগুলোর প্রভাব পুরোপুরি শেষ হয়ে যায় না। ফলে নতুন চুক্তি না হলেও পুরোনো সংস্কার প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে আইএমএফের সঙ্গে সরকারের আলোচনার প্রয়োজন থাকছে।

ডলারের বিনিময় হার নিয়ে সরকারের অবস্থান এ টানাপোড়েনের একটি স্পষ্ট উদাহরণ। আইএমএফ চায়, বৈদেশিক মুদ্রার বাজারে কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি হস্তক্ষেপ কমিয়ে বিনিময় হারকে বাজারের চাহিদা ও জোগানের ওপর ছেড়ে দেওয়া হোক। কিন্তু ডলারের দাম দ্রুত বেড়ে গেলে আমদানি ব্যয়, মূল্যস্ফীতি ও ভোক্তার ক্রয়ক্ষমতার ওপর চাপ বাড়তে পারে—এমন আশঙ্কায় কেন্দ্রীয় ব্যাংক বাজারে নজরদারি ও নিয়ন্ত্রণ জোরদার করছে। আগস্টের শুরুতে আন্তঃব্যাংক বাজারে ডলারের দাম ১২৩ টাকা ৮২ পয়সার মধ্যে রাখার বিষয়ে ব্যাংকগুলোকে মৌখিক নির্দেশনার কথাও জানা গেছে। পরে দাম কমে ১২২ টাকা ৭৭ পয়সায় নেমে আসে।

মূল্যস্ফীতির চাপের মধ্যেও সরকার মুদ্রানীতি কিছুটা শিথিল করার পথে হাঁটছে। আগস্টের শুরুতে নীতি সুদের হার কমানো হয়েছে এবং ঋণের সুদ কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এর পেছনে মূল যুক্তি হলো—উচ্চ সুদের কারণে বেসরকারি বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণ বাধাগ্রস্ত হচ্ছে। উদ্যোক্তাদের দীর্ঘদিনের দাবিও ছিল সুদের হার কমানোর। কিন্তু আইএমএফের দৃষ্টিতে মূল্যস্ফীতি সন্তোষজনক পর্যায়ে না নামা পর্যন্ত কঠোর মুদ্রানীতি বজায় রাখাই বেশি গুরুত্বপূর্ণ। ফলে প্রবৃদ্ধি বাড়াতে সুদ কমানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর নীতি—দুই লক্ষ্যকে একই সঙ্গে সামলাতে হচ্ছে সরকারকে।

জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয়ের বিষয়টিও সরকারের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে স্পর্শকাতর। আইএমএফের শর্ত অনুযায়ী এসব পণ্যের মূল্য নির্ধারণে বাজারভিত্তিক ব্যবস্থা এবং ভর্তুকি কমানোর ওপর জোর রয়েছে। কিন্তু এসব ক্ষেত্রে দ্রুত দাম বাড়ালে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যেতে পারে। তাই সরকার এখন পর্যন্ত এ বিষয়ে বড় ধরনের কঠোর পদক্ষেপ নেয়নি। অর্থাৎ আইএমএফের আর্থিক শৃঙ্খলা এবং সরকারের জনবান্ধব নীতির মধ্যে দ্বন্দ্বটি এখানে সবচেয়ে স্পষ্ট।

বৈদেশিক মুদ্রার রিজার্ভের হিসাব প্রকাশ ও ব্যাংক খাতের খেলাপি ঋণ নিয়েও আইএমএফের প্রত্যাশা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বর্তমানে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট রিজার্ভের হিসাব প্রকাশ করা হচ্ছে না। গ্রস রিজার্ভের পাশাপাশি বিভিন্ন তহবিলে বিনিয়োগ করা অর্থ বাদ দিয়ে আরেকটি হিসাব প্রকাশ করা হচ্ছে। সর্বশেষ হিসাবে গ্রস রিজার্ভ ৩৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার এবং বিনিয়োগ করা অর্থ বাদ দিলে রিজার্ভ ৩১ দশমিক ৬০ বিলিয়ন ডলার।

অন্যদিকে ব্যাংক খাতে খেলাপি ঋণ কমানোর উদ্যোগও বড় চ্যালেঞ্জ হয়ে আছে। আগের সরকারের সময়ে বিতর্কিতভাবে বিতরণ করা ঋণের একটি বড় অংশ এখন খেলাপি হিসেবে চিহ্নিত হওয়ায় মোট খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। ফলে ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে সংস্কার, পুনঃমূলধনীকরণ এবং ঋণ আদায়ের পাশাপাশি রাজনৈতিক ও প্রশাসনিক সদিচ্ছারও প্রয়োজন হচ্ছে।

সব মিলিয়ে সরকারের সামনে এখন দ্বৈত চাপ। একদিকে আইএমএফের নতুন ঋণ পেতে হলে অর্থনৈতিক সংস্কার ও আর্থিক শৃঙ্খলার বিষয়ে গ্রহণযোগ্য অগ্রগতি দেখাতে হবে; অন্যদিকে এসব সংস্কারের কারণে মূল্যস্ফীতি, জ্বালানি ব্যয় ও ঋণের খরচ বাড়িয়ে জনজীবনে নতুন চাপ তৈরি হলে সরকারের রাজনৈতিক ও সামাজিক ঝুঁকি বাড়তে পারে।

তাই আইএমএফের সঙ্গে আসন্ন আলোচনায় বাংলাদেশের অবস্থান শুধু নতুন ঋণের পরিমাণ বা শর্ত নিয়ে সীমাবদ্ধ থাকবে না। বরং কতটা সংস্কার দ্রুত বাস্তবায়ন করা হবে এবং কোন কোন ক্ষেত্রে দেশের অর্থনৈতিক ও সামাজিক বাস্তবতার ভিত্তিতে ছাড় চাওয়া হবে—সেটিই আলোচনার মূল বিষয় হয়ে উঠতে পারে। সরকারের জন্য চ্যালেঞ্জ হবে এমন একটি সমঝোতা তৈরি করা, যাতে বৈদেশিক অর্থায়নের সুযোগ বজায় থাকে, আবার অর্থনৈতিক সংস্কারের বোঝাও অতিরিক্তভাবে সাধারণ মানুষের ওপর না পড়ে।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ