স্থানীয় নির্বাচনে এককভাবে লড়তে প্রস্তুতি নিচ্ছে এনসিপি

তৃণমূলের স্থানীয় নির্বাচনে এককভাবে লড়ে চমক দেখাতে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি); চলছে প্রার্থী বাছাই ও কমিটি গঠন...

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

জাতীয় রাজনীতির গণ্ডি পেরিয়ে এবার তৃণমূলের স্থানীয় নির্বাচনে এককভাবে লড়ে নিজেদের অবস্থান পাকাপোক্ত করতে চায় তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই লক্ষ্যে বিভিন্ন জেলায় সাংগঠনিক সফর, গতিশীল কমিটি গঠন এবং সম্ভাবনাময় প্রার্থী বাছাইয়ের কাজ পুরোদমে শুরু করেছে দলটি।

স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল বা দিনক্ষণ এখনো চূড়ান্ত না হলেও, অগ্রিম প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে দেশের ১০০টি উপজেলা ও পৌরসভায় নিজেদের প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। পাশাপাশি আগামী অক্টোবর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে দলটির।

প্রার্থী নির্বাচনের কৌশলে গতানুগতিক ধারার বাইরে হাঁটার ইঙ্গিত দিয়েছেন দলটির শীর্ষ নেতারা। তারা জানান, তরুণদের পাশাপাশি স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্ন, অভিজ্ঞ ও সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিত্বদের গুরুত্ব দেওয়া হচ্ছে।

দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, "যদিও স্থানীয় নির্বাচনে মার্কাভিত্তিক প্রতীক থাকছে না, ফলে এটি যেমন চ্যালেঞ্জের, তেমনি আমাদের জন্য বড় সুযোগ। আমরা ইউনিয়ন পর্যায়ে সমীহ জাগানোর মতো প্রার্থী খুঁজছি এবং ভালো সাড়া পাচ্ছি।"

প্রার্থী বাছাইয়ের মানদণ্ড নিয়ে এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম জানান, নির্বাচনে জয়ের সম্ভাবনা, গ্রহণযোগ্যতা এবং ভোট পাওয়ার ক্ষমতাই মূল বিবেচ্য। তিনি স্পষ্ট করেন, "যেকোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের নিরপরাধ ও ভালো মানুষ যদি এনসিপি থেকে লড়তে চান, আমরা তাকেই সমর্থন দেব।"

নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি প্রান্তিক পর্যায়ে সাংগঠনিক ভিত্তি মজবুত করাকেও প্রাধান্য দিচ্ছে এনসিপি। যৌথ কৌশলের অংশ হিসেবে চলতি সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় এবং অক্টোবরের মধ্যে প্রতিটি ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া আগামী বছরের মধ্যে অন্তত ৬০ শতাংশ ওয়ার্ডে কমিটি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে দলটির।

তবে জোরেশোরে নির্বাচনী মাঠে নামলেও নিরপেক্ষ নির্বাচন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এনসিপি নেতারা। নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করে সারজিস আলম বলেন, "সরকারের একজন প্রতিমন্ত্রীর কথায় যদি চব্বিশ ঘণ্টার মধ্যে ইসির সিদ্ধান্ত বদলে যায়, তবে এই কমিশনের অধীনে স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় নির্বাচন আশা করা কঠিন।"

প্রতিষ্ঠার মাত্র দেড় বছরের মাথায় রাজনৈতিক মেরুকরণের মাঝে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় নাগরিক পার্টি তৃণমূলের নির্বাচনে কতটুকু প্রভাব ফেলতে পারে, তা দেখতে মুখিয়ে আছে দেশের রাজনৈতিক মহল।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ