কঙ্গোতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাব, মৃত্যু ২৬৪২

ডিআরসিতে ভয়াবহ ইবোলা প্রাদুর্ভাবে ৫৫১৫ জন আক্রান্ত ও ২৬৪২ জনের মৃত্যু হয়েছে। সংঘাত ও চিকিৎসা সংকটে বাড়ছে উদ্বেগ...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআরসি) ইবোলা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ নিয়েছে। সর্বশেষ সরকারি হিসাবে দেশটিতে ৫ হাজার ৫১৫ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২ হাজার ৬৪২ জন।

রোববার প্রকাশিত তথ্য অনুযায়ী, ইতুরি ও নর্থ কিভু প্রদেশে নতুন করে ৫১ জনের শরীরে ইবোলা শনাক্ত হয়েছে। চলমান প্রাদুর্ভাবকে ডিআরসির ইতিহাসের অন্যতম প্রাণঘাতী ইবোলা সংকট হিসেবে দেখা হচ্ছে।

গত মে মাসের মাঝামাঝি বর্তমান প্রাদুর্ভাবের ঘোষণা দেয় ডিআরসি। এটি দেশটির ইতিহাসে ১৭তম ইবোলা প্রাদুর্ভাব। পরিস্থিতির অবনতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আন্তর্জাতিক উদ্বেগজনক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রতিবেশী উগান্ডাকেও সতর্কতার আওতায় রাখা হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, প্রাদুর্ভাবের শুরুতে মৃত্যুহার তুলনামূলকভাবে কম থাকলেও পরবর্তী সময়ে তা দ্রুত বেড়েছে। সর্বশেষ হিসাবে মৃত্যুহার ৪৮ শতাংশের কাছাকাছি পৌঁছেছে বলে জানানো হয়েছে।

ইবোলা মোকাবিলায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীরাও ঝুঁকিতে রয়েছেন। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ১৬০ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে প্রায় ৪৫ জন মারা গেছেন। আক্রান্ত এলাকাগুলোতে চলমান সশস্ত্র সংঘাত ইবোলা নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কঠিন করে তুলেছে। সংঘাতের কারণে মানুষের বাস্তুচ্যুতি, স্বাস্থ্যকেন্দ্র ও চিকিৎসাকর্মীদের ওপর হামলা এবং প্রয়োজনীয় অবকাঠামোর ঘাটতি চিকিৎসাসেবা পৌঁছাতে বাধা সৃষ্টি করছে।

এ ছাড়া কর্মসংস্থানসহ বিভিন্ন কারণে মানুষের এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচলও সংক্রমণ নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

বুন্দিবুগিও ধরনের বিরুদ্ধে নেই অনুমোদিত টিকা

বর্তমান প্রাদুর্ভাবে ইবোলার তুলনামূলকভাবে বিরল ‘বুন্দিবুগিও’ ধরন শনাক্ত হয়েছে। এই ধরনের ভাইরাসের বিরুদ্ধে এখনো কোনো অনুমোদিত টিকা বা নির্দিষ্ট চিকিৎসা নেই।তবে ডব্লিউএইচও ডিআরসিকে ৭০ হাজার ডোজ ‘এরভেবো’ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ইবোলার অন্যান্য ধরনের বিরুদ্ধে অনুমোদিত এই টিকা অতীতের বিভিন্ন প্রাদুর্ভাবে কার্যকর প্রমাণিত হয়েছে।

ডব্লিউএইচওর মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুসসহ সংস্থাটির কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিআরসিতে চলমান কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন। আক্রান্ত এলাকাগুলোতে দ্রুত চিকিৎসা, রোগ শনাক্তকরণ, স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আবদুসসালামি নাসিদি সতর্ক করে বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাঁর মতে, সংকটটি এখন শুধু জাতীয় বা আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ নেই; এটি বৈশ্বিক উদ্বেগে পরিণত হয়েছে।

এদিকে রোববার ভ্যাটিকানে প্রার্থনার সময় ডিআরসির ইবোলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পোপ লিও। তিনি সংক্রমণ প্রতিরোধে স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকরভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ