বাংলাদেশে প্রথমবার ‘ইমোশনাল ডোনার’-এর মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। নতুন সম্ভাবনার দ্বার খুলেছে কিডনি চিকিৎসায়।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’-এর মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করেছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। এর ফলে নিকট পরিবারের সদস্য বা আত্মীয়ের বাইরে স্বেচ্ছায় কিডনি দানের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
তিনি বলেন, দেশে প্রথমবারের মতো ইমোশনাল ডোনারের মাধ্যমে কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। আইনগত শর্ত পূরণ সাপেক্ষে নিকট আত্মীয়ের বাইরেও স্বেচ্ছায় কেউ কিডনি দান করতে পারবেন বলে জানান তিনি।
উপাচার্য বলেন, ইমোশনাল ডোনার হিসেবে কেউ কিডনি দিতে চাইলে তাঁর বিষয়ে বিভিন্ন দিক যাচাই-বাছাই করা হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলো আইনগত বিষয়গুলো পরীক্ষা করবে। পাশাপাশি বিএমইউর একটি বিশেষায়িত দল সম্ভাব্য ডোনারের চিকিৎসা-সংক্রান্ত তথ্য ও অন্যান্য জটিল বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।
তিনি স্পষ্ট করে বলেন, কিডনি দানের ক্ষেত্রে কোনো ধরনের অর্থ লেনদেন করা যাবে না। ডোনার প্রকৃত অর্থে স্বেচ্ছায় কিডনি দিচ্ছেন কি না, সেটিও যাচাই করা হবে।
দীর্ঘদিন বিভিন্ন জটিলতার কারণে দেশে কিডনি প্রতিস্থাপন কার্যক্রম বাধাগ্রস্ত হলেও এখন থেকে নিয়মিতভাবে কিডনি রোগীদের প্রতিস্থাপন সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিএমইউ উপাচার্যের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়টিতে মোট ছয়টি কিডনি প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে।
কেএইচ











