দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির এক ভয়াবহ রূপ ধারণের আশঙ্কা প্রকাশ করেছেন দেশের শীর্ষস্থানীয় কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্যবিদরা। একই সঙ্গে হঠাৎ করে হাম এবং ডেঙ্গুর জোড়া

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
নিজস্ব প্রতিবেদক: দেশে ডেঙ্গুর প্রকোপ এ বছর উদ্বেগজনক পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। একই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের মতে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ইতোমধ্যে অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছে। এর মধ্যে ডেঙ্গুর সংক্রমণ বাড়লে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অধিকাংশ সরকারি হাসপাতালে শয্যাসংখ্যার তুলনায় প্রায় দ্বিগুণ রোগী চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনা, অসংক্রামক রোগ এবং হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা চলমান থাকায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। এর মধ্যেই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে শুরু করায় চিকিৎসাসেবা পরিচালনা কঠিন হয়ে পড়ছে।
দেশের বৃহত্তম চিকিৎসা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তারা জানান, ২ হাজার ৬০০ শয্যার এ হাসপাতালে প্রতিদিন পাঁচ হাজারেরও বেশি রোগী চিকিৎসা নিচ্ছেন। হাম ও ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের প্রায় সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হচ্ছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালে পৃথক কর্নারের ব্যবস্থা রাখা হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হামে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ৭২৯ জন। একই সময় পর্যন্ত ডেঙ্গুতে নতুন করে ১৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৪৫৮ জন এবং মারা গেছেন ১৯ জন। তবে গত এক সপ্তাহে ডেঙ্গুতে আরও কয়েকজনের মৃত্যুর অভিযোগ থাকলেও তাদের নাম অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের তালিকায় অন্তর্ভুক্ত হয়নি।
বিশেষজ্ঞদের মতে, রাজধানীর তুলনায় ঢাকার বাইরের জেলা ও উপজেলা পর্যায়ে ডেঙ্গুর ঝুঁকি বেশি। বিভিন্ন এলাকায় এডিস মশার ব্যাপক বংশবিস্তার হওয়ায় গ্রামাঞ্চলে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে। গত বছর বরগুনাকে দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ডেঙ্গু হটস্পট হিসেবে শনাক্ত করা হয়েছিল। সে সময় গ্রামীণ এলাকায় এডিস মশার বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বেশ কয়েকটি সুপারিশ করলেও সেগুলোর অধিকাংশই বাস্তবায়িত হয়নি।
আইইডিসিআরের কীটতত্ত্ববিদ অধ্যাপক ড. গোলাম ছারোয়ার বলেন, দেশব্যাপী এডিস মশার ঘনত্ব নিরূপণে জরুরি ভিত্তিতে বিশেষ কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। তার মতে, মশক নিধন কার্যক্রম জোরদার না করলে এ বছর বিশেষ করে গ্রামাঞ্চলে ডেঙ্গুর সংক্রমণ ব্যাপক আকার ধারণ করতে পারে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক-বর্ষা কীটতাত্ত্বিক জরিপে রাজশাহী নগরীতে এডিস মশার প্রজনন উদ্বেগজনক মাত্রায় পৌঁছানোর তথ্য উঠে এসেছে। জরিপে দেখা যায়, নগরীর এডিস প্রজনন সূচক বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত উচ্চ ঝুঁকির সীমার অনেক ওপরে রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে বর্ষা মৌসুমে রাজশাহীতে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. বেনজির আহমেদ বলেন, রাজধানীর তুলনায় ঢাকার বাইরের এলাকাগুলোতে ডেঙ্গুর ঝুঁকি বেশি। তাই দ্রুত মশক নিধন কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেন তিনি। একই মত প্রকাশ করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোস্তাক হোসেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল) ডা. আবু হোসেন মোহাম্মদ মইনুল আহাসান জানান, দেশব্যাপী ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সিটি করপোরেশন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের সঙ্গে একাধিক সমন্বয় সভা করে এডিস মশা নিধনে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।











