খাবার খাওয়ার পর বমি বমি ভাবের কারণ হতে পারে গ্যাস, সংক্রমণ, খাদ্যবিষক্রিয়া, অ্যালার্জি বা গর্ভাবস্থা। কখন চিকিৎসা জরুরি জেনে নিন...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
খাবার খাওয়ার পর বমি বমি ভাব বা পেটে অস্বস্তি অনেকেরই হয়ে থাকে। অতিরিক্ত খাবার খাওয়ার মতো সাধারণ কারণের পাশাপাশি খাদ্যবিষক্রিয়া, সংক্রমণ, অ্যাসিড রিফ্লাক্স, খাবারে অ্যালার্জি কিংবা গর্ভাবস্থার মতো কারণেও এমন উপসর্গ দেখা দিতে পারে।
বমি বমি ভাব মূলত পাকস্থলী বা হজম প্রক্রিয়ায় অস্বস্তির একটি অনুভূতি, যা কখনো বমি পর্যন্ত গড়াতে পারে। এর সঙ্গে ডায়রিয়া, পেটব্যথা, মাথাব্যথা কিংবা বুকজ্বালার মতো উপসর্গও থাকতে পারে।
গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তন
গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে বমি বমি ভাব খুবই সাধারণ। এটি শুধু সকালে নয়, দিনের যেকোনো সময় হতে পারে। অনেকের ক্ষেত্রে খাবার খাওয়ার পর এ সমস্যা বেশি অনুভূত হয়। গর্ভাবস্থায় হজম প্রক্রিয়ায় পরিবর্তন আসায় খাবার পাকস্থলীতে তুলনামূলক বেশি সময় অবস্থান করতেও পারে।
খাদ্যবিষক্রিয়া বা সংক্রমণ
অপরিষ্কার, দূষিত, ঠিকমতো রান্না না করা বা সঠিকভাবে সংরক্ষণ না করা খাবার খেলে খাদ্যবিষক্রিয়া হতে পারে। ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণে খাবার খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বমি বমি ভাব শুরু হতে পারে। এর সঙ্গে বমি, ডায়রিয়া, পেটব্যথা ও জ্বরও দেখা দিতে পারে।
খাবারে অ্যালার্জি
কোনো নির্দিষ্ট খাবারের প্রতি অ্যালার্জি থাকলে সেটি খাওয়ার কয়েক মিনিটের মধ্যেই বমি বমি ভাব বা বমি হতে পারে। মুখ, ঠোঁট বা জিহ্বা ফুলে যাওয়া এবং শ্বাস নিতে বা গিলতে সমস্যা হলে তা গুরুতর অ্যালার্জিক প্রতিক্রিয়ার লক্ষণ হতে পারে। এমন পরিস্থিতিতে দ্রুত জরুরি চিকিৎসা নেওয়া প্রয়োজন।
হজমতন্ত্রের বিভিন্ন সমস্যাও কারণ হতে পারে
খাবার হজমের সঙ্গে যুক্ত কোনো অঙ্গের সমস্যার কারণেও খাবারের পর বমি বমি ভাব হতে পারে। যেমন—
অ্যাসিড রিফ্লাক্স: পাকস্থলীর অ্যাসিড খাদ্যনালিতে উঠে এলে বুকজ্বালা, টক ঢেকুর ও বমি বমি ভাব হতে পারে।
পিত্তথলির সমস্যা: বিশেষ করে চর্বিযুক্ত খাবার খাওয়ার পর বমি বমি ভাব বা পেটের অস্বস্তি দেখা দিতে পারে।
অগ্ন্যাশয়ের প্রদাহ: এর সঙ্গে বমি বমি ভাবের পাশাপাশি তীব্র পেটব্যথা ও অন্যান্য হজমের সমস্যা হতে পারে।
কখন চিকিৎসকের পরামর্শ জরুরি?
খাবারের পর মাঝেমধ্যে হালকা বমি বমি ভাব হলেই যে গুরুতর রোগ হয়েছে, এমন নয়। তবে বারবার এ সমস্যা হলে কারণ খুঁজে দেখা প্রয়োজন। বিশেষ করে দীর্ঘস্থায়ী বমি, তীব্র পেটব্যথা, জ্বর, পানিশূন্যতার লক্ষণ, শ্বাসকষ্ট বা অন্য কোনো গুরুতর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
তাই খাবার খাওয়ার পর নিয়মিত বমি বমি ভাবকে শুধু ‘গ্যাসের সমস্যা’ হিসেবে ধরে না নিয়ে কখন, কী খাবার খাওয়ার পর এবং এর সঙ্গে অন্য কী কী উপসর্গ হচ্ছে—এসব বিষয় লক্ষ্য করা গুরুত্বপূর্ণ।
পিপল/এএইচ











