একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমের নীতিমালা চূড়ান্ত করতে আজ শিক্ষা মন্ত্রণালয়ে সভা হবে। ১৫ সেপ্টেম্বর অনলাইন আবেদন শুরুর সম্ভাবনা রয়েছে...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের নীতিমালা চূড়ান্ত করতে আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকে বসছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সকাল ১১টায় অনুষ্ঠিতব্য এ সভায় ভর্তি প্রক্রিয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম চূড়ান্ত করতেই এ সভার আয়োজন করা হয়েছে। খসড়া রোডম্যাপ অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হতে পারে। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর ১২ নভেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হতে পারে। ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানান, এবারও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি সহায়তায় অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হবে। শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করবে এবং স্বয়ংক্রিয় পদ্ধতিতে তাদের কলেজ ও আসন বরাদ্দ দেওয়া হবে।
এদিকে গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। এসব বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন। মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন।
পিপল/এএইচ











