২০২৮ শিক্ষাবর্ষ থেকে ব্যাপক কারিকুলাম সংস্কারের পরিকল্পনা সরকারের। এআই, চতুর্থ শিল্পবিপ্লব, কারিগরি শিক্ষা ও দক্ষতাভিত্তিক বিষয় যুক্ত হচ্ছে...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
দেশের শিক্ষাব্যবস্থাকে মেধা, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে নতুনভাবে গড়ে তুলতে ২০২৮ শিক্ষাবর্ষ থেকে ব্যাপক কারিকুলাম সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। এর প্রাথমিক প্রস্তুতি হিসেবে ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই পাঠ্যক্রমে চতুর্থ শিল্পবিপ্লব, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি ও খেলাধুলাভিত্তিক নতুন বিষয় যুক্ত করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন সম্প্রতি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে সরকারের শিক্ষা সংস্কারের পরিকল্পনা তুলে ধরেন। মাহদী আমিন বলেন, শিক্ষাক্ষেত্রে কৃত্রিমভাবে ভালো ফল দেখানোর সংস্কৃতি বন্ধ করে শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও দক্ষতার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে সরকার কাজ করছে। তাঁর ভাষ্য, শিক্ষা খাত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারগুলোর একটি।
তিনি জানান, বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে শিক্ষা সংস্কার কমিশন গঠনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তবে অন্তর্বর্তী সময়ে ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সংযোজন, বিয়োজন ও পরিমার্জন করা হচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে চারটি নতুন বই ও বিষয় যুক্ত করা হবে। চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা ও শারীরিক শিক্ষাভিত্তিক ‘স্পোর্টস অ্যান্ড কালচার’ এবং ষষ্ঠ শ্রেণি থেকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘টেকনিক্যাল এডুকেশন’সহ নতুন বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার কথা রয়েছে। এসব বিষয়ের মাধ্যমে শিক্ষার্থীদের রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চতুর্থ শিল্পবিপ্লবের প্রযুক্তির সঙ্গে পরিচিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রসঙ্গে মাহদী আমিন বলেন, এবার মূল্যায়ন প্রক্রিয়ায় গ্রেস নম্বর দেওয়া হয়নি এবং শিক্ষার্থীদের প্রকৃত ফলাফল প্রকাশ করা হয়েছে। তিনি দাবি করেন, অতীতে পরিসংখ্যান ভালো দেখাতে কৃত্রিমভাবে ফল বাড়ানোর প্রবণতা ছিল, যা বর্তমান সরকার বন্ধ করেছে। এসএসসিতে অকৃতকার্য এবং শিক্ষাজীবন থেকে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের জন্যও বিশেষ নীতিমালা প্রণয়নের কথা জানিয়েছেন তিনি। এসব তরুণকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, স্বল্পমেয়াদি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণে যুক্ত করে কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। প্রয়োজনে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আর্থিক সহায়তাও দেওয়া হবে।
বেকারত্ব কমাতে বিভাগ ও জেলা পর্যায়ে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালুর উদ্যোগের কথাও জানান মাহদী আমিন। এর মাধ্যমে চাকরিপ্রার্থীরা নিজেদের দক্ষতা ও যোগ্যতার তথ্য নিবন্ধন করতে পারবেন এবং চাকরিদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে।
শিক্ষকদের ডিজিটাল দক্ষতা বাড়াতে পর্যায়ক্রমে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচির আওতায় বিভিন্ন স্তরের শিক্ষকদের হাতে ট্যাবলেট পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে আধুনিক প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা বাড়ানোর পাশাপাশি স্থানীয় শিল্পের সমস্যা সমাধানে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রবাসী বাংলাদেশি গবেষক ও শিক্ষকদের দেশে ফিরিয়ে এনে ‘ব্রেন ড্রেন’কে ‘ব্রেন সার্কুলেশন’-এ রূপান্তরের পরিকল্পনার কথাও জানান মাহদী আমিন। গবেষণায় সরকারি বরাদ্দও বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
গ্রাম ও শহরের শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষম্য কমাতে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং উদ্ভাবন ও স্টার্টআপ প্রতিযোগিতার মতো আয়োজন রয়েছে।
মাহদী আমিন বলেন, শুধু সনদনির্ভর শিক্ষা নয়, দক্ষতা, কর্মসংস্থান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নের মাধ্যমে নতুন বাংলাদেশ নির্মাণে শিক্ষা খাতকে আরও কার্যকর ভূমিকার জন্য প্রস্তুত করা হবে।
পিপল/এএইচ











