শাবিপ্রবিতে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ প্রতিযোগিতা, জাতীয় পর্বে যাচ্ছে ১১ প্রকল্প

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ প্রতিযোগিতার সিলেট বিভাগীয় পর্ব। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৪৮টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। সেখান থেকে জাতীয় পর্যায়ের জন্য নির

News

সংগৃহীত ছবি


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ প্রতিযোগিতার সিলেট বিভাগীয় পর্ব।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগীরা তাঁদের উদ্ভাবনী ধারণা থেকে তৈরি মোট ৪৮টি প্রকল্প প্রদর্শন করেন। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্য থেকে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্য ১১টি প্রকল্প নির্বাচিত করা হয়। দিনব্যাপী প্রদর্শনী শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার। সঞ্চালনার দায়িত্বে ছিলেন সিলেট বিভাগীয় আয়োজক কমিটির আহ্বায়ক ও শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

এ ছাড়া অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও বিভাগীয় আয়োজক কমিটির প্রতিনিধি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সিলেট সিটি করপোরেশনের প্রশাসকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গবেষণা ও উন্নয়ন খাতে পর্যাপ্ত বিনিয়োগ ছাড়া প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতায় এগিয়ে থাকা সম্ভব নয়। দেশের তরুণ শিক্ষার্থীদের গবেষণামুখী করে তোলা এবং তাঁদের উদ্ভাবনী উদ্যোগে সহযোগিতা করা জরুরি। এ ক্ষেত্রে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা না পেলে বাংলাদেশ বৈশ্বিক অগ্রগতির সঙ্গে তাল মেলাতে পিছিয়ে পড়তে পারে।

তিনি আরও উল্লেখ করেন, উন্নত দেশগুলো গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নে ব্যাপক গুরুত্ব দিচ্ছে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর অগ্রগতির পেছনেও জ্ঞান-বিজ্ঞান ও গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই বাংলাদেশের শিক্ষার্থীদেরও গবেষণা ও নতুন উদ্ভাবনে আরও বেশি যুক্ত হতে হবে।

শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, কোনো শিক্ষার্থী তাঁদের প্রকল্প বাণিজ্যিকভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা না পেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। তাঁদের উদ্যোগ এগিয়ে নিতে সহযোগিতা করা হবে।

তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে উৎসাহিত করার পাশাপাশি গবেষণার ক্ষেত্র সম্প্রসারণে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ