জ্বালানিসংকটে পোশাক উৎপাদন অর্ধেকে নেমেছে

জ্বালানিসংকটে দেশের পোশাক কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা অর্ধেকের নিচে নেমেছে। তিন বছরে বন্ধ হয়েছে প্রায় ৪০০ কারখানা, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থান উদ্বেগ...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

তীব্র জ্বালানি সংকট, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং রপ্তানি আদেশ কমে যাওয়ায় দেশের তৈরি পোশাকশিল্প বড় ধরনের চাপের মুখে পড়েছে। পর্যাপ্ত গ্যাসের অভাবে দেশের অধিকাংশ পোশাক কারখানা তাদের উৎপাদন সক্ষমতার অর্ধেকেরও কম ব্যবহার করতে পারছে বলে জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটির নেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, গত তিন বছরে উচ্চ উৎপাদন ব্যয় ও রপ্তানি আদেশের সংকটে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এর ফলে শিল্পটির ভবিষ্যৎ বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়েও উদ্বেগ বাড়ছে।

বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল দেশের পোশাক খাতের বর্তমান পরিস্থিতি তুলে ধরে। বৈঠকে রপ্তানি, বিনিয়োগ, জ্বালানি সরবরাহ ও শিল্পের ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বিজিএমইএ জানায়, জ্বালানি সংকটে উৎপাদন ব্যাহত হওয়ায় বিদেশি ক্রেতাদের সময়মতো পণ্য সরবরাহ করা কঠিন হয়ে পড়ছে। এতে নতুন রপ্তানি আদেশ হারানোর ঝুঁকিও বাড়ছে। একই সঙ্গে জ্বালানির দাম বৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদহার এবং মজুরি সমন্বয়ের কারণে গত তিন বছরে পোশাক উৎপাদনের ব্যয় প্রায় ৪০ শতাংশ বেড়েছে।

সংগঠনটির হিসাবে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের তুলনায় ১ দশমিক ৬৪ শতাংশ কমেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়েও রপ্তানি কমেছে ১ দশমিক ৯২ শতাংশ। পাশাপাশি মূলধনী যন্ত্রপাতি আমদানি কমে যাওয়ায় নতুন বিনিয়োগও স্থবির হয়ে পড়েছে। সংকট মোকাবিলায় দ্রুত দুটি নতুন ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপনের সুপারিশ করেছে বিজিএমইএ। একই সঙ্গে দীর্ঘমেয়াদে জ্বালানি মূল্যে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং এলএনজি আমদানির পর্যায়ে শুল্ক ও কর প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছে।

ক্ষুদ্র ও মাঝারি পোশাক কারখানাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ দেওয়ার পাশাপাশি সৌরবিদ্যুৎ ব্যবহারে স্বল্প সুদের বিশেষ ঋণ দেওয়ারও সুপারিশ করেছে সংগঠনটি।পরিবহন ও অবকাঠামো উন্নয়নে ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে দ্রুত বাস্তবায়ন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অস্থায়ী অতিরিক্ত কার্গো শেড নির্মাণ এবং বে-টার্মিনাল ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর দ্রুত চালুর দাবি জানিয়েছে বিজিএমইএ।

এ ছাড়া ব্যাংকঋণের সুদহার কমানো, পোশাকশিল্পের জন্য বিশেষ পোস্ট-শিপমেন্ট ফাইন্যান্সিং চালু এবং জিটিএফ ও টিডিএফ তহবিলে অর্থ বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।ব্যবসা সহজ করার অংশ হিসেবে কাস্টমস বন্ড অডিট প্রক্রিয়া সহজ ও প্রাতিষ্ঠানিক করার দাবি জানিয়েছে বিজিএমইএ। পাশাপাশি বেনাপোল স্থলবন্দর দিয়ে সুতা আমদানির প্রক্রিয়া পুনরায় চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।এলডিসি উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে উদ্যোগ জোরদারের সুপারিশ করেছে সংগঠনটি। একই সঙ্গে অন্যান্য প্রধান বাণিজ্য অংশীদারের সঙ্গে এফটিএ, পিটিএ ও ইপিএ সম্পাদনে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।পোশাকশ্রমিকদের জন্য গাজীপুরে আধুনিক হাসপাতাল ও কল্যাণকেন্দ্র নির্মাণে দ্রুত জমি বরাদ্দ এবং ঝুট ব্যবসাকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে নতুন নীতিমালা প্রণয়নের দাবিও জানানো হয়।

বিজিএমইএর বক্তব্য শুনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তৈরি পোশাকশিল্পকে জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান মেরুদণ্ড হিসেবে উল্লেখ করেন। সাময়িক সংকট কাটিয়ে বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক খাতের শীর্ষ অবস্থান ধরে রাখাকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।শিল্পের টেকসই বিকাশ ও সুরক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় নীতিগত সহযোগিতা দ্রুত দেওয়ার আশ্বাসও দেন রাষ্ট্রপতি

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ