এলএনজি বাড়ানোর বড় পরিকল্পনা, কিন্তু বাস্তবতায় নাব্যতা, পাইপলাইন ও পরিবেশের বাধা—তিন টার্মিনাল ঘিরে বাড়ছে সংশয়।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
বিশেষ প্রতিনিধি : গ্যাস সংকট মোকাবিলায় আগামী তিন বছরে তিনটি ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ নির্মাণের সরকারি পরিকল্পনা নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। হিরণ পয়েন্ট, মোংলা ও পায়রায় প্রস্তাবিত এসব টার্মিনালের ক্ষেত্রে এখনো পূর্ণাঙ্গ সম্ভাব্যতা যাচাই শেষ হয়নি। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার গ্যাসের চাহিদা, নৌপথের নাব্যতা, জাতীয় গ্যাস গ্রিডের সঙ্গে সংযোগ এবং পরিবেশগত ঝুঁকি নিয়েও রয়েছে গুরুত্বপূর্ণ অনিশ্চয়তা।
বিশেষজ্ঞদের মতে, শুধু টার্মিনাল নির্মাণ করলেই এলএনজি থেকে গ্যাস সরবরাহ নিশ্চিত হবে না। ভাসমান টার্মিনাল থেকে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করতে দীর্ঘ পাইপলাইন, নতুন অবকাঠামো, জমি অধিগ্রহণ এবং বিপুল বিনিয়োগ প্রয়োজন হবে। এসব ব্যয় শেষ পর্যন্ত গ্যাসের দাম বাড়িয়ে দিতে পারে এবং প্রকল্পগুলোর অর্থনৈতিক কার্যকারিতা প্রশ্নবিদ্ধ করতে পারে।
হিরণ পয়েন্টের ক্ষেত্রে চ্যালেঞ্জ আরও বেশি। গবেষণা অনুযায়ী, মোংলা বন্দর থেকে হিরণ পয়েন্টের দূরত্ব নদীপথে প্রায় ১৩১ কিলোমিটার। আবার মোংলার কাছাকাছি জাতীয় গ্যাস সঞ্চালন লাইন খুলনায়, যা আরও প্রায় ৪৫ কিলোমিটার দূরে। ফলে হিরণ পয়েন্টে টার্মিনাল নির্মাণের পর মোংলা ও জাতীয় গ্রিডে গ্যাস পৌঁছাতে দীর্ঘ পাইপলাইন নির্মাণ করতে হবে।
এই পাইপলাইন স্থাপনের পথে শতাধিক নদী ও খাল, সংরক্ষিত বনাঞ্চল, বন্যপ্রাণীর আবাসস্থল এবং সুন্দরবনের মতো সংবেদনশীল পরিবেশগত এলাকা রয়েছে। ফলে প্রকল্প বাস্তবায়নের আগে পরিবেশগত সমীক্ষা ও প্রয়োজনীয় আন্তর্জাতিক অনুমোদনের বিষয়টিও বিবেচনায় নিতে হবে। পরিবেশগত ঝুঁকির পাশাপাশি অর্থায়ন ও বাস্তবায়নের জন্য উপযুক্ত প্রতিষ্ঠান নির্বাচনও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
মোংলায়ও একই ধরনের অবকাঠামোগত প্রশ্ন রয়েছে। এলাকাটিতে এখনো বড় ধরনের ভারী শিল্প গড়ে ওঠেনি এবং গ্যাসের স্থানীয় চাহিদাও তুলনামূলক কম। অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে ভবিষ্যতে চাহিদা বাড়তে পারে, কিন্তু কী ধরনের শিল্প সেখানে গড়ে উঠবে এবং তাদের গ্যাসের প্রয়োজন কতটা হবে—তা এখনো নিশ্চিত নয়।
এর সঙ্গে যুক্ত হয়েছে নৌপথের সীমাবদ্ধতা। পশুর নদীতে পর্যাপ্ত নাব্যতা না থাকায় বড় জাহাজগুলো সাধারণত সুন্দরবনের হারবাড়িয়া এলাকায় অবস্থান করে এবং সেখান থেকে ছোট জাহাজে পণ্য মোংলা বন্দরে নেওয়া হয়। ফলে মোংলায় এলএনজি টার্মিনাল হলে বড় এলএনজি কার্গো কীভাবে নিরাপদ ও নিয়মিতভাবে টার্মিনালে পৌঁছাবে, সেটিও আলাদা করে সমাধান করতে হবে।

পরিবেশগত দিক থেকেও মোংলা অত্যন্ত সংবেদনশীল এলাকা। বন্দরটি সুন্দরবনের কাছাকাছি এবং রামপাল বিদ্যুৎকেন্দ্রও এর অদূরে অবস্থিত। সুন্দরবনের ওপর শিল্প ও বিদ্যুৎ প্রকল্পের পরিবেশগত প্রভাব নিয়ে ইতোমধ্যে বিভিন্ন গবেষণায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। ফলে নতুন এলএনজি অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে পরিবেশগত প্রভাবের বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই।
পায়রার ক্ষেত্রেও অতীতের অভিজ্ঞতা সরকারি পরিকল্পনার বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলছে। ২০১৭ সালে পায়রায় এলএনজি টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। ওই পরিকল্পনার ওপর ভিত্তি করে জার্মানির সিমেন্স এনার্জির সঙ্গে যৌথভাবে ৩ হাজার ৬০০ মেগাওয়াটের একটি এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তিও হয়েছিল। পরে সম্ভাব্যতা যাচাইয়ে রামনাবাদ চ্যানেলের নাব্যতা নিয়ে সমস্যা উঠে আসে।
সমীক্ষায় দেখা যায়, পর্যাপ্ত নাব্যতা না থাকায় বড় এলএনজি কার্গো সরাসরি পায়রা বন্দরে ভিড়তে পারবে না। নিয়মিত ড্রেজিং অথবা লাইটারেজ ব্যবস্থার মাধ্যমে এলএনজি আনার ক্ষেত্রে ব্যয় এতটাই বাড়তে পারে যে প্রকল্পটি অর্থনৈতিকভাবে অলাভজনক হয়ে পড়বে। শেষ পর্যন্ত পায়রায় এলএনজি টার্মিনাল এবং সংশ্লিষ্ট এলএনজিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পরিকল্পনা থেকে সরে আসে তৎকালীন সরকার।
পায়রায় নতুন করে টার্মিনাল নির্মাণ হলেও সেখানকার গ্যাস সহজেই ঢাকা, গাজীপুর বা দেশের প্রধান শিল্পাঞ্চলে পৌঁছে দেওয়া যাবে না। পায়রা থেকে বরিশাল, খুলনা ও মাওয়া হয়ে ঢাকার দিকে দীর্ঘ পাইপলাইন নির্মাণ করতে হবে। টার্মিনাল, কাস্টডি ট্রান্সফার মিটারিং স্টেশন এবং প্রায় ২২১ কিলোমিটার নতুন গ্যাস পাইপলাইন নির্মাণের খরচ যুক্ত হলে সরবরাহ করা গ্যাসের দাম শিল্প ও সাধারণ ভোক্তার নাগালের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে।
পরিবেশ ও জ্বালানি বিশেষজ্ঞদের মতে, অতীতের প্রকল্পগুলোর অভিজ্ঞতা বিবেচনায় না নিয়ে নতুন করে বড় অবকাঠামো নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হলে রাষ্ট্রীয় অর্থের অপচয়ের ঝুঁকি তৈরি হতে পারে। ভোলা থেকে বরিশাল ও ঢাকায় গ্যাস সরবরাহের আগের উদ্যোগগুলোর ব্যর্থতা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদাহরণ। নদী পারাপারে পাইপলাইন নির্মাণের উচ্চ ব্যয় এবং এলএনজিতে রূপান্তরের অতিরিক্ত খরচের কারণে আগের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি।
বিশেষজ্ঞদের আরও মত, দেশের বর্তমান গ্যাস সংকট কেবল সরবরাহ বাড়িয়ে সমাধান করা যাবে না। আমদানিনির্ভর এলএনজি অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি দেশীয় গ্যাসের সম্ভাবনা, জ্বালানি ব্যবহারের দক্ষতা, শিল্পের চাহিদা এবং বিকল্প জ্বালানির বিষয়গুলোকে সমন্বিত পরিকল্পনার আওতায় আনতে হবে।
সবচেয়ে বড় প্রশ্ন হলো, সম্ভাব্যতা যাচাই ও অর্থনৈতিক বিশ্লেষণ সম্পন্ন হওয়ার আগেই তিনটি টার্মিনাল নির্মাণের ঘোষণা কতটা বাস্তবসম্মত। জ্বালানি নিরাপত্তার নামে যদি এমন প্রকল্প নেওয়া হয় যার গ্যাস পরিবহনের অবকাঠামোই নেই বা স্থানীয়ভাবে পর্যাপ্ত চাহিদা নেই, তাহলে টার্মিনাল নির্মাণের পরও কাঙ্ক্ষিত সুফল পাওয়া নাও যেতে পারে।
বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তার জন্য তাই শুধু এলএনজি আমদানি ও নতুন টার্মিনাল নির্মাণের ওপর নির্ভর না করে একটি সমন্বিত ও অর্থনৈতিকভাবে টেকসই পরিকল্পনা প্রয়োজন। বিশেষ করে পরিবেশগত ঝুঁকি, সরবরাহ ব্যয়, জাতীয় গ্রিডের সক্ষমতা, স্থানীয় চাহিদা এবং ভবিষ্যৎ শিল্পায়নের সম্ভাবনা বিবেচনা করেই যেকোনো নতুন টার্মিনালের সিদ্ধান্ত নেওয়া উচিত। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ ও জ্বালানি ব্যবস্থার বৈচিত্র্য বাড়ানো হলে আমদানিনির্ভরতার ঝুঁকি কমানো সম্ভব হতে পারে।
কেএইচ











