মিয়ানমারের বিপক্ষে আজ ভাগ্য নির্ধারণী ম্যাচ বাংলাদেশের

২০তম এশিয়ান গেমসে টিকে থাকার শেষ লড়াইয়ে আজ মিয়ানমারের মুখোমুখি বাংলাদেশের মেয়েরা; দুপুর ১টায় শুরু ম্যাচ...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

টানা দুই ম্যাচ হেরে ব্যাকফুটে থাকলেও ২০তম এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন এখনো শেষ হয়ে যায়নি বাংলাদেশের মেয়েদের। সমীকরণের জটিল মারপ্যাঁচে টিকে থাকতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ সোমবার মিয়ানমারের মুখোমুখি হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা।

জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টের সেরা দুটি 'তৃতীয় স্থান অর্জনকারী দল'-এর একটি হয়ে শেষ আটে জায়গা করে নিতে হলে আজ মিয়ানমারকে কেবল হারানোই নয়, বড় ব্যবধানের জয় প্রয়োজন কোচ পিটার বাটলারের শিষ্যদের।

গ্রুপ 'এফ'-এ নিজেদের প্রথম দুই ম্যাচে এশিয়ার দুই ফুটবল পরাশক্তি উত্তর কোরিয়ার কাছে ১০-০ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে প্রতিপক্ষ মিয়ানমারও দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ ও উত্তর কোরিয়ার কাছে ৮-০ গোলে হেরে তালিকার তিন নম্বরে অবস্থান করছে।

ফিফা র‍্যাংকিংয়ে মিয়ানমার এগিয়ে থাকলেও সাম্প্রতিক পরিসংখ্যান মানসিক শক্তি জোগাচ্ছে বাংলাদেশকে। চলতি বছরই এএফসি উইমেন্স এশিয়ান কাপের বাছাইপর্বে মিয়ানমারকে তাদের ঘরের মাঠে ২-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ, যেখানে জোড়া গোল করেছিলেন ঋতুপর্ণা চাকমা।

ম্যাচটির প্রস্তুতি নিয়ে বাংলাদেশ দলের গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল জানান, আগের দুই ম্যাচে শক্তিশালী দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতার অভাবে বেশ কিছু ভুলত্রুটি হয়েছে। গত দুই দিন অনুশীলনে সেসব ভুল শুধরে মেয়েদের মানসিকভাবে উজ্জীবিত করা হয়েছে। ডিফেন্ডার নবিরন ছাড়া দলের বাকি সব খেলোয়াড় সম্পূর্ণ ফিট রয়েছেন।

আজকের ম্যাচে রক্ষণভাগের দুর্বলতা কাটিয়ে আক্রমণাত্মক ফুটবলের পরিকল্পনা করছেন কোচ পিটার বাটলার। সব প্রতিবন্ধকতা পেরিয়ে মিয়ানমারকে হারিয়ে স্মরণীয় জয় নিয়ে মাঠ ছাড়ার প্রত্যাশা করছে বাংলাদেশ দল।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ