এনসিএএ প্রথম ডিভিশনে খেলছেন তিন বাংলাদেশি-আমেরিকান বোন নওরীন, নাদিয়া ও আভা আহমদ। ভবিষ্যতে বাংলাদেশের জার্সিতে দেখা যাবে কি তাদের...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
মার্কিন কলেজ ফুটবলের সর্বোচ্চ স্তরে নিজেদের প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর রাখছেন তিন বাংলাদেশি-আমেরিকান সহোদরা—নওরীন আহমদ, নাদিয়া আহমদ ও আভা আহমদ। তিন বোনই বর্তমানে ন্যাশনাল কলেজিয়েট অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের (এনসিএএ) প্রথম ডিভিশনের ফুটবল প্রতিযোগিতায় খেলছেন।
তিন বোনের মধ্যে বড় নওরীন আহমদ ফ্লোরিডা স্টেট বিশ্ববিদ্যালয়ের হয়ে মধ্যমাঠে খেলেন। গত বছর এনসিএএ ফুটবল চ্যাম্পিয়ন হওয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। প্রতিযোগিতায় তার পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের ক্যাম্পেও ডাক পান নওরীন।
নওরীনের ছোট দুই যমজ বোন নাদিয়া আহমদ ও আভা আহমদও নিজেদের প্রতিভার জানান দিচ্ছেন এনসিএএ প্রথম ডিভিশনের ফুটবলে। দুজনই ইতোমধ্যে উটাহ বিশ্ববিদ্যালয়ের ফুটবল কর্মসূচিতে জায়গা করে নিয়েছেন।তিন বোনের বাবা জেয়ন আহমদ যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার। তাদের মা ড. ক্যারিসা আহমদ একজন পরিবেশ প্রকৌশলী ও প্যাটেন্ট বিশেষজ্ঞ।তবে যুক্তরাষ্ট্রে বেড়ে উঠলেও তিন বোনের পারিবারিক শিকড় গভীরভাবে যুক্ত বাংলাদেশের সঙ্গে। তাদের দাদা গিয়াস আহমদের আদি নিবাস ফেনী জেলায়। গিয়াস আহমদের বাবা আলহাজ্ব জালাল উদ্দীন আহমদ ফেনী পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক ছিলেন। ১৯৬৭ সালে তৎকালীন পাকিস্তানের সেরা প্রধানশিক্ষক হিসেবে তিনি পুরস্কৃত হন।
মার্কিন কলেজ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে তিন বোনের এমন সাফল্য বাংলাদেশি বংশোদ্ভূত তরুণদের জন্যও অনুপ্রেরণার। তাদের অর্জন ইতোমধ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নারী ফুটবলে আগ্রহী তরুণীদের জন্য দৃষ্টান্ত তৈরি করেছে।এর আগে যুক্তরাষ্ট্র থেকে আসা দুই সুলিভান সহোদর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের হয়ে খেলেছেন এবং প্রশংসা কুড়িয়েছেন। সেই ধারাবাহিকতায় নওরীন, নাদিয়া ও আভাকেও ভবিষ্যতে বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের হয়ে খেলার সুযোগ দেওয়া যায় কি না, তা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্টদের বিবেচনায় আসতে পারে।
বাংলাদেশি বংশোদ্ভূত এই তিন প্রতিভাবান ফুটবলার যদি ভবিষ্যতে লাল-সবুজের জার্সিতে মাঠে নামেন, সেটি দেশের নারী ফুটবলের জন্য যেমন বড় সংযোজন হতে পারে, তেমনি প্রবাসী বাংলাদেশি প্রতিভাদের দেশের ফুটবলের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।
পিপল/এএইচ











