ঢাকায় বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আগ্রহী ব্রাজিল। অক্টোবরে সম্ভাব্য ম্যাচ ঘিরে সিবিএফ প্রতিনিধি দলের ভেন্যু পরিদর্শন...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে ঢাকায় বাংলাদেশের প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল রোববার ঢাকার জাতীয় স্টেডিয়াম ও বসুন্ধরা কিংস অ্যারেনা পরিদর্শন করেছে। সিবিএফের প্রতিনিধি দলটি কলকাতায় ব্রাজিল-ভারত ম্যাচের ভেন্যু পরিদর্শনের পর ঢাকায় আসে। আগামী ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর ৫ বা ৬ অক্টোবর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে ম্যাচটি এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।ঢাকার দুটি ভেন্যু পরিদর্শনের সময় প্রতিনিধি দল মাঠ, ড্রেসিংরুম, গ্যালারি, অনুশীলন সুবিধা, জিম ও অন্যান্য অবকাঠামো খতিয়ে দেখে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তাদের সঙ্গে আলোচনাতেও অংশ নেয় তারা।
ব্রাজিলের প্রস্তাব বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের ব্যস্ত আন্তর্জাতিক সূচি। ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর ইন্দোনেশিয়ায় ফিফা আসিয়ান কাপে অংশ নেওয়ার কথা বাংলাদেশের। ফলে ৫ বা ৬ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলতে হলে জাতীয় দলের হাতে প্রস্তুতি ও বিশ্রামের সময় খুবই কম থাকবে।এ ছাড়া ম্যাচ আয়োজনের জন্য নিরাপত্তা, ভেন্যু প্রস্তুতি, স্পন্সরশিপ ও বড় অঙ্কের আর্থিক ব্যয়ের বিষয়টিও বিবেচনায় নিতে হচ্ছে বাফুফেকে। সূত্র অনুযায়ী, ব্রাজিলের প্রায় ৯০ সদস্যের বহর কলকাতা থেকে ঢাকায় এবং পরে পরবর্তী গন্তব্যে নেওয়ার ব্যবস্থাও আয়োজকদের করতে হতে পারে।
সবকিছু বিবেচনা করে বাফুফে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। ফলে ব্রাজিলের তারকা ভিনিসিউস জুনিয়র, রাফিনিয়া ও অন্যদের ঢাকার মাঠে দেখার সম্ভাবনা তৈরি হলেও আপাতত এটি আলোচনার পর্যায়েই রয়েছে।
পিপল/এএইচ











