অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ ওয়ানডে দলে জায়গা পেয়েছেন বীরেন্দর শেবাগের ছেলে আর্যবীর ও রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয় দ্রাবিড়...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
ভারতের দুই কিংবদন্তি ক্রিকেটার রাহুল দ্রাবিড় ও বীরেন্দর শেবাগের ছেলেরা এবার দেশের জার্সিতে মাঠে নামার সুযোগ পেয়েছেন। অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতের যুব দলে জায়গা পেয়েছেন আর্যবীর শেবাগ ও অন্বয় দ্রাবিড়।
শেবাগপুত্র আর্যবীরের জন্য এটি ভারতের অনূর্ধ্ব-১৯ দলে প্রথম ডাক। ডানহাতি এই ব্যাটার সম্প্রতি দিল্লি প্রিমিয়ার লিগের ২০২৬ মৌসুমে ওয়েস্ট দিল্লি লায়ন্সের হয়ে খেলেছেন।এর আগে ২০২৪ সালের কোচবিহার ট্রফিতে ব্যাট হাতে আলোচনায় এসেছিলেন আর্যবীর। মেঘালয়ের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে তিনি ২৯৭ রানের ইনিংস খেলেছিলেন।
অন্যদিকে, অন্বয় দ্রাবিড়ের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ দলে জায়গা পাওয়া নতুন কোনো অভিজ্ঞতা নয়। এর আগে জুলাইয়ে শ্রীলঙ্কা সফরেও ভারতের যুব দলের সঙ্গে ছিলেন তিনি। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত ব্যাটিং করে ৮৭ রান করেছিলেন অন্বয়। এবারও দলে নিজের জায়গা ধরে রেখেছেন তিনি।অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৮ সেপ্টেম্বর। পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ ও ২৩ সেপ্টেম্বর।ওয়ানডে সিরিজের পর দুই দল দুটি চার দিনের ম্যাচে মুখোমুখি হবে। প্রথম চার দিনের ম্যাচটি হবে ২৭ থেকে ৩০ সেপ্টেম্বর এবং দ্বিতীয়টি ৫ থেকে ৮ অক্টোবর।
তবে চার দিনের ম্যাচের জন্য ঘোষিত ভারতীয় দলে আর্যবীর শেবাগ ও অন্বয় দ্রাবিড়কে রাখা হয়নি। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের উপস্থিতি সীমাবদ্ধ থাকবে ওয়ানডে সিরিজেই। ক্রিকেটপ্রেমীদের জন্য এই সিরিজের বাড়তি আকর্ষণ হবে কিংবদন্তি দুই ভারতীয় ব্যাটারের উত্তরসূরিদের পারফরম্যান্স। বাবাদের মতো তারাও ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটে নিজেদের জায়গা করে নিতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়।
পিপল/এএইচ











