লিওনেল মেসির চার গোলের ঝড়ে মন্ট্রিয়েলকে ৭-১ গোলে উড়িয়ে পাঁচ ম্যাচের জয়খরা কাটাল ইন্টার মায়ামি।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
স্পোর্টস ডেস্ক: টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার পর অবশেষে জয়ের পথে ফিরেছে ইন্টার মায়ামি। আর দলের ঘুরে দাঁড়ানোর ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মন্ট্রিয়েলকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা, যেখানে একাই চার গোল করেছেন আর্জেন্টাইন তারকা।
ফ্লোরিডায় অনুষ্ঠিত ম্যাচে মেসির পাশাপাশি মায়ামির হয়ে গোল করেছেন কাসেমিরো, লুইস সুয়ারেজ ও অ্যালেক্স শ। ম্যাচের ২০ মিনিটে হেড থেকে গোল করে মায়ামিকে এগিয়ে দেন কাসেমিরো। বিশ্বকাপের পর মায়ামিতে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে এটিই ছিল ব্রাজিলিয়ান মিডফিল্ডারের প্রথম গোল।
তবে ৩৭ মিনিটে ফ্যাবিয়ান হারবার্সের নিচু শটে সমতায় ফেরে মন্ট্রিয়েল। এরপর শুরু হয় মেসির একক দাপট। তিন মিনিট পরই ফ্রি-কিক থেকে দুর্দান্ত বাঁকানো শটে মায়ামিকে আবারও এগিয়ে দেন আটবারের ব্যালন ডি’অর জয়ী।
বিরতির পর মেসির আক্রমণাত্মক পারফরম্যান্স আরও তীব্র হয়। ৫১ মিনিটে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এরপর ৮০ মিনিটে মেসির তৈরি করে দেওয়া সুযোগ কাজে লাগিয়ে গোল করেন লুইস সুয়ারেজ।
তিন মিনিট পরই হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। রদ্রিগো দি পলের পাস ধরে এগিয়ে গিয়ে মন্ট্রিয়েলের গোলরক্ষক থমাস গিলিয়েরের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান তিনি। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে ফ্রি-কিক থেকে আরেকটি দুর্দান্ত বাঁকানো শটে নিজের চতুর্থ গোলটি করেন মেসি।
এই চার গোলের মধ্য দিয়ে মায়ামির জার্সিতে এক ম্যাচে চার গোল করার নতুন নজির গড়লেন মেসি। ক্যারিয়ারে অষ্টমবারের মতো এক ম্যাচে চার বা তার বেশি গোল করলেন তিনি। এর আগে সর্বশেষ ২০২০ সালের ফেব্রুয়ারিতে বার্সেলোনার হয়ে এইবারের বিপক্ষে চার গোল করেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
মন্ট্রিয়েলের বিপক্ষে বড় জয়ের পর চলতি এমএলএস মৌসুমে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৯ ম্যাচে ১৮টি। গোলদাতাদের তালিকায় তিনি এখন শীর্ষে, তাঁর পেছনে ১৬ গোল নিয়ে রয়েছেন এফসি ডালাসের পিটার মুসা।
মেসির চার গোলের সঙ্গে মায়ামির বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সুয়ারেজ ও অ্যালেক্স শ। সাত গোলের এই জয়ে শুধু পাঁচ ম্যাচের জয়খরাই কাটেনি, ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় অবস্থানও ধরে রেখেছে মায়ামি। তবে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে তারা এখনও ১০ পয়েন্ট পিছিয়ে।
কঠিন সময়ের মধ্যে পাওয়া এই বড় জয় মায়ামির জন্য যেমন আত্মবিশ্বাস ফেরানোর বার্তা দিয়েছে, তেমনি আবারও প্রমাণ করেছে—দলের প্রয়োজনের মুহূর্তে মেসিই হতে পারেন সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেওয়া খেলোয়াড়।
কেএইচ











