এশিয়ান গেমস হকিতে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে প্রথম জয় পেল বাংলাদেশ; জোড়া গোল আমিরুল ও আশরাফুলের...
Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
জাপানের আইচি-নাগোয়ায় চলমান ২০তম এশিয়ান গেমস পুরুষ হকিতে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। একপেশে দাপুটে পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করেছে জিমি-আমিরুলরা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কাওয়াসাকি জুকো স্টেডিয়ামে অনুষ্ঠিত 'পুল এ'-র ম্যাচে গত এপ্রিলে গেমস বাছাইপর্বে লঙ্কানদের কাছে হারের তিক্ত স্মৃতির মধুর প্রতিশোধ নিল বাংলাদেশ। এর আগে শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও স্বাগতিক জাপানের কাছে হেরে এশিয়ান গেমসের যাত্রা শুরু করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলেছে বাংলাদেশ। খেলার ৮ম মিনিটে আমিরুল ইসলামের ফিল্ড গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি। দ্বিতীয় কোয়ার্টারের ১৬তম মিনিটে আশরাফুল ইসলাম ব্যবধান দ্বিগুণ (২-০) করেন। অবশ্য ১৮তম মিনিটে শ্রীলঙ্কার কুশল ভীরাপ্পোলি একটি গোল শোধ করলে ব্যবধান কমে ২-১ হয়।
তৃতীয় কোয়ার্টার থেকে আবারও ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় লাল-সবুজ বাহিনী। ২৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-১-এ এগিয়ে নেন আমিরুল। ৪৩তম মিনিটে মাহবুব হোসেইন দারুণ এক আক্রমণে গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৪-১।
শেষ কোয়ার্টারের ৫৪তম মিনিটে পেনাল্টি থেকে দলের হয়ে পঞ্চম ও নিজের দ্বিতীয় গোলটি করেন আশরাফুল ইসলাম, যা ৫-১ গোলের বড় জয় নিশ্চিত করে। পুরো ম্যাচে বাংলাদেশ মোট ১৫টিরও বেশি পেনাল্টি কর্নার আদায় করে শ্রীলঙ্কান রক্ষণভাগকে তছনছ করে দেয়।
জার্মান কোচ পিটার গেরহার্ডের শিষ্যরা গ্রুপ পর্বে তাদের পরবর্তী ম্যাচে আগামী ২৬ সেপ্টেম্বর ইন্দোনেশিয়া এবং ২৮ সেপ্টেম্বর শক্তিশালী ভারতের মুখোমুখি হবে
পিপল/এএইচ












