বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস গড়েছেন তাওহিদ হৃদয়...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ৫১২ রানের বিশাল সংগ্রহের চাপে পড়েছিল বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু শেষ দিনে তাওহিদ হৃদয়ের অসাধারণ ব্যাটিংয়ে বদলে গেল ম্যাচের চিত্র। প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করে বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস লিখেছেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক।
আগের দিন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছিলেন হৃদয়। পরদিনও একই ধারাবাহিকতা ধরে রেখে দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর আধিপত্য বিস্তার করেন তিনি। ৪৫০ বলে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন এই মিডল অর্ডার ব্যাটার।
হৃদয় বাংলাদেশের মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। একই সঙ্গে দেশের বাইরে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন তিনি।হৃদয়ের ইনিংসকে বড় করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জাকের আলী। পঞ্চম উইকেটে দুজনের ১৫১ রানের জুটি বাংলাদেশকে ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ করে দেয়। মাত্র ৬ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন জাকের। ১৬৮ বলে ৯৪ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর মোহাম্মদ সাইফউদ্দিনকে সঙ্গে নিয়ে আরও বড় জুটি গড়েন হৃদয়। ষষ্ঠ উইকেটে দুজনের ব্যাট থেকে আসে ১৮৫ রান। সাইফউদ্দিন ১৭১ বলে করেন ৮৭ রান।এর আগে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। প্রথম ইনিংসে ৫১২ রানের বড় সংগ্রহ গড়ে স্বাগতিকরা। লেসেগো সেনোকওয়ানে করেন ১১১ রান, আর সিনেথেম্বা কেশিলের ব্যাট থেকে আসে ১২৮ রান। গ্যাভিন কাপলান সেঞ্চুরির খুব কাছে গিয়ে ৯৭ রানে থামেন।
স্বাগতিকদের বিশাল সংগ্রহের জবাবে তৃতীয় দিন শেষে বাংলাদেশ ‘এ’ দলের স্কোর ছিল ৩৭১/৬। সেখান থেকে শেষ দিনে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হৃদয়। তাঁর রেকর্ডগড়া ইনিংসে বাংলাদেশ শুধু বড় চাপ থেকে বেরিয়ে আসেনি, দেশের ক্রিকেট ইতিহাসেও যুক্ত হয়েছে স্মরণীয় এক অধ্যায়।
পিপল/এএইচ











