দুবাইয়ে আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ। জিতলে সেমিফাইনালের পথে বড় ধাপ এগিয়ে যাবে নিগার সুলতানার দল...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার বিপক্ষে দারুণ জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা নিগার সুলতানা জ্যোতির দল এবার গ্রুপের অন্যতম কঠিন প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্যের পরীক্ষা দিতে নামছে।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। টুর্নামেন্টের গ্রুপ পর্বে শীর্ষ দুই দল সেমিফাইনালে জায়গা করে নেবে। ফলে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ইন্দোনেশিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন বোলাররা। ১২৯ রান করার পর বাংলাদেশ মাত্র ৫৮ রানে ইন্দোনেশিয়াকে অলআউট করে ৭১ রানের জয় তুলে নেয়। নাহিদা আক্তার চার ওভারে ১৫ রান দিয়ে তিন উইকেট নেন, আর মারুফা আক্তার শুরুতেই দুটি উইকেট তুলে নেন।তবে ওই ম্যাচে ব্যাট হাতে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। মাত্র ৮ রান করে ফেরেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে নিজের ভূমিকা আরও ভালোভাবে পালন করতে চান এই ওপেনার।

জুয়াইরিয়া বলেন, তাঁর মূল দায়িত্ব ইনিংস উদ্বোধন করা এবং পাওয়ারপ্লেতে দলকে ভালো শুরু এনে দেওয়া। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের জন্য দলের প্রত্যেক খেলোয়াড়কে নিজেদের নির্ধারিত ভূমিকা সর্বোচ্চটা দিয়ে পালন করতে হবে বলেও মনে করেন তিনি।দুবাইয়ের একই ভেন্যুতে আগের ম্যাচ খেলার কারণে কন্ডিশনের সঙ্গে বাংলাদেশ এখন কিছুটা বেশি পরিচিত। উইকেটের আচরণ এবং মাঠের পরিবেশ সম্পর্কে পাওয়া অভিজ্ঞতা শ্রীলঙ্কার বিপক্ষে কাজে লাগাতে চান বাংলাদেশের ক্রিকেটাররা।গ্রুপ বি-তে শ্রীলঙ্কা এরই মধ্যে দুটি ম্যাচ জিতে এগিয়ে আছে। অন্যদিকে বাংলাদেশ একটি ম্যাচে জয় পেয়েছে। ফলে আজকের ম্যাচে জয় পেলে সেমিফাইনালের সমীকরণে বাংলাদেশ অনেকটাই সুবিধাজনক অবস্থানে চলে যাবে। টুর্নামেন্টের বর্তমান ফরম্যাটে প্রতি গ্রুপের সেরা দুই দল শেষ চারে উঠবে।শ্রীলঙ্কার দলে রয়েছেন অভিজ্ঞ অধিনায়ক ও অলরাউন্ডার চামারি আতাপাত্তুসহ একাধিক ম্যাচজয়ী ক্রিকেটার। বাংলাদেশের জন্য তাই ম্যাচটি সহজ হবে না। তবে জুয়াইরিয়ার বিশ্বাস, নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে শ্রীলঙ্কাকে হারানো সম্ভব। বাংলাদেশের লক্ষ্য অবশ্য শুধু সেমিফাইনালে ওঠা নয়। ম্যাচ ধরে এগোলেও শেষ পর্যন্ত ফাইনালে খেলাই দলের মূল লক্ষ্য। আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলে সেই লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ