গভীর রাতে জ্বালানি তেলের দাম বাড়ানো জনগণের সঙ্গে প্রহসন; মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
গভীর রাতে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়ে সাধারণ জনগণের ওপর নতুন করে কঠোর অর্থনৈতিক চাপ তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। জনদুর্ভোগ লাঘবে অনতিবিলম্বে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের মহাসচিব এসব কথা বলেন।
বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, দেশবাসী যখন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তীব্র অর্থনৈতিক চাপ, জ্বালানি ও গ্যাস সংকট এবং শিল্প-কারখানার স্থবিরতায় চরম দিশেহারা, ঠিক সেই মুহূর্তে গভীর রাতে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা এসেছে। সরকারের এই সিদ্ধান্ত পুরোপুরি জনস্বার্থবিরোধী এবং এটি নিত্যপণ্য, কৃষি, পরিবহনসহ দেশের প্রতিটি উৎপাদনশীল খাতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে।
তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার মূল দায়িত্বই হলো জনগণের দুঃখ-কষ্ট কমানো। কিন্তু বারবার জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের জীবনকে বিষাদময় করে তোলা হচ্ছে। জনগণ যখন একটু স্বস্তি চায়, ঠিক তখন তাদের ওপর নতুন বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। গভীর রাতে গোপনে নেওয়া এমন সিদ্ধান্ত জনগণের সঙ্গে সরাসরি প্রহসনের শামিল।
দেশে সার্বিক সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের মানুষ এখন বহুমুখী সংকটের মুখোমুখি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যা ও অপহরণের মতো অপরাধের কারণে জনমনে গভীর উদ্বেগ ও অস্থিরতা তৈরি হয়েছে। এমন সংকটময় পরিস্থিতিতে সরকারের দায়িত্ব ছিল মানুষের পাশে দাঁড়ানো, কিন্তু তা না করে জনগণের কাঁধে বাড়তি অর্থনৈতিক চাপ চাপিয়ে দেওয়া হচ্ছে।
জনগণের মতামতকে উপেক্ষা করে নেওয়া সিদ্ধান্ত কখনো স্থায়ী হতে পারে না উল্লেখ করে খেলাফত মজলিস মহাসচিব বলেন, মানুষের কষ্ট, ক্ষোভ ও দুর্ভোগকে অবহেলা করে কোনো সরকার দীর্ঘদিন টিকতে পারে না। তিনি অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য পুনর্বিবেচনা ও জনগণের পকেটে হাত দিয়ে রাষ্ট্র পরিচালনার নীতি পরিহার করার আহ্বান জানান।
পিপল/এএইচ












