শেখ হাসিনাকে 'বিশ্বের সেরা অভিনেত্রী' ও গুমের নির্দেশদাতা আখ্যা দেন স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ। ভোলার মতবিনিময় সভায় তীব্র সমালোচনা...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ আখ্যা দিয়ে তিনি নিজেই গুমের মূল নির্দেশদাতা ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভোলার লালমোহন উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় নাগরিক সমাজ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের শিকার ব্যক্তিদের প্রদত্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ দেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে শেখ হাসিনাই ছিলেন গুমের মূল রূপকার। তিনি গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে স্ত্রী-সন্তানদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতেন এবং স্বজনদের ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিতেন। অথচ তিনি নিজেই জানতেন ওই ব্যক্তিরা আসলে কোথায় বন্দী আছেন বা তাদের পরিণতি কী হয়েছে।”
বিগত সরকারের নির্মমতার উদাহরণ টেনে স্পিকার হাফিজ বলেন, “একজন ব্যারিস্টারকে আট বছর হাতকড়া পরিয়ে ‘আয়নাঘরে’ বন্দী করে রাখা হয়েছিল। এই দীর্ঘ সময়ে দেশের ইতিহাসে নজিরবিহীন জঘন্যতম ও নির্মম নির্যাতন চালানো হয়েছে।”
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুতদের পালিয়ে যাওয়া প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “আওয়ামী লীগের শীর্ষ নেত্রী এমনভাবে দেশ ছেড়ে পালালেন যে তাঁর পথ ধরে প্রধান বিচারপতি থেকে শুরু করে বায়তুল মোকাররম মসজিদের ইমাম পর্যন্ত আত্মগোপনে চলে যান।”
লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের পরিচালনায় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
পিপল/এএইচ












