দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ও ৭৭৩ জন আক্রান্ত হয়েছে। গত চার মাসে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৭৮৪ জনে।

Photo Collected

Al Jazeera
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসজনিত এই রোগটি এবং এর উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৭৭৩টি শিশু।
শনিবার (১৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর শরীরে হামের উপসর্গ ছিল। তবে ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এই সময়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে মোট ৬৮৯ জন শিশুর প্রাণহানি ঘটেছে। অন্যদিকে, ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৫টি শিশু। সব মিলিয়ে এই চার মাসে হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৭৮৪টি শিশুর মৃত্যু হলো।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হয়েছে আরও ৬৯৯ জন। এই সময়ের মধ্যে সারা দেশে ৬৪৯টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৪৯৮ জন।
সরকারি তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ১৬ হাজার ৭১০ জন শিশুর শরীরে হামের সন্দেহজনক উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে ১৪ হাজার ৩১৮ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ৯৯ হাজার ২৪৯ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ৯৫ হাজার ৫২৯ জন সুস্থ হয়ে ইতিমধ্যে বাড়ি ফিরেছেন।











