রবিবার নিউইয়র্ক সিটি ম্যারাথনে পেনসিলভানিয়ার লিউইসবেরির ২৪ বছর বয়সী রাচেল আপা ফিনিশ লাইন থেকে দুই মাইল দূরে অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
ময়নাতদন্ত কর্মকর্তার দপ্তর এখনো তাঁর মৃত্যুর কারণ খতিয়ে দেখছে। তাঁর বাবা স্টিভ আপা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, মৃত্যুর কারণ ছিল র্যাবডোমায়োলাইসিস, যা সাধারণভাবে র্যাবডো নামে পরিচিত। লেনক্স হিল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এবং জরুরি চিকিৎসাবিদ্যার সহকারী অধ্যাপক ডা. রবার্ট গ্ল্যাটার জানান, এটি একটি বিরল অবস্থা, যেখানে কঙ্কালপেশি ভেঙে যায় এবং তার ভেতরের উপাদান রক্তপ্রবাহে মিশে যায়।
রাচেল আপার মৃত্যুর পর সামাজিক মাধ্যমে র্যাবডো নিয়ে আলোচনা বেড়েছে। অনেকেই, বিশেষ করে সাইকেল ক্লাসে তীব্র ব্যায়ামের পর, নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
তবে এসব ঘটনা উদ্বেগজনক হলেও র্যাবডো এখনো তুলনামূলকভাবে বিরল। তবু এসব ঘটনা তীব্র ব্যায়ামের ঝুঁকি, কখন শরীরে সমস্যা হচ্ছে তা কীভাবে বোঝা যাবে এবং সাধারণ ব্যায়ামকারীর কতটা সতর্ক হওয়া উচিত, এসব প্রশ্ন সামনে এনেছে। এ বিষয়ে বিশেষজ্ঞরা যা বলছেন, তা নিচে তুলে ধরা হলো।
র্যাবডো কী?
র্যাবডোমায়োলাইসিস ঘটে যখন কঙ্কালপেশি ভেঙে যায় এবং তার ভেতরের উপাদান রক্তপ্রবাহে ছড়িয়ে পড়ে। এর ফলে শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্যে বিপজ্জনক বিঘ্ন ঘটতে পারে এবং কিডনি আক্রান্ত হতে পারে, বিশেষ করে কেউ পানিশূন্যতায় ভুগলে। ডা. গ্ল্যাটার বলেন, এই অবস্থা প্রায়ই তীব্র ব্যায়ামের সঙ্গে যুক্ত থাকলেও শারীরিক পরিশ্রম কেবল একটি সম্ভাব্য কারণ।
তাঁর ভাষায়, “র্যাবডোমায়োলাইসিস চাপা পড়ে আঘাত পাওয়া, খিঁচুনি, দীর্ঘ সময় নড়াচড়া বন্ধ থাকা, হিটস্ট্রোক, গুরুতর সংক্রমণ, নির্দিষ্ট ওষুধ বা বিষাক্ত পদার্থ, বিপাকীয় সমস্যা এবং খুব কম ক্ষেত্রে বংশগত পেশির রোগ থেকেও হতে পারে।”
ব্যায়ামজনিত র্যাবডো সাধারণত তখন ঘটে, যখন কোনো ব্যক্তি হঠাৎ করে অস্বাভাবিক কঠিন ও পুনরাবৃত্তিমূলক ব্যায়াম করেন, যাতে বড় পেশিগোষ্ঠী জড়িত থাকে। বিশেষ করে ‘এক্সেন্ট্রিক’ ব্যায়াম, অর্থাৎ যখন পেশি সংকুচিত হওয়ার সময় লম্বা হতে থাকে, তখন ঝুঁকি বেড়ে যেতে পারে। যে ব্যায়াম অপরিচিত বা ব্যক্তির অভ্যস্ততার তুলনায় অনেক বেশি তীব্র, সেখানেও ঝুঁকি বেশি থাকে। উদাহরণ হিসেবে ডা. গ্ল্যাটার উচ্চ-পুনরাবৃত্তির স্কোয়াট, লাঞ্জ, ঢালে দৌড় এবং তীব্র সাইকেলিংয়ের কথা বলেন।
তিনি বলেন, “মূল সমস্যা প্রায়ই এই নয় যে ব্যায়ামটি ‘কঠিন’ ছিল, বরং এর তীব্রতা বা মাত্রা ওই ব্যক্তির পেশি যতটা সহ্য করতে অভ্যস্ত, তার অনেক বেশি ছিল।”
লক্ষণ সম্পর্কে ডা. গ্ল্যাটার বলেন, পেশিতে ব্যথা হতে পারে, যা “সাধারণ ব্যায়ামের পরের ব্যথার তুলনায় অস্বাভাবিকভাবে বেশি।” এ ছাড়া প্রস্রাব গাঢ় রঙের হওয়া, ফোলা, দুর্বলতা এবং আক্রান্ত পেশি নাড়াতে অসুবিধা হতে পারে। অন্যান্য সম্ভাব্য লক্ষণের মধ্যে রয়েছে মাথা ঘোরা, অজ্ঞান হওয়ার অনুভূতি, বিভ্রান্তি, টানা বমি বা সার্বিক অসুস্থতা। তাঁর ভাষায়, “কঠোর ব্যায়ামের পর কেউ যদি গুরুতর বা দ্রুত বাড়তে থাকা পেশি ব্যথা বা ফোলা অনুভব করেন, বিশেষ করে তীব্র দুর্বলতা, গাঢ় প্রস্রাব বা প্রস্রাবের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার সঙ্গে, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।”
তিনি আরও জানান, ব্যায়ামের সময়ই লক্ষণ দেখা দিতে পারে। কোনো ক্রীড়াবিদ হয়তো লক্ষ করেন যে পরিশ্রমের তুলনায় পেশি ব্যথা অস্বাভাবিক, অস্বাভাবিক ভারী বা দুর্বল লাগছে, তীব্র ক্লান্তি হচ্ছে, অথবা সাধারণত সহনীয় গতি বা তীব্রতা ধরে রাখতে পারছেন না। গুরুতর ক্ষেত্রে ক্রীড়াবিদ অজ্ঞান হয়ে পড়তে পারেন, বিভ্রান্ত আচরণ করতে পারেন, কিংবা বমি বমি ভাব, মাথা ঘোরা ও ফোলা দেখা দিতে পারে।
পানিশূন্যতা, অত্যধিক গরম বা আর্দ্রতায় ব্যায়াম, সম্প্রতি ভাইরাল রোগে আক্রান্ত হওয়া, নির্দিষ্ট ওষুধ বা মাদক সেবন এবং সিকল সেলের মতো বংশগত বা বিপাকীয় রোগও ঝুঁকির কারণ হতে পারে।
সম্প্রতি সামাজিক মাধ্য