অল্প বয়সেই চুল সাদা হয়ে যাচ্ছে? জেনে নিন কোন ভিটামিনের অভাব

বয়স বাড়ার সঙ্গে চুল সাদা বা ধূসর হওয়া স্বাভাবিক। তবে অনেকের ক্ষেত্রে ৩০ বছর বয়সের আগেই চুল পাকতে শুরু করে। একে অকালপক্বতা বলা হয়।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

বয়স বাড়ার সঙ্গে চুল সাদা বা ধূসর হওয়া স্বাভাবিক। তবে অনেকের ক্ষেত্রে ৩০ বছর বয়সের আগেই চুল পাকতে শুরু করে। একে অকালপক্বতা বলা হয়। বংশগত কারণ, দীর্ঘদিনের মানসিক চাপ, ধূমপানসহ বিভিন্ন কারণে অল্প বয়সে চুল সাদা হতে পারে। এর পাশাপাশি কিছু ভিটামিন ও খনিজের ঘাটতির সঙ্গেও অকালপক্বতার সম্পর্ক পাওয়া গেছে।

চুলের স্বাভাবিক রং মূলত মেলানিন নামের রঞ্জক পদার্থের ওপর নির্ভর করে। চুলের ফলিকলে থাকা মেলানোসাইট কোষ মেলানিন তৈরি করে। বয়স বা অন্য কোনো কারণে এই রঞ্জকের উৎপাদন কমে গেলে চুল ধীরে ধীরে ধূসর বা সাদা হতে শুরু করে।

ভিটামিন বি১২-এর ঘাটতি

শরীরের রক্তকণিকা ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্রমে ভিটামিন বি১২ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিছু গবেষণায় অল্প বয়সে চুল পাকার সঙ্গে বি১২-এর ঘাটতির সম্পর্ক পাওয়া গেছে।

মাছ, মাংস, ডিম, দুধ ও দুগ্ধজাত খাবার ভিটামিন বি১২-এর ভালো উৎস। তবে শুধু চুল সাদা হওয়ার কারণে শরীরে বি১২-এর ঘাটতি রয়েছে—এমনটা ধরে নেওয়া ঠিক নয়।

আয়রন ও ফেরিটিনের ঘাটতি

চুলের স্বাভাবিক বৃদ্ধি ও স্বাস্থ্যের জন্য আয়রন প্রয়োজন। আর ফেরিটিন শরীরে সঞ্চিত আয়রনের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক। আয়রন বা ফেরিটিনের মাত্রা কমে গেলে চুল পড়াসহ নানা সমস্যা দেখা দিতে পারে।

কম ফেরিটিনের সঙ্গে অকালপক্বতার সম্পর্ক নিয়েও গবেষণা হয়েছে। তবে এটিকে চুল সাদা হওয়ার একমাত্র বা নিশ্চিত কারণ বলা যায় না।

কপারের ঘাটতি

চুলের রং তৈরির প্রক্রিয়ায় কপার গুরুত্বপূর্ণ। মেলানিন তৈরির সঙ্গে যুক্ত একটি এনজাইমের কার্যক্রমে কপারের প্রয়োজন হয়। ফলে শরীরে কপারের ঘাটতি থাকলে চুলের স্বাভাবিক রঞ্জক তৈরির প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে।

জিঙ্কের ঘাটতি

জিঙ্ক শরীরের কোষের বৃদ্ধি, রোগ প্রতিরোধক্ষমতা এবং চুল ও ত্বকের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। এর ঘাটতির সঙ্গে চুলের বিভিন্ন সমস্যার সম্পর্ক রয়েছে। কিছু গবেষণায় অকালপক্বতার সঙ্গেও জিঙ্কের ঘাটতির সম্ভাব্য সম্পর্কের কথা উঠে এসেছে। তবে এ বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

মানসিক চাপেও কি চুল পাকতে পারে?

দীর্ঘদিনের অতিরিক্ত মানসিক চাপ চুলের ওপর প্রভাব ফেলতে পারে। গবেষণায় দেখা গেছে, তীব্র মানসিক চাপ চুলের ফলিকলে রং তৈরির সঙ্গে যুক্ত মেলানোসাইট স্টেম সেলের ওপর প্রভাব ফেলতে পারে। এ ছাড়া শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়লেও চুলের অকালপক্বতার সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে।

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

সাদা চুল দেখা দিলেই শরীরে কোনো নির্দিষ্ট ভিটামিন বা খনিজের ঘাটতি রয়েছে—এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। অকালপক্বতার অন্যতম গুরুত্বপূর্ণ কারণ বংশগত প্রবণতা। পাশাপাশি কিছু শারীরিক সমস্যাও এর সঙ্গে সম্পর্কিত হতে পারে।

তবে অল্প বয়সে হঠাৎ করে অনেক চুল সাদা হতে শুরু করলে, অথবা এর সঙ্গে অতিরিক্ত চুল পড়া, দুর্বলতা, ক্লান্তি কিংবা অন্য কোনো উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

প্রয়োজনে চিকিৎসক ভিটামিন বি১২, আয়রন, ফেরিটিনসহ বিভিন্ন উপাদানের মাত্রা পরীক্ষা করতে বলতে পারেন। পরীক্ষায় কোনো ঘাটতি ধরা পড়লে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাদ্যাভ্যাস পরিবর্তন বা প্রয়োজনীয় সাপ্লিমেন্ট গ্রহণ করা উচিত। নিজের ইচ্ছায় ভিটামিন বা খনিজের সাপ্লিমেন্ট শুরু না করাই ভালো।

পিপল/এনটি


সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ