সবার নায়িকা হতে চান ভাবনা

সিনেমাকেই ক্যারিয়ারের মূল লক্ষ্য করেছেন ভাবনা। পাঁচ সিনেমা মুক্তির অপেক্ষায়, লক্ষ্য এবার সবার নায়িকা হয়ে ওঠা।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

বিনোদন ডেস্ক : ছোট পর্দায় একসময় নিয়মিত অভিনয় করলেও প্রায় ছয় বছর আগে নাটক থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন আশনা হাবীব ভাবনা। সেই সিদ্ধান্তে এখনও অটল তিনি। বর্তমানে সিনেমাকেই নিজের প্রধান কাজের জায়গা হিসেবে বেছে নিয়েছেন এই অভিনেত্রী। একাধিক সিনেমার কাজ ও নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

সম্প্রতি নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন ভাবনা। সিনেমাটির গানের শুটিং শেষ করে কক্সবাজার থেকে ঢাকায় ফিরেছেন তিনি। নতুন সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী জানান, আপাতত শুধু গানের শুটিং শেষ হয়েছে। মূল সিনেমার শুটিং এখনও বাকি। শিগগিরই বাকি অংশের কাজ শুরু হবে। এবার দর্শক তাকে নাচ-গানে ভরপুর একটি চরিত্রে দেখতে পাবেন। তবে প্রযোজনা প্রতিষ্ঠানের নিষেধাজ্ঞার কারণে সিনেমাটি সম্পর্কে বিস্তারিত জানাতে চাননি তিনি।

বর্তমানে ভাবনার হাতে রয়েছে মুক্তির অপেক্ষায় থাকা পাঁচটি সিনেমা। এর মধ্যে সবচেয়ে আগে মুক্তি পাওয়ার কথা ‘যাপিত জীবন’-এর। পাশাপাশি ‘ঢাকা ১২০৫’ সিনেমার ডাবিংয়ের কাজও শিগগির শুরু করবেন তিনি। সিনেমাটির আগের নাম ছিল ‘চারুলতা’। এছাড়া ‘পায়েল’ সিনেমার কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।

সিনেমায় নিজের অবস্থান প্রসঙ্গে ভাবনা বলেন, তিনি শুধু নির্দিষ্ট একটি ঘরানার দর্শকের নায়িকা হয়ে থাকতে চান না। বরং সব ধরনের দর্শকের কাছে নিজেকে একজন পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। আর্টিস্টিক সিনেমার পাশাপাশি কমার্শিয়াল সিনেমাতেও কাজ করছেন তিনি। দীর্ঘমেয়াদি ক্যারিয়ারের জন্য নিজেকে প্রস্তুত করছেন জানিয়ে ভাবনা বলেন, প্রায় সাত বছর ধরে তিনি সংগ্রাম করছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত এই সংগ্রাম চালিয়ে যেতে চান। তার লক্ষ্য, দর্শক যেন তাকে একজন অভিনেত্রী হিসেবে নয়, একজন ‘নায়িকা’ হিসেবেও চিনতে পারেন।

তবে সিনেমাকে ক্যারিয়ারের প্রধান জায়গা হিসেবে বেছে নেওয়ার কারণে আর্থিক দিক থেকেও কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছেন বলে জানান ভাবনা। নাটকে প্রতিদিনের শুটিং শেষে পারিশ্রমিক পাওয়ার সুযোগ থাকলেও সিনেমায় কাজের ধরন ভিন্ন। ফলে নিয়মিত সিনেমায় কাজ করার চেষ্টা করতে গিয়ে আগের মতো প্রতিদিন আয় হচ্ছে না। তার মতে, বর্তমান সময়ে সিনেমায়ও সবার জন্য নিয়মিত কাজের সুযোগ তৈরি হয়নি। তারপরও নিজের পছন্দের জায়গায় কাজ করতে পারায় সন্তুষ্ট তিনি।

অভিনয়ের পাশাপাশি ছবি আঁকা ও লেখালেখিও চালিয়ে যেতে চান ভাবনা। ছোটবেলা থেকেই সিনেমায় অভিনয়ের স্বপ্ন ছিল তার। নাটকে প্রধান চরিত্রে অভিনয় করার সময়ও বড় পর্দায় কাজ করার আকাঙ্ক্ষা ছিল। নানা কারণে এতদিন সেই স্বপ্নকে পুরোপুরি অনুসরণ করতে পারেননি। তবে সময়ের সঙ্গে নিজের ভালো লাগার জায়গায় কাজ করার গুরুত্ব উপলব্ধি করেছেন তিনি।

এখন সিনেমাকে ঘিরেই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সাজাচ্ছেন ভাবনা। দেশের পাশাপাশি বিদেশেও সিনেমার কাজ ও উৎসবকে কেন্দ্র করে ঘুরে বেড়ানোর স্বপ্ন রয়েছে তার। চলতি বছরের শুরুতে ‘কিং ইন দ্য ল্যান্ড অব দ্য প্রিন্সেস’ সিনেমা নিয়ে মস্কো চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন তিনি। সামনে ‘যাপিত জীবন’ সিনেমা নিয়ে কানাডার একটি চলচ্চিত্র উৎসবেও অংশ নেওয়ার প্রস্তুতি রয়েছে এই অভিনেত্রীর।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ