সালমান শাহর মৃত্যু নিয়ে নীরবতা ভাঙলেন শাবনূর

প্রায় ৩০ বছর পর সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর; রিজভীর অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন অভিনেত্রী।

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

বিনোদন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর এ নিয়ে মুখ খুলেছেন তাঁর সহশিল্পী ও চিত্রনায়িকা শাবনূর। সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে রিজভী আহমেদ ওরফে ফরহাদ সালমান শাহর মৃত্যু প্রসঙ্গে শাবনূরের নাম উল্লেখ করে বিভিন্ন অভিযোগ তোলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় সালমান শাহকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাঁর মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—এ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও আইনি প্রক্রিয়া চলছে।

ফেসবুক পোস্টে শাবনূর অভিযোগ করেন, রিজভী আহমেদ বিদ্বেষপূর্ণভাবে দাবি করেছেন যে তিনি সালমান শাহকে ব্ল্যাকমেল করতেন এবং তাঁর আত্মহত্যার জন্য তাঁকে দায়ী করেছেন। শাবনূর এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেন। তিনি প্রশ্ন তোলেন, সালমান শাহর মৃত্যুর পরই যার নাম প্রথম শুনেছেন, সেই ব্যক্তি কীভাবে এবং কোন ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ করছেন।

শাবনূর আরও বলেন, তিনি সালমান শাহ ও তাঁর স্ত্রীর মধ্যে কথা চালাচালি বা কূটনামি করতেন—এমন অভিযোগও সম্পূর্ণ মিথ্যা। চলচ্চিত্র অঙ্গনে তাঁর দীর্ঘ কর্মজীবনে কেউ এমন আচরণের অভিযোগ করেননি বলেও দাবি করেন তিনি।

রিজভী আহমেদকে সালমান শাহর মৃত্যুর ঘটনায় একসময় রাজসাক্ষী হিসেবে উল্লেখ করে শাবনূর তাঁর বক্তব্যের অসঙ্গতিও তুলে ধরেন। তাঁর দাবি, ১৯৯৭ সালের ২৪ জুলাই আদালতে দেওয়া এক জবানবন্দিতে রিজভী সালমান শাহকে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছিলেন। ওই জবানবন্দিতে তিনি ১২ লাখ টাকার বিনিময়ে হত্যার পরিকল্পনার সঙ্গে আরও কয়েকজনের জড়িত থাকার কথা বলেছিলেন বলে শাবনূর উল্লেখ করেন।

শাবনূরের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ ২৯ বছর পর সম্প্রতি দেওয়া দুটি পৃথক সাক্ষাৎকারে রিজভী দাবি করেছেন, সালমান শাহ আত্মহত্যা করেছিলেন এবং এ জন্য তাঁর মা নীলা চৌধুরীকে দায়ী করেছেন। একই সঙ্গে এবারই প্রথম শাবনূরের বিরুদ্ধেও অভিযোগ তোলা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রিজভী আহমেদ কারও প্ররোচনা বা আর্থিক প্রলোভনে পড়ে এমন বক্তব্য দিয়ে থাকতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেছেন শাবনূর। তাঁর দাবি, সালমান শাহর মা নীলা চৌধুরী তাঁর ছেলের মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করে পুনরায় মামলা করার পর কয়েকজনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। মামলার পরিস্থিতি পরিবর্তনের কারণে অভিযুক্তদের কেউ কেউ পালিয়ে বেড়াচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন। তাঁর ধারণা, নিজেদের রক্ষা করা কিংবা প্রকৃত ঘটনা আড়াল করার উদ্দেশ্যে কেউ রিজভীকে এমন বক্তব্য দিতে প্ররোচিত করে থাকতে পারেন।

নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ প্রত্যাখ্যান করে শাবনূর বলেন, সালমান শাহর মৃত্যু বা হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না। সালমান শাহ কীভাবে মারা গেছেন, সে সম্পর্কেও তাঁর কোনো ধারণা নেই বলে জানান তিনি।

সালমান শাহকে নিজের অত্যন্ত প্রিয় সহশিল্পী এবং বড় ভাইয়ের মতো একজন মানুষ হিসেবে উল্লেখ করে শাবনূর বলেন, তাঁর অকালমৃত্যু আজও তাঁকে ব্যথিত করে। তিনি একটি নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সালমান শাহর মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান। একই সঙ্গে ঘটনায় কেউ জড়িত থাকলে তদন্তের মাধ্যমে তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছেন এই অভিনেত্রী।

কেএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ