মেয়ে দুয়ার জন্মদিনে বেবি বাম্পের ছবি প্রকাশ করেছেন দীপিকা পাড়ুকোন। তবে নেটিজেনদের একাংশ তা ভুয়া দাবি করায় লাইক দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
দ্বিতীয়বার মা হওয়ার খবর ঘোষণার কয়েক মাস পর প্রকাশ্যে এসেছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের বেবি বাম্প। তবে তাঁর মাতৃত্বকালীন ছবি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। নেটিজেনদের একাংশ দাবি করেছেন, অভিনেত্রীর বেবি বাম্প নাকি কৃত্রিম।
সম্প্রতি মেয়ে দুয়ার জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে ম্যাটারনিটি ফটোশুটের বেশ কিছু ছবি প্রকাশ করেন দীপিকা। ছবিগুলোতে অভিনেত্রীর মাতৃত্বকালীন লুক নজর কেড়েছে। অনুরাগীদের বড় একটি অংশ ছবিগুলো ভালোবাসায় ভরিয়ে দিলেও কেউ কেউ তাঁর অন্তঃসত্ত্বা হওয়া নিয়েই প্রশ্ন তুলেছেন।
‘বেবি বাম্প কি ভুয়া?’
সামাজিক মাধ্যমে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, দীপিকা সত্যিই অন্তঃসত্ত্বা কি না। এমনকি তাঁর বেবি বাম্পকে ‘ভুয়া’ বলেও মন্তব্য করেছেন কয়েকজন নেটিজেন।
বিষয়টি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি দীপিকা। তবে তাঁর এক অনুরাগী আরশিয়া মুরজানি নিন্দুকদের সমালোচনা করে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন।
পোস্টে তিনি দীপিকার মাতৃত্ব নিয়ে সন্দেহ প্রকাশকারীদের উদ্দেশে বলেন, তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সমাজের এমন দৃষ্টিভঙ্গি অদ্ভুত। দীপিকা নিজের গর্ভাবস্থা নিয়ে মিথ্যা বলছেন না বলেও দাবি করেন তিনি। পাশাপাশি অভিনেত্রীকে এই সময়টি নিজের মতো করে উপভোগ করতে দেওয়ার আহ্বান জানান।
লাইক দিয়েই প্রতিক্রিয়া দীপিকার
আরশিয়ার ওই পোস্টে লাইক দিয়েছেন দীপিকা। তবে সরাসরি কোনো জবাব দেননি অভিনেত্রী।
দীপিকার এই লাইককে তাঁর নীরব প্রতিক্রিয়া হিসেবেই দেখছেন অনেকে। অর্থাৎ মুখে কিছু না বললেও সমর্থকের পোস্টে লাইক দিয়ে নিজের অবস্থান বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী—এমনটাই মনে করছেন তাঁর ভক্তরা।
এর আগে গত ১৯ এপ্রিল সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করে দ্বিতীয়বার মা হওয়ার খবর জানান দীপিকা। ছবিতে তাঁর মেয়ে দুয়ার হাতে একটি প্রেগন্যান্সি টেস্ট কিট দেখা যায়। ক্যাপশনে দুটি ‘ইভিল আই’ ইমোজি ব্যবহার করেছিলেন অভিনেত্রী। ওই পোস্টের মাধ্যমেই দ্বিতীয়বার মা হওয়ার খবর আনুষ্ঠানিকভাবে জানান তিনি।
পিপল/এএইচ












