সম্পর্ক ভাঙার মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। জানালেন, কঠিন সময়ে একাধিকবার নিজেকে শেষ করে দেওয়ার কথাও মনে হয়েছিল।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
বিনোদন ডেস্ক: ব্যক্তিজীবনে একের পর এক সম্পর্ক ভেঙে যাওয়ার অভিজ্ঞতা তাকে মানসিকভাবে গভীরভাবে আঘাত করেছিল বলে জানিয়েছেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এমন কঠিন সময়ে একাধিকবার নিজেকে শেষ করে দেওয়ার কথাও মনে হয়েছিল বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।
‘স্ট্রেট আপ উইথ শ্রী’ পডকাস্টে নিজের জীবনের কঠিন সময়ের কথা বলতে গিয়ে শ্রাবন্তী বলেন, “অনেক সময় মনে হয়েছে, নিজেকে শেষ করে দিই। তারপর ভেবেছি, কেন শেষ করব? একটা ভুল পছন্দের কারণে?”
শ্রাবন্তীর ব্যক্তিজীবন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেন তিনি। দীর্ঘ দাম্পত্যের পর ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়। এই সংসারে তাদের ছেলে অভিমন্যু রয়েছে।
প্রথম বিয়ের বিচ্ছেদের পর একই বছর মডেল কৃষাণের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। তবে এক বছরের মধ্যেই সেই সম্পর্কেরও ইতি ঘটে। এরপর ২০১৯ সালে ফিটনেস ট্রেনার রোশন সিংকে বিয়ে করেন তিনি। শুরুতে সম্পর্ক ভালো থাকলেও পরে দাম্পত্যে টানাপোড়েন দেখা দেয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর ২০২৫ সালের এপ্রিলে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়।
বিয়ে ও বিচ্ছেদকে ঘিরে বিভিন্ন সময়ে নানা আলোচনা ও সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যক্তিজীবন নিয়ে তাকে নানা মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে। তবে এসব বিতর্কের মধ্যেও নিজের পেশাগত জীবনকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন শ্রাবন্তী।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও যুক্ত ছিলেন তিনি। বিজেপিতে যোগ দিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ার পর পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মসূচিতেও তাকে দেখা গেছে। বর্তমানে অভিনয় ও পেশাগত কাজেই নিজের মনোযোগ ধরে রাখতে চান বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
কেএইচ











