সৃজিতের ‘স্থায়ী সঙ্গী’ মন্তব্যে মিথিলার সঙ্গে দাম্পত্য নিয়ে নতুন জল্পনা। তবে বিচ্ছেদ নিয়ে সরাসরি কিছু বলেননি তিনি।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
বিনোদন ডেস্ক: টলিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে আবারও আলোচনায় এসেছে তাঁর ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার দাম্পত্য। পশ্চিমবঙ্গের টকশো ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’-তে নিজের ব্যক্তিজীবন, অতীত সম্পর্ক ও একাকিত্ব নিয়ে কথা বলতে গিয়ে সৃজিত জানান, জীবনের এই পর্যায়ে এসে তিনি একটি ‘স্টেবল পার্টনারশিপ’ বা স্থায়ী সঙ্গীর অভাব অনুভব করছেন। যদিও তিনি সরাসরি মিথিলার নাম উল্লেখ করেননি, তাঁর এই মন্তব্যের পর দুজনের সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
২০১৯ সালে সৃজিত ও মিথিলার বিয়ে হয়। বিয়ের পর বিভিন্ন সময়ে তাঁদের দাম্পত্য নিয়ে নানা আলোচনা ও বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। তবে তাঁদের সম্পর্কের বর্তমান অবস্থান নিয়ে দুজনের পক্ষ থেকেই কোনো স্পষ্ট ঘোষণা পাওয়া যায়নি। ফলে সৃজিতের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।

সাক্ষাৎকারে নিজের অতীত সম্পর্ক নিয়েও খোলামেলা কথা বলেন সৃজিত। স্বস্তিকা মুখোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের ইতি ঘটলেও তাঁদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগ রয়েছে বলে জানান তিনি।
অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে অতীতের ঘনিষ্ঠতা নিয়েও কথা বলেন পরিচালক। সৃজিতের ভাষ্য অনুযায়ী, সব সম্পর্কের নির্দিষ্ট কোনো নাম বা পরিচয় থাকে না। একসময় তাঁরা অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সেই ঘনিষ্ঠতা কমে গেছে। বর্তমানে তাঁরা একে অপরের শুভাকাঙ্ক্ষী বলেও জানান তিনি।
সম্পর্কের পরিবর্তনকে জীবনের যাত্রার সঙ্গে তুলনা করে সৃজিত বলেন, জীবনের পথে অনেক মানুষ কয়েকটি স্টেশন পর্যন্ত একসঙ্গে চলার পর আলাদা হয়ে যান। তাঁর মতে, কেউ কেউ একসময় একটি ট্রেন থেকে নেমে অন্য ট্রেনে উঠে পড়েন।
সৃজিতের এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর ব্যক্তিজীবন ও মিথিলার সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সাক্ষাৎকারে তিনি মিথিলার সঙ্গে বিচ্ছেদ বা দাম্পত্যের ইতি নিয়ে কোনো সরাসরি বক্তব্য দেননি। তাই তাঁর ‘স্থায়ী সঙ্গী’র মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া আলোচনা আপাতত জল্পনার মধ্যেই সীমাবদ্ধ।
কেএইচ











