ক্যাটরিনার বাড়িতে গভীর রাতে রণবীরের গোপন সফর এবং সাংবাদিকদের ক্যামেরা নেওয়ার দাবি ঘিরে সামনে এলো তাদের পুরোনো প্রেমের চাঞ্চল্যকর ঘটনা।

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
বিনোদন ডেস্ক : রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের পুরোনো প্রেমের সম্পর্ক নিয়ে বলিউডে নানা ঘটনা আজও আলোচনায় আসে। এবার তাঁদের সম্পর্কের শুরুর দিকের একটি ঘটনা সামনে এনেছেন ভারতের এক সাবেক সাংবাদিক। তাঁর দাবি, ক্যাটরিনার সঙ্গে গোপনে দেখা করতে গিয়ে সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ায় ক্ষুব্ধ হয়ে তাঁদের ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম নিয়ে নিয়েছিলেন রণবীর।
ঘটনাটি ঘটে রণবীর ও ক্যাটরিনার সম্পর্কের একেবারে শুরুর দিকে, যখন তাঁদের প্রেমের খবর এখনো প্রকাশ্যে আসেনি। ওই সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে রণবীর ক্যাটরিনার বাড়িতে গেছেন—এমন খবর পেয়ে কয়েকজন সাংবাদিক আগে থেকেই সেখানে অবস্থান নেন।
তাঁর দাবি, রাত সাড়ে ১২টার দিকে সাংবাদিকরা ক্যাটরিনার বাড়ির নিচে অপেক্ষা শুরু করেন। প্রায় দেড়টার দিকে রণবীর বাড়ি থেকে বেরিয়ে আসেন। সাংবাদিকদের দেখে তিনি ক্যাপ দিয়ে মুখ আড়াল করে দ্রুত গাড়িতে উঠে চলে যান।
তবে কিছুক্ষণ পরই তিনি আবার সেখানে ফিরে আসেন বলে দাবি ওই সাংবাদিকের। এরপর সাংবাদিকদের গাড়ির দরজা খুলে তাঁদের ক্যামেরার ব্যাগ ও সাউন্ড রেকর্ডিংয়ের সরঞ্জাম নিয়ে নেন রণবীর। সাংবাদিকরা ঘটনাস্থল থেকে সরে যেতে অস্বীকৃতি জানালে শেষ পর্যন্ত সরঞ্জামগুলো ফিরিয়ে দিতে হয় বলে ওই সাংবাদিক দাবি করেন।
কীভাবে তাঁরা রণবীরের ক্যাটরিনার বাড়িতে যাওয়ার খবর পেয়েছিলেন, সেই ঘটনাও জানিয়েছেন সাবেক সাংবাদিকটি। তাঁর ভাষ্য অনুযায়ী, একটি শেষকৃত্যে অংশ নেওয়ার পর রণবীর ও ক্যাটরিনা আলাদাভাবে ক্যাটরিনার বাড়ির দিকে রওনা হন। তাঁদের গতিবিধির খবর পেয়ে সাংবাদিকরা আগেই বাড়ির সামনে গিয়ে অপেক্ষা করছিলেন।
ক্যাটরিনা গাড়ি থেকে নামার সময় সাংবাদিকরা ছবি তুলতে শুরু করেন। বিষয়টি বুঝতে পেরে রণবীর গাড়ির কাচ নামিয়ে তাঁদের দেখতে পান। এরপর পরিস্থিতি সামাল দিতে তিনি এমন আচরণ করেন যেন কেবল ক্যাটরিনাকে বাড়িতে পৌঁছে দিতে এসেছেন।
রণবীর ও ক্যাটরিনার সম্পর্কের শুরু ‘আজব প্রেম কি গজব কাহানি’ সিনেমার শুটিংয়ের সময়। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়। বর্তমানে রণবীর কাপুর অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করেছেন। তাঁদের একটি সন্তান রয়েছে। অন্যদিকে ক্যাটরিনা কাইফ অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিবাহিত।
কেএইচ











