কোপা দো ব্রাজিল থেকে বিদায়ের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। কান্নায় ভেঙে পড়ে ঘরের মাঠের বেহাল অবস্থাকে দুষলেন তিনি...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
কোপা দো ব্রাজিল থেকে বিদায়ের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। কান্নায় ভেঙে পড়ে ঘরের মাঠের বেহাল অবস্থাকে দুষলেন তিনি।
সাঁও পাওলো: কোপা দো ব্রাজিল থেকে বিদায়ের সঙ্গে বড় দুঃসংবাদ পেয়েছে সান্তোস। পালমেইরাসের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রকে। ড্রেসিংরুমে ফেরার পথে চোখের পানি মুছতে দেখা গেছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। পরে নিজের চোটের জন্য ঘরের মাঠ ভিলা বেলমিরোর বেহাল অবস্থাকেই দায়ী করেছেন তিনি।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হেরেছিল সান্তোস। দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ফলে দুই লেগ মিলিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় দলটি। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন নেইমার। বিরতি পর্যন্ত মাঠে থাকলেও দ্বিতীয়ার্ধে আর নামতে পারেননি তিনি। তার চোটের মাত্রা জানতে সপ্তাহের শেষ দিকে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।
ম্যাচে কেবল নেইমারই নন, চোট পেয়েছেন উইঙ্গার আলভারো বারেয়াল ও ডিফেন্ডার লুকাস ভেরিসিমোও। সান্তোসের কোচ কুকা বলেন, "আমরা নেইমার, বারেয়াল ও লুকাসকে হারিয়েছি। এখন দল হিসেবে আমাদের একসঙ্গে থাকতে হবে।"
চোটের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে নেইমার জানান, ম্যাচের আগের দিন মাঠের মাটি আলগা করার কারণে ভিলা বেলমিরোর মাঠ গর্তে ভরে গিয়েছিল, যা তার দেখা সবচেয়ে বাজে মাঠগুলোর একটি। প্রতিপক্ষের পাশাপাশি অসমান মাঠের সঙ্গেও লড়তে হয়েছে বলে জানান তিনি। প্রথমার্ধেই তিন খেলোয়াড়ের চোট পাওয়ার পর মাঠকর্মীদের ব্যঙ্গ করে ‘অভিনন্দন’ জানান নেইমার। চলতি মৌসুমে সান্তোসের হয়ে ২৪ ম্যাচে ৮ গোল করা ৩৪ বছর বয়সী নেইমারের এই চোট দলটির অবনমন এড়ানোর লড়াইকে আরও কঠিন করে তুলতে পারে।
পিপল/এএইচ











