ভারতের বিপক্ষে ইতিহাস গড়তে প্রস্তুত জাপান

ভারতের বিপক্ষে প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জাপান। নেতৃত্বে আছেন কাদাওয়াকি-ফ্লেমিং...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে জাপান। আগামী ২২ সেপ্টেম্বর তোচিগি প্রিফেকচারের সানো আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে দুই দলের ঐতিহাসিক টি-টোয়েন্টি ম্যাচ। ‘সুজুকি কাপ’ নামে পরিচিত এই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জাপান।

কেন্দেল কাদাওয়াকি-ফ্লেমিংকে অধিনায়ক করে ঘোষিত দলে জায়গা পেয়েছেন দেশটির অভিজ্ঞ ও উদীয়মান ক্রিকেটাররা। জাপানের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক কাদাওয়াকি-ফ্লেমিংয়ের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রান ১,৮৭১। ৫৫ ম্যাচে ৩৮.১৮ গড় ও ১৩৯.৪১ স্ট্রাইকরেটে রান করেছেন তিনি। জাপানের একমাত্র ক্রিকেটার হিসেবে তাঁর রয়েছে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি।

২০২৬ মৌসুমের জন্য জুনে নির্বাচকদের ঘোষিত জাতীয় দলের তালিকা থেকে ১২ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন ভারতের বিপক্ষে দলে। বাকি তিনজন এসেছেন জাপানের ‘এ’ দল থেকে—তসুয়োশি তাকাদা, জেক কুসুদা-নেইর্ন ও অ্যালেস্টার কাদাওয়াকি-ফ্লেমিং।

জাপানের হয়ে সর্বোচ্চ টি-টোয়েন্টি খেলা ইবরাহিম তাকাহাশিও আছেন দলে। ৫৬ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তাঁর সংগ্রহ ৬৮৪ রান। অন্যদিকে লাচলান ইয়ামামোতো-লেক ৪২ ইনিংসে করেছেন একটি সেঞ্চুরি। জাপানের ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও তাঁর—১৩৪ রান।

ভারতের বিপক্ষে ম্যাচটি জাপানের জন্য শুধু ঐতিহাসিক অভিষেক নয়, ২০২৬ এশিয়ান গেমসের প্রস্তুতিরও গুরুত্বপূর্ণ অংশ। আইচি-নাগোয়া আয়োজিত এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটের ম্যাচ হবে ২৪ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে।

অন্যদিকে ভারত এশিয়ান গেমসের জন্য শ্রেয়াস আয়ারকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে। ফলে জাপানের বিপক্ষে ম্যাচটি ভারতীয় দলের জন্যও জাপানের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

জাপানের ১৫ সদস্যের দল

কেন্দেল কাদাওয়াকি-ফ্লেমিং (অধিনায়ক), চার্লি হারা-হিনজে, বেঞ্জামিন গোউ-ইতো ডেভিস, কোহেই কুবোতা, ওয়াতারু মিয়াউচি, রেও সাকুরানো-থমাস, ডেকলান সুজুকি-ম্যাককম্ব, শোমা সুগায়া-স্লেটার, আলেকজান্ডার শিরাই-প্যাটমোর, লাচলান ইয়ামামোতো-লেক, মাকোতো তানিয়ামা, ইবরাহিম তাকাহাশি, তসুয়োশি তাকাদা, জেক কুসুদা-নেইর্ন, অ্যালেস্টার কাদাওয়াকি-ফ্লেমিং।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ