আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন লিওনেল মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২১ বছরের ক্যারিয়ারের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। ২০৭ ম্যাচে করেছেন ১২৫ গোল...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দীর্ঘ ২১ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন অধিনায়ক।

মেসি জানান, ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার পরাজয়ের পর থেকেই তিনি অবসরের সিদ্ধান্ত নিয়ে ভাবছিলেন। তিনি জানান, সিদ্ধান্তটি নেওয়া তাঁর জন্য অত্যন্ত কঠিন ছিল, তবে এখনই সরে দাঁড়ানোর উপযুক্ত সময় বলে তিনি মনে করছেন।

আন্তর্জাতিক ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন মেসি। তাঁর নেতৃত্বে ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে বিশ্বকাপ এবং ২০২৪ সালে আবারও কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন তিনি, যদিও শেষ পর্যন্ত স্পেনের কাছে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। নিজের বিদায়ী বার্তায় মেসি বলেন, জাতীয় দলের জার্সির জন্য তিনি সবসময় সর্বস্ব দিয়ে লড়েছেন। দেশের মানুষের মুখে হাসি ফোটানো এবং ফুটবলের মাধ্যমে আর্জেন্টাইন হিসেবে গর্বিত হওয়ার অনুভূতি দেওয়াই ছিল তাঁর অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, জাতীয় দলের হয়ে খেলার প্রতি তাঁর ভালোবাসা সবসময় থাকবে। তবে তাঁর বিশ্বাস, এখন তরুণ খেলোয়াড়দের জন্য জায়গা করে দেওয়ার সময় এসেছে। তিনি জাতীয় দলের সঙ্গে নিজের দীর্ঘ পথচলাকে শান্তি ও গর্বের সঙ্গে বিদায় জানাচ্ছেন বলেও উল্লেখ করেন।

মেসি তাঁর পরিবার, কোচ, সতীর্থ ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। গত ২০ বছরের সমর্থনের জন্য আর্জেন্টিনার সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এখন থেকে মাঠের বাইরে থেকে জাতীয় দলের একজন সমর্থক হিসেবে পাশে থাকবেন।

মেসি আরও জানান, বিশ্বকাপ ফাইনালের দুই দিন পর, ২১ জুলাই তিনি বিদায়ের কথাগুলো লিখেছিলেন। চলতি আগস্টে তাঁর বাবা হোর্হে মেসির মৃত্যুর পর নিজের সিদ্ধান্তের বিষয়ে তিনি আরও নিশ্চিত হয়েছেন।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন মেসি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলছেন।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ