রবার্ট সানচেজের একের পর এক ভুলের পর অ্যাস্টন ভিলা থেকে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্তিনেজকে প্রায় ৭.৫ মিলিয়ন পাউন্ডে দলে ভেড়াতে যাচ্ছে চেলসি...

Photo Collected

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ
রবার্ট সানচেজের একের পর এক ভুলে বিরক্ত চেলসি শেষ পর্যন্ত নতুন গোলরক্ষক আনার সিদ্ধান্ত নিয়েছে। অ্যাস্টন ভিলা থেকে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্তিনেজকে দলে ভেড়াতে প্রায় ৭.৫ মিলিয়ন পাউন্ডে সমঝোতায় পৌঁছেছে লন্ডনের ক্লাবটি।
৩৩ বছর বয়সী মার্তিনেজ দ্রুত লন্ডনে এসে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করবেন বলে জানা গেছে। এরপরই চেলসির সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
গত সোমবার ফুলহামের বিপক্ষে ৩-২ গোলের জয়ের ম্যাচে সানচেজের হতাশাজনক পারফরম্যান্সের পরই চেলসি বোর্ড গোলবারে পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। ম্যাচে জশ কিংয়ের তুলনামূলক সহজ একটি শট সানচেজের হাত ফসকে জালে ঢুকে যায়। দ্বিতীয়ার্ধে বিপজ্জনক জায়গায় বল হারিয়ে গনসালো গার্সিয়াকেও গোলের সুযোগ করে দেন তিনি।
এদিকে চলতি মাসের শুরুতে ইতালিয়ান ক্লাব পারমা থেকে প্রায় ৩০ মিলিয়ন পাউন্ডে জাপানি গোলরক্ষক জায়ন সুজুকিকে দলে ভিড়িয়েছে অ্যাস্টন ভিলা। এরপর থেকেই মার্তিনেজকে ছেড়ে দেওয়ার বিষয়ে আগ্রহী ছিল ইংলিশ ক্লাবটি।এর আগে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসেও যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল মার্তিনেজের। তবে আঙুলের চোট নিয়ে শঙ্কা দেখা দেওয়ায় শেষ পর্যন্ত সেই চুক্তি আর হয়নি। পরে টটেনহাম থেকে গুগলিয়েলমো ভিকারিওকে ধারে দলে নেয় জুভেন্টাস। মার্তিনেজ চেলসিতে যোগ দিলে গোলবারে অভিজ্ঞতা ও নেতৃত্বের পাশাপাশি বড় ম্যাচের চাপ সামলানোর সক্ষমতাও কাজে লাগাতে পারবে ক্লাবটি।
পিপল/এএইচ











