শেষ ওভারের নাটকীয়তায় সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশ

১০১ রানের পুঁজি নিয়েও শেষ ওভারে জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশ এইচপি। শেষ পর্যন্ত ভিক্টোরিয়ার কাছে ১ উইকেটে হেরে সেমিফাইনাল থেকে বিদায়...

News

Photo Collected


অনলাইন ডেস্ক

অনলাইন ডেস্ক, আরটিইউ নিউজ

প্রকাশ:

লিগ পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পর সেমিফাইনালে এসে থেমে গেল বাংলাদেশ এইচপি ইউনিটের যাত্রা। ছয় ম্যাচের পাঁচটিতে জয় নিয়ে ফেভারিট হিসেবে শেষ চারে উঠলেও ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১০১ রানে অলআউট হয়ে শেষ পর্যন্ত ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির কাছে ১ উইকেটে হেরে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে।

১০২ রানের লক্ষ্য তাড়ায় ভিক্টোরিয়া শুরুতে নিয়ন্ত্রণেই ছিল। একপর্যায়ে ৪ উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় ৭৫ রান। তবে এরপর দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। মাত্র ২৪ রানের মধ্যে ভিক্টোরিয়ার আরও চার ব্যাটারকে ফিরিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করেন বাংলাদেশের বোলাররা। শেষ ওভারে জয়ের জন্য ভিক্টোরিয়ার প্রয়োজন ছিল মাত্র ১ রান। অন্যদিকে বাংলাদেশকে ম্যাচ জিততে নিতে হতো দুটি উইকেট। প্রথম বলেই রানআউট হন টড মার্ফি। পরের দুই বলে কোনো রান না হওয়ায় ম্যাচ সুপার ওভারে গড়ানোর সম্ভাবনাও তৈরি হয়।

কিন্তু চতুর্থ বলেই সব নাটকের অবসান ঘটান লিয়াম ব্ল্যাকফোর্ড। কাট শটে পয়েন্ট অঞ্চলের ওপর দিয়ে চার মেরে ভিক্টোরিয়ার জয় নিশ্চিত করেন বাঁহাতি এই ব্যাটার। দুই বল বাকি থাকতেই ১ উইকেটের জয় পেয়ে ফাইনালে চলে যায় ভিক্টোরিয়া।এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ছিল আশাব্যঞ্জক। হাবিবুর রহমান সোহান দ্রুত ফিরে গেলেও জিসান আলম ও আরিফুল ইসলাম আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন। তাদের ব্যাটে পাওয়ার প্লের ছয় ওভারে ৫৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।

তবে সপ্তম ওভার থেকেই ছন্দপতন ঘটে। ওভারের প্রথম বলেই ২০ বলে ৩০ রান করে আউট হন জিসান। তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছক্কা। এর আগে ১০ বলে ১৯ রান করে ফেরেন আরিফুল, তাঁর ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছক্কা। এরপর দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সাব্বির রহমান করেন ৮ বলে ৫ রান। শেষদিকে আব্দুল গাফফার সাকলাইন ১০ এবং আবু হায়দার রনি ১২ রান করে দলকে কোনোমতে তিন অঙ্কের ঘরে পৌঁছে দেন। ভিক্টোরিয়ার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন উইল সাদারল্যান্ড, নেন চার উইকেট।

মাত্র ১০১ রানের পুঁজি নিয়েও বাংলাদেশের বোলাররা ম্যাচে দারুণ লড়াই করেন। বিশেষ করে মোহাম্মদ রুবেলের স্পিন ভিক্টোরিয়ার ব্যাটারদের চাপে ফেলে দেয়। চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিন উইকেট নেন তিনি। এই পারফরম্যান্সে টুর্নামেন্টে তাঁর মোট উইকেটসংখ্যা দাঁড়ায় ২৩।শামীম হোসেনও কার্যকর বোলিং করে ১৮ রান দিয়ে দুটি উইকেট নেন। আবু হায়দার রনি পান একটি উইকেট, খরচ করেন ১৬ রান। তবে ব্যাটারদের ব্যর্থতায় তৈরি হওয়া চাপ শেষ পর্যন্ত বোলাররা সামলাতে পারেননি। শেষ ওভারের রোমাঞ্চকর সমাপ্তিতে ১ উইকেটের হার নিয়ে সেমিফাইনাল থেকেই টুর্নামেন্ট শেষ করতে হলো বাংলাদেশ এইচপি ইউনিটকে।

পিপল/এএইচ

সর্বশেষ সংবাদ

সম্পর্কিত সংবাদ